Tag Archives: অবরোধ

আগামী ১২ ও ১৩ নভেম্বর সর্বাত্মক অবরোধ

ডেস্ক রিপোর্ট:

বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে থাকা দলগুলোকে আগামী ১২ ও ১৩ নভেম্বর (রোববার ও সোমবার) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে এই অবরোধ কর্মসূচি পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

সেই সঙ্গে আগামীকাল ১০ নভেম্বর শুক্রবার বাদ জুমা ২৮ তারিখ থেকে এ পর্যন্ত যে সমস্ত নেতাকর্মী নিহত এবং আহত হয়েছেন এবং আন্দোলনরত যে সমস্ত গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন তাদের জন্য দোয়া মাহফিলের কথা বলেন তিনি।

কর্নেল অলি বলেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকার গণতন্ত্রকে পদদলিত করেছে। ন্যায়বিচার ও মানবাধিকারকে নির্বাসিত করেছে। জনগণকে জানোয়ার হিসেবে আখ্যায়িত করেছে। দেশের অর্থনীতিকে ভয়ংকর পর্যায়ে পৌঁছে দিয়েছে। বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা, গায়েবি মামলা হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। টাকা পাচার অব্যাহত রয়েছে এবং দুর্নীতির উচ্চ শিখরে পৌঁছেছে।

তিনি বলেন, বিএনপির সকল প্রবীণ নেতাদের জেলে আটকিয়ে রেখেছে। অনেকের মিথ্যা মামলায় সাজাও দিয়েছে। এর প্রধান কারণ হচ্ছে এই সকল বিরোধী দলের নেতারা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত। জনগণের মানবাধিকার, অর্থনৈতিক অধিকার, ন্যায়বিচারের অধিকার এবং সর্বোপরি ভোটের অধিকার ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করতে চেষ্টা করছে। মানুষকে এই অবস্থা থেকে মুক্তি দিতে চেষ্টা করছে। এটাই তাদের একমাত্র অপরাধ। নেতারা শুধু তাদের স্বার্থ হাসিল করার জন্যই এই দায়িত্ব গ্রহণ করেনি। তারা ১৮ কোটি মানুষের মুক্তির জন্য, দেশকে প্রকৃত অর্থে স্বেচ্ছাচারমুক্ত করার একটা উদ্যোগ নিয়েছে।

কর্নেল অলি বলেন, দেশের জনগণকে ঠাণ্ডা মাথায় চিন্তা করতে হবে। আজ বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় বিদেশে নির্বাসিত। তাহলে প্রশ্ন হলো দেশকে এইভাবে একদলীয় শাসনের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে নাকি দেশের জনগণকে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতে হবে। দেশকে রক্ষার কাজে নিজকে নিয়োজিত করতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে নিরাপদ করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের অদক্ষতা ও অব্যবস্থার কারণে নিত্যপণ্যের মূল্যের ক্রম বর্ধমান বৃদ্ধির কারণে কৃষক, শ্রমিকসহ শতকরা ৮০ ভাগ গরিব মানুষের জীবন দুর্বিষহ হয়েছে। তারা অস্থিরতায় ভুগছে। অনিশ্চয়তার মধ্যে আছে। দয়া করে তাদের কথা ভাবুন। মেহেরবানি করে বসে থাকবেন না, একবারের জন্য হলেও দেশের ব্যাপারে চিন্তা করুন।

কর্নেল অলি বলেন, যদি আপনারা মনে করেন আমরা সঠিক পথে আছি। তাহলে মেহেরবানি করে কিছু দিনের জন্য গাড়ি বের করবেন না। রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করুন। প্রয়োজনবোধ করলে আমাদের কর্মসূচিতে যোগদান করুন। স্বাধীনতা হুমকির মুখে, চুপচাপ ঘরে বসে থাকার আর সময় নেই। আল্লাহর নিকট আমাদের সকলকে জবাবদিহি করতে হবে। একদিন না একদিন সকলকে মৃত্যুবরণ করতে হবে। সরকারের ভাষায় জানোয়ারের মতো মৃত্যুবরণ করে কি লাভ।

