Tag Archives: সুযোগ

জাতি গঠনের সুযোগ নষ্ট হলে

জাতি গঠনের সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: ড. মুহাম্মদ ইউনূস

জাতি গঠনের সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতি গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন। তিনি সতর্ক করেন যে, এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়ে আছে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার বিপ্লবে সৃষ্ট বাংলাদেশে সবাইকে স্বাগত জানান। তিনি জুলাই-অগাস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর শহীদসহ সকল বীর সেনানীদের স্মরণ করেন, যাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

তিনি উল্লেখ করেন যে, যারা সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন, তাদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন, কেননা তিনি শত কর্মব্যস্ততার মাঝেও নির্বাচনী পর্ষদ উদ্বোধন করতে এসেছেন।

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ অফিসার এবং প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনী ও বিমান বাহিনীর উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন এবং পরিদর্শন বইয়ে তার মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন। পরবর্তী সময়ে তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো পথ খোলা আছে কিনা তা আওয়ামী লীগের কাছে জানতে চেয়েছে সফররত মার্কিন প্রতিনিধি দল। জবাবে ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই।

রাজধানীর বনানীর শেরাটন হোটেলে সোমবার দুপুরে প্রায় তিন ঘণ্টা আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধি দলের বৈঠক হয়। এসময় সরকারের অবস্থান ব্যাখ্যা করেন আওয়ামী লীগ নেতারা। বৈঠক শেষে বিষয়টি গণমাধ্যমকে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি ১২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এখানে আমাদের বৈঠক হয়েছে। তারা পরিস্থিতি জানতে চেয়েছেন, আমাদের অবস্থান জানতে চেয়েছেন। নির্বাচনের পরিবেশ এবং বাস্তব অবস্থা, কোন ভায়োলেন্সের (সংঘাত) আশঙ্কা আছে কিনা এসব বিষয় তারা পর্যবেক্ষণ করছেন।

মার্কিন প্রতিনিধি দল কোনো প্রস্তাব দিয়েছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তারা কোনো প্রস্তাব দেয়নি, আলোচনায় উঠে এসেছে বিএনপির দাবি। তারা কথায় কথায় বলেছেন আপনাদের মধ্যে এখানে কোনো কম্প্রোমাইজের পথ খোলা আছে কিনা। তত্ত্বাবধায়ক সরকার অ্যাডজাস্টমেন্টের কোনো সমাধান খুঁজে পাওয়া যায় কিনা? আমরা বলেছি, সেই পথ বিএনপি ব্লক করে রেখেছে।

মার্কিন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক নিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ, ভবিষ্যত গণতন্ত্র কীভাবে দেখছি এগুলো জানতে চেয়েছেন, আমরা বলেছি।

দেশের ৭০ ভাগ লোক শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এমন কথা প্রতিনিধি দলকে অবগত করা হয়েছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির দাবির মধ্যে তত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এগুলো উঠে এসেছে, আমরা বলেছি সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত।