Tag Archives: সারাদেশ

তফসিল ঘোষণা ঘিরে সারাদেশে কড়া নিরাপত্তা

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায়। তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এদিকে, বুধবার (১৫ নভেম্বর) ভোর থেকে সারাদেশে শুরু হয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নাশকতা ও বাসে আগুন দেওয়া ঠেকাতে পুলিশের পক্ষ থেকে উড়ানো হবে ড্রোন।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, তফসিল ঘোষণা হলেই নাশকতাকারীরা আরও বাস পুড়িয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চাইবে। নির্দেশদাতাসহ বিরোধীদের গ্রেফতার করতে গেলে পুলিশের বিরুদ্ধে গণহারে গ্রেফতারের অভিযোগ তুলবে। তাই গণগ্রেফতার এড়িয়ে নাশকতার মামলায় সুনির্দিষ্ট আসামি করে তাদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে মাঠ পর্যায়ের সদস্যদের এসব বার্তা দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে দুপুরে তিন ঘণ্টা ধরে অভ্যন্তরীণ এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে অবরোধ-হরতালে পুলিশের ভূমিকা ও তফসিল ঘোষণা পরবর্তী ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে আলোচনা হয়।

গোয়েন্দারা মনে করছেন, তফসিল ঘোষণা পরবর্তী চোরাগোপ্তা হামলা হতে পারে। হামলা রোধে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। তফসিল ঘোষণাকে সামনে রেখে পুলিশকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। সে অনুযায়ী আজ থেকে মাঠে আরও সতর্ক অবস্থানে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানায়, তফসিলের পর এমন চোরাগোপ্তা হামলা আরও বাড়তে পারে। সতর্কতা হিসেবে যে যে সড়কে বেশি আগুন লাগানো হচ্ছে, সেখানে পুলিশের পক্ষ থেকে টহল দল থাকছে। আর সড়কে চলা বাসগুলোতে ক্যামেরা বসানো হবে। পরীক্ষামূলকভাবে রমনা বিভাগ এলাকায় চারটি পয়েন্টে ড্রোন উড়ানোর নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সারাদেশে আনসার সদস্য মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একযোগে কাজ করবে তারা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, আজ বুধবার পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার জানায়, তফসিল ঘোষণা সামনে রেখে ঢাকা শহরের নাগরিকদের ও জানমালের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে গুরুত্বপূর্ণ ও নির্দিষ্ট স্থানে উড়ানো হবে ড্রোন।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তফসিল ঘোষণার সময় কিংবা তফসিল পরবর্তী সময়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে র্যাব। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও সারাদেশের ১৫টি ব্যাটালিয়ন নাশকতা এড়াতে কাজ করে যাচ্ছে। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যাসন্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন জানান, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

১৭ দিনে সারাদেশে ১৩৭ গাড়িতে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট:

গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৭ দিনে সারাদেশে ১৫৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ১৩৭টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া রাজনৈতিক দলের কার্যালয়, পুলিশ বক্স, বাস কাউন্টারেও আগুন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি জানান, সারাদেশে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর ১টি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ৬টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১৩টি, ৭ নভেম্বর ২টি, ৮ নভেম্বর ৯টি, ৯ নভেম্বর ৭টি, ১০ নভেম্বর ২টি, ১১ নভেম্বর ৭টি, ১২ নভেম্বর ৭টি, ১৩ নভেম্বর ৭টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ কর্মকর্তা জানান, গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯৪টি বাস, ৩টি মাইক্রোবাস, ২টি প্রাইভেটকার, ৮টি মোটরসাইকেল, ১৩টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১টি অ্যাম্বুলেন্স, ২টি পিকআপ, ২টি সিএনজি, ১টি নছিমন, ১টি লেগুনা, ফায়ার সার্ভিসের পানিবাহী ১টি গাড়ি, পুলিশের গাড়ি ১টি, বিএনপির ৫টি অফিস, আওয়ামী লীগের ১টি অফিস, পুলিশ বক্স ১টি, কাউন্সিলর অফিস ১টি, বিদ্যুৎ অফিস ২টি, বাস কাউন্টার ১টি এবং ২টি শোরুম, রেলওয়ে শ্রমিক অফিস ১টি, গার্মেন্টসে ১টি, সড়কে টায়ারে আগুনসহ ২টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এতে দেখা যায়, ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গড়ে দিনে ৫টি করে বাস পোড়ানো হয়েছে।

অপরদিকে দেখা গেছে, ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঢাকা সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ২৫টি জেলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ৩৯ জেলায় আগুন দেওয়ার কোনো সংবাদ পায়নি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, দেশের সব বিভাগে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করলেও সিলেট বিভাগে কোনো ঘটনা ঘটেনি। পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিটিতে ৮২টি, ঢাকা বিভাগে ৩৪টি (সিটি বাদে), চট্টগ্রাম বিভাগে ১৪টি, রাজশাহী বিভাগে ৯টি, বরিশাল বিভাগে ৬টি, রংপুর বিভাগে ৬টি, খুলনা বিভাগে ২টি, ময়মনসিংহ বিভাগে ১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গাজীপুর জেলায় সবচেয়ে বেশি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গাজীপুরে ১৫টি, চট্টগ্রামে ৮টি, নারায়ণগঞ্জে ৬টি, বগুড়ায় ৫টি, মানিকগঞ্জে ৪টি, ফরিদপুরে ৪টি, লালমনিরহাটে ৪টি করে অগ্নিসংযোগের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, দিনের বেলা থেকে রাতে (সন্ধ্যা ৬টা-ভোর ৬টা) অগ্নিসংযোগের ঘটনা বেশি ঘটেছে। ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দিনে ৬১টি ও রাতে ৯৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও দেখা যায়, দুর্বৃত্তদের দেওয়া আগুন নেভাতে গিয়ে সারাদেশে ৫ জন আহত হয়েছেন (ফায়ার সার্ভিসের ২ সদস্য ও ৩ জন সাধারণ নাগরিক)। তবে কারও মৃত্যু হয়নি। আহতদের মধ্যে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা ও একজন চালক রয়েছেন। ২৮ অক্টোবর রাজধানীর শাহজাহানপুরে অগ্নিনির্বাপণ করার সময় উচ্ছৃঙ্খল জনতার মারধরের শিকার হোন। এসময় ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে মোতায়েন করা হয়েছে ১৮৯ প্লাটুন বিজিবি।

সোমবার (১৩ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ড-বাই রয়েছে।

বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি ঘিরে গত ২৮ অক্টোবর এবং তার আগে-পরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দেশে। তখন থেকেই পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে রয়েছেন বিজিবি সদস্যরা।

তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে সারাদেশে ১৩ স্থানে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট:

তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টার অবরোধে দেশের ১৩টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই পাঁচটি স্থানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় ঢাকাসহ দেশের ১৩টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে পাঁচটি, গাজীপুরে তিনটি, খাগড়াছড়িতে একটি, বগুড়ায় একটি, বরিশাল বিভাগে (গৌরনদী ও বরগুনা) দুটি এবং নোয়াখালীতে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় সাতটি বাস, চারটি কাভার্ডভ্যান, দুটি ট্রাক পুড়ে যায় বলে জানান তিনি।