সূত্র: যুগান্তর

তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে সারাদেশে ১৩ স্থানে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট:

তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টার অবরোধে দেশের ১৩টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই পাঁচটি স্থানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় ঢাকাসহ দেশের ১৩টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে পাঁচটি, গাজীপুরে তিনটি, খাগড়াছড়িতে একটি, বগুড়ায় একটি, বরিশাল বিভাগে (গৌরনদী ও বরগুনা) দুটি এবং নোয়াখালীতে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় সাতটি বাস, চারটি কাভার্ডভ্যান, দুটি ট্রাক পুড়ে যায় বলে জানান তিনি।

দেশের জনগণ অবরোধ চায় না, চায় উন্নয়ন: ইঞ্জি. আব্দুস সবুর

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিএনপি-জামাত জনগণের কাছে হেরে গিয়েছে। রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারেনি। বিএনপি-জামাত জ্বালাও পোড়াও বেঁছে নিয়েছে। রাজপথে হেরে গিয়ে চোরা গুপ্তপথে হত্যা ও সন্ত্রাসী কার্যক্রম করছে বিএনপি-জামাত।

বুধবার (৮ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস, নৈরাজ্য-অবরোধের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস)’র নৌকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। ৭ নভেম্বর বিপ্লবের নামে অসংখ্য সামরিক-বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। জিয়াউর রহমানের উত্তরসূরী তারেক রহমান ও একই পথে ক্ষমতায় আসতে চায়।

তিনি আরও বলেন, ১৯৭৫ ও ২০২৩ সাল এক নয়। দেশের জনগণ এখন রাজনৈতিক সচেতন। বাংলাদেশ আওয়ামী লীগ অনেক শক্তিশালী। দেশের জনগণ অবরোধ চায় না, চায় উন্নয়ন। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ বারের মতো ক্ষমতায় আনবে।

বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকারের দেশের চলমান উন্নয়নের কথা তুলে ধরে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, বিশ্বমানের উন্নয়ন হয়েছে বাংলাদেশে। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক চুল্লীসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। ট্রেন দিয়ে কক্সবাজার যাওয়া যায়৷ ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, তৃনমুলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় মনোনয়ন পেলে স্মার্ট দাউদকান্দি তিতাস গড়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

এ সময় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম কেরামত, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান জাহাঙ্গীর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, জেলা আওয়ামী লীগের সদস্য জাকির নেওয়াজ সোহেল, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন আপন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল,সালাউদ্দিন রিপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুভাষ ভৌমিক, মহিলা বিষয়ক সম্পাদক ঝর্ণা আক্তার,দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন,দাউদকান্দি পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার, পৌর যুবলীগের সভাপতি আহসান হাবিব মিলন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফকরুল আলম সরকার, যুগ্ম আহবায়ক মনির হোসেন,সদর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোল্লা আল আমিন,দাউদকান্দি ছাত্রলীগের সভাপতি প্রার্থী রিয়াদসহ দাউদকান্দি উপজেলা,তিতাস উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা লীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

সারা দেশে আরও ৪৮ ঘণ্টার অবরোধ দিলো বিএনপি

ডেস্ক রিপোর্ট:

রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সারা দেশে সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি। এর আগে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার সারা দেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করবে। তবে শনিবার কোনো কর্মসূচি নেই দলটির।

বৃহস্পতিবার জুমে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচি সফলে দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় নির্বাচন কমিশন (ইসি) থেকে চিঠি পাঠানোর বিষয়ে কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজ নির্বাচন কমিশনের চিঠি নিয়ে এসেছে। কিসের সংলাপ, কার জন্য সংলাপ। মহাসচিবসহ সিনিয়র নেতাদের বন্দি করে, ঘরবাড়িতে আক্রমণ করে, গণহারে গ্রেফতার করে কিসের সংলাপ। কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত আটকে রাখা হয়েছে। সুতরাং সংলাপ হচ্ছে লোক দেখানো। সরকারের নির্দেশনায় এই তামাশা করা হচ্ছে। ইসি কী করবে তা আমরা জানি। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যে তালিকা দেওয়া হবে তাদেরকেই নির্বাচিত বলে ঘোষণা করবে ইসি। এ ছাড়া আর কিছুই করাই নেই নির্বাচন কমিশনের।’

