Tag Archives: শাসনগাছায় স্ট্যান্ড নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ

শাসনগাছায় স্ট্যান্ড নিয়ে হত্যাকান্ডের ঘটনায় ১২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের শাসনগাছা মাইক্রোবাস স্ট্যান্ডের হত্যার ঘটনায় ৩৬ ঘন্টার মধ্যেই ৭ জন আসামীকে গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত ২টি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান  সংবাদ সম্মেলন করে অস্ত্রসহ ৭ জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১৫ মার্চ দুপুরে শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় এক মহিলা যাত্রীর সাথে মাইক্রোবাস ড্রাইভার ও লাইনম্যান এর তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। পরবর্তীতে উক্ত ঘটনাকে কেন্দ্র করে শাসনগাছা মধ্যপাড়া এবং মোল্লা পাড়ার লোকজনের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয় এবং জামিল হাসান অর্ণব নিহত হন। এ ঘটনার প্রেক্ষিতে নিহতের ‘মা ঝর্ণা আক্তার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার নামীয় ২৫ জন এবং অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এই ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে কোতয়ালী মডেল থানার পুলিশ এবং জেলা ডিবি পুলিশ কাজ শুরু করে। ব্যাপকভাবে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ, এলাকাবাসীর বক্তব্য বিশ্লেষণসহ জিজ্ঞাসাবাদ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান পরিচালনা করে তাৎক্ষণিকভাবে উক্ত ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত এজাহারনামীয় আসামী খলিলুর রহমানকে পলায়নকালে শাসনগাছা মোল্লা বাড়ী থেকে গ্রেফতার করে তার বক্তব্য থেকে এজাহারনামীয় আসামী রিয়াজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত ঘটনায় গুলিবর্ষণকারী ফজলে রাব্বিকে পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুরের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ১৭ মার্চ রাত ১ টায় রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। এসময় রাব্বিকে জিজ্ঞাসাবাদে শাসনগাছা মোল্লাবাড়ী সংলগ্ন খলিলুর রহমানের নির্মানাধীন বিল্ডিং এর পূর্ব পার্শ্বে পরিত্যক্ত রান্না ঘরের সিলিংয়ের উপর থেকে দুটি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড লোডকৃত গুলি উদ্ধার করা হয়। অপর আসামী মোঃ সুমনকে উত্তর দূর্গাপুর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার লিপির শাসনগাছার ভাড়াটিয়া বাসা থেকে ভোররাত ৩ টায় গ্রেফতার করা হয়। সুমনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুযায়ী তার দেখানো শাসনগাছাস্থ মোল্লাবাড়ী সংলগ্ন মৃত রশিদ মিয়ার মাটির ঘরের দক্ষিণ পার্শ্বের সীমানা প্রাচীর এবং নুরু মিয়ার নির্মানাধীন ভবনের সীমানা প্রাচীরের মাঝে ফাঁকা জায়গা থেকে দুটি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসামী রাশেদকে বুড়িচং উপজেলার নিমসারের ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আসামী কায়সারকে শাসনগাছা মোল্লা বাড়ী এলাকা থেকে, আসামী সোলেমানকেও মোল্লা বাড়ী এলাকা থেকে গ্রেফতার করে জেলা পুলিশ। উক্ত ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যাবহারকারীসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া আসামিরা হলেন, কুমিল্লা সদরের শাসনগাছা এলাকার মোল্লাবাড়ির খলিলুর রহমানের ছেলে ফজলে রাব্বি (৩০), গর্জনখোলা এলাকার মৃত. রফিক মিয়ার ছেলে মোঃ সুমন (২৮), শাসনগাছা (দক্ষিণ বাড়ী) এলাকার মৃত মনু মিয়ার ছেলে ১১ মামলার আসামি  রাশেদ (৩৮), শাসনগাছা (মোল্লা বাড়ী) এলাকার আনোয়ার মিয়ার ছেলে ৩ মামলার আসামি কাউছার (২০), একই এলাকার মৃত. বাদশা মিয়ার মিয়ার ছেলে খলিলুর রহমান (৬০), একই এলাকার মৃত. হাবিবুর রহমান প্রকাশ হাবু মিয়ার ছেলে  রিয়াজ (২৬) এবং শাসনগাছা (দক্ষিণ বাড়ী) এলাকার মৃত. আবদুর রশিদের ছেলে  সোলেমান (৩৮)।

এদিকে এ সংঘর্ষ ও হত্যাকান্ডের ঘটনায় জড়িত আরো ৫ আসামিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

 

শাসনগাছায় স্ট্যান্ড নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে প্রাণ গেল ছাত্রদল কর্মীর

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের দু গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় জুম্মার নামায শেষে বাড়ি ফেরার পথে অর্ণব নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। গুলিবিদ্ধ হয় দুই গ্রুপের আরো ৪ জন ।

নিহত অর্ণব (৩০) সদরের শাসনগাছা মধ্যমপাড়া এলাকার আজহার মিয়ার ছেলে।নিহত অর্ণব ছাত্রদল কর্মী। সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র। আহতদের মধ্যে নাজমুল,অনিক ও নিশুসহ ৪ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সদস্য।

স্থানীয় একাধিক সূত্র জানায়, শাসনগাছা মধ্যমপাড়া এলাকার আবুল কাশেম বাহিনী ও শাসনগাছা মোল্লা বাড়ির রাব্বি আলাউদ্দিনদের মধ্যে লেগুনা স্টান্ডের দখল নিয়ে সংঘর্ষ হয়। এ সময় ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় নামায পড়ে বাড়ি ফেরার পথে অর্নব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় উভয় গ্রুপের আরো ৪ জন গুলিবিদ্ধ হয়।

স্থানীয় সূত্র আরো জানায়, মধ্যম পাড়ার আবুল কাশেমরা আ’লীগের রাজনীতির সাথে জড়িত। এক সময় তারা এই স্ট্যান্ডের দায়িত্বে ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাদেরকে সরিয়ে আ’লীগের অপর গ্রুপ  মোল্লা বাড়ির রাব্বি-আলাউদ্দিনদের দায়িত্ব দেয়া হয়। সেই থেকে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলমান। আজ আধিপত্য ও টাকা ভাগাভাগি নিয়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। কয়েকজন আহত রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।