জাকির হোসেন হাজারী, দাউদকান্দিঃ
কুমিল্লার দাউদকান্দির মালিগাও ইউনিয়নের সাদামাটা জীবনযাপন করা দুইবারের চেয়ারম্যান মোস্তাক আহমেদ আর নেই।
সোমবার (২০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মালিগাও ৫০শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
মালিগাও হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আল আমিন মিয়াজি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোস্তাক চেয়ারম্যান দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। রাজধানীর শমরীতা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রবিবার রাতে মালিগাও হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় হেলাল মুন্সি জানান, দুইবারের চেয়ারম্যান মোস্তাক আহমেদ একজন সহজ সরল মানুষ ছিলেন। সাদামাটা চলাফেরা করতেন এবং সাধারণ মানুষের সাথেই সাধরাণ পোষাকে চলাফেরা করতেন। তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে মালিগাও ইউনিয়নবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর আগ পর্যন্ত মালিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
এদিকে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার স্বাক্ষরিত শোক বার্তায় মোস্তাক চেয়ারম্যানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানিয়েছেন ।