তিনি বলেন, ‘যতই গ্রেফতার-হত্যা-নির্যাতন করুন না কেন, জনগণের মাঝে প্রতিবাদী শক্তি জেগে উঠছে। জনগণের বিজয় অনিবার্য।’

অবরোধ কর্মসূচি সফলের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানান বিএনপির এই নেতা। এছাড়াও ন্যায্য দাবিতে শ্রমিক আন্দোলকে সমর্থনের কথাও জানান রিজভী।

গ্রেফতার ও মামলার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘গতকাল (বুধবার) রাত থেরে আজ (বৃহস্পতিবার) দুপুর পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৭২ জনের অধিক নেতাকর্মী। মিথ্যা মামলা হয়েছে ১৬টি।’

রাজধানীতে অবরোধের শেষ দিনেও সড়কে গণপরিবহণ কম

ডেস্ক রিপোর্ট:

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের শেষ দিন আজ। রাজধানীতে গণপরিবহণ কম দেখা গেছে। অবরোধের দ্বিতীয় দিনের তুলনায় বেশি গণপরিবহণ দেখা গেলেও প্রয়োজনের তুলনায় অনেক কম। বাসের জন্য অনেক সময় অপেক্ষা করতে দেখা গেছে অফিসগামী যাত্রীদের। নির্দিষ্ট গন্তব্যে বাস পেতেও সমস্যায় পড়তে হয়েছে অনেককে। ফলে ভোগান্তি দিয়েই সপ্তাহের শেষ কর্মদিবস শুরু হয়েছে নগরবাসীর। এ ছাড়া দূরপাল্লার গাড়িগুলো আজও ঢাকা ছাড়ছে না।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা গেছে। এসব এলাকায় গণপরিবহণ চললেও স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম। আগুন আতঙ্ক থেকেই গাড়ি কম চলছে বলে কয়েকজন বাসচালক জানান।

রামপুরা এলাকায় আন্তঃনগর পরিবহণের বেশ কিছু বাস চলতে দেখা গেছে। তবে বাসের যাত্রী ও স্টাফদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সকাল ৭টার দিকে উত্তরা যাওয়ার জন্য রামপুরায় বাসে উঠেন জাহিদুর রহমান নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘হঠাৎ উত্তরা যাওয়ার জরুরি প্রয়োজন হওয়ায় বাসে উঠলাম। মনে আগুন আতঙ্ক কাজ করছে। সকালে তুলনামূলক পিকেটিং বেশি হওয়ায় এ আতঙ্কটা বেশি কাজ করছে।’

রাইদা পরিবহণের বাসের এক চালক বলেন, ‘আগুন ধরিয়ে দেওয়ায় বাস কম। কারণ একটি বাস পুড়লে অনেক ক্ষতি হয়। তার পরও কেউ কেউ ঝুঁকি নিয়ে বাস চালাচ্ছেন।’

বাড্ডা ফুটওভার ব্রিজের নিচে বাসের জন্য অপেক্ষা করা রেজাউল বলেন, ‘অবরোধে নারীরা সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েছি। প্রায় ২০ মিনিট ধরে বাসের জন্য আছি। এ রুটে এমনিতেই বাস কম। তার ওপর আবার অবরোধ। মাঝেমধ্যে দু-একটি বাস এলেও সেখানে উঠতে পারছি না। মেয়ে মানুষের দাঁড়ানোর জায়গা নেই। একটু ফাঁকা কোনো গাড়ি আসবে সে অপেক্ষায় থাকলেও পাচ্ছি না। কিন্তু অফিসে তো যেতে হবে। বাসে উঠতে না পারলে বিকল্প পথ খুঁজতে হবে।

রিমার মতো সেখানে আরও অনেককেই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে উপায় না পেয়ে মোটরসাইকেল, রিকশা বা সিএনজি অটোরিকশায় যাচ্ছেন।

রাজধানীর কাকরাইল-পল্টন এলাকার অবস্থাও অনেকটা বুধবারের মতোই। ভিক্টর ক্লাসিক, গাজীপুর পরিবহণ, আজমেরীসহ এই রুটে চলা গাড়িগুলো কিছু সময় পর পর সড়কে দেখা যাচ্ছে। মাতুয়াইল এলাকাতেও বলার মতো গণপরিবহণ চোখে পড়েনি।

নগরে কিছু পরিবহণ চললেও দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে না বললেই চলে। সকালে মহাখালী থেকে হাতেগোনা এক-দুটা গাড়ি ঢাকার বাইরে যেতে দেখা গেছে।

টার্মিনালে এনা পরিবহণের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানান, প্রতিদিন অন্তত ১৫টির মতো গাড়ি ময়মনসিংহে গেলেও অবরোধের তিন দিনে চার থেকে পাঁচটি গাড়ি ছেড়েছে।

অবরোধের কারণে আজও অনেকটা ফাঁকা মহাখালীর মূল টার্মিনালের বাইরের এলাকা। নগরে চলা গাড়িও খুব কম দেখা গেছে সড়কে। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়বে এমন প্রত্যাশা পরিবহণ শ্রমিকদের।

মহিদুল ইসলাম নামে একজন বেসরকারি চাকরিজীবী সড়কের কথা জানতে চাইলে বলেন, প্রাইভেট গাড়ি যেগুলো চলছে প্রায় সবই অফিসিয়াল। আর বাস সব ভাঙাড়িগুলো। মিরপুর থেকে মতিঝিল আসলাম কোনো ব্রেক ছাড়া। রাস্তা এখন পর্যন্ত ক্লিয়ারই দেখেছি, পরে কী হবে বলতে পারব না।

দেশব্যাপী তিনদিনের সড়ক-রেল ও নৌপথ অবরোধের ডাক জামায়াতের

ডেস্ক রিপোর্ট:

সরকারবিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আগামীকাল ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে তিন দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ৩০ অক্টোবর এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার পরিবর্তে নেতাকর্মীদের সমাবেশে আসার পথে পথে বাধা দেয়। সমাবেশে আগত নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে এবং বাস, লঞ্চ, ট্রেন থেকে নামার পর গণহারে গ্রেফতার করে। বিরোধী দলের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারগ্যাস, গুলি ও বেধড়ক লাঠিচার্জ করে মহাসমাবেশ পণ্ড করে দেয়। পুলিশের টিয়ারগ্যাস এবং গুলির আঘাতে সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীসহ ৪ জন নিহত এবং কয়েক হাজার নেতাকর্মী আহত হয়েছেন। মহাসমাবেশ ও হরতালকে কেন্দ্র করে গত কয়েক দিনে সারাদেশে জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের প্রায় দুই হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, সরকারের পদত্যাগ, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতার সব রাজবন্দি, আলেম-ওলামার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতিরোধ, ২৮ অক্টোবর বিরোধী দলের মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যা এবং সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আগামীকাল ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করছি।

দেশের বৃহত্তর স্বার্থে ঘোষিত অবরোধের কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।

রেললাইন অবরোধ: ঢাকার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট:

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানী মালিবাগ রেললাইন অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগ রেললাইন অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা।

জানা গেছে, সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণে দাবিতে রেলপথ মন্ত্রী, রেলওয়ে সচিব ও রেলওয়ের কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েও কোন সমাধান পাওয়া যায়নি। তাই অস্থায়ী শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছে।

হাজারো শ্রমিক রেলপথে অবস্থান নেওয়ায় মালিবাগ রেলগেটে আটকা পড়ে ঢাকা থেকে রংপুর যাওয়ার ট্রেন ‘রংপুর এক্সপ্রেস’। যার কারণে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ আপাতত বন্ধ।