Tag Archives: আর্জেন্টিনা

বাতিল করা হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের সুপার ক্লাসিকো ম্যাচ

স্পোর্টস ডেস্কঃ

ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সবার আগে। তবে উভয়ের মধ্যকার বাছাইয়ের একটি ম্যাচ নিয়েই যত সংশয় ছিল। অবশেষে সেটাও দূর হয়ে গেলো ফিফার এক ঘোষণায়। দুই দেশের চাওয়াকে প্রাধান্য দিয়ে বাতিল করা হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের সুপার ক্লাসিকো ম্যাচ।

২০২১ সালের সেপ্টেম্বরে মহামারি করোনার সময় দুই দল ব্রাজিলের সাওপাওলোতে বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়। কিন্তু মাঠে খেলার ৫ মিনিটের সময় আর্জেন্টাইন খেলোয়াড়দের বিরুদ্ধে করোনা নীতিমালা ভঙ্গের অভিযোগ এনে ম্যাচে হস্তক্ষেপ করেন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। ফলে স্থগিত হয়ে যায় ম্যাচটি।

সেই ম্যাচ আয়োজনের জন্য একযোগে চাপ দিচ্ছিল ফিফা ও কনমেবল। তবে সেই চাপ উপেক্ষা করে ব্রাজিল আর আর্জেন্টিনা ম্যাচটা বাতিলের চেষ্টা করছিল। সেই চেষ্টা সফলতার মুখ দেখছে অবশেষে।

মঙ্গলবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে মিটেছে ঝামেলা। তাই পণ্ড হয়ে যাওয়া ম্যাচটি আর হবে না নতুন করে।

গত ফেব্রুয়ারিতে ফিফা জানিয়েছিল দুই দলকেই ম্যাচটি খেলতে হবে। ব্রাজিল আর আর্জেন্টিনাকে জরিমানাও করেছিল বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এর পরই দুই সংস্থা দ্বারস্থ হয় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। কারণ, বিশ্বকাপের মাত্র দুই মাস আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াইয়ে ব্রাজিল কোচ তিতে ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি চোট ও কার্ডজনিত নিষেধাজ্ঞার আশঙ্কা করছিলেন। শেষ পর্যন্ত তিন পক্ষ একমত হতে পেরেছে।

আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ‘সি’ গ্রুপে থাকা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো। ‘জি’ গ্রুপে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষরা হলো সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে ম্যাচ বাতিল হলেও সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বসে থাকবে না দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দুর্দান্ত গোল করে কিংবদন্তি ম্যারাডোনাকে শ্রদ্ধা জানালেন মেসি

 

ডেস্ক রিপোর্ট:
ফুটবল ইতিহাসের কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনার বিদায়ে তাঁকে স্মরণ করতে আজ সেই নিওয়েলসের স্মৃতিকেই টেনে আনলেন বর্তমান সময়ের সেরা তারকা মেসি । ওসাসুনার বিপক্ষে দুর্দান্ত একটি গোল করে বার্সেলোনার জার্সি খুলেছেন, দেখিয়েছেন গায়ে চাপানো নিওয়েলসের জার্সিটা। যে জার্সি পরে তাঁর প্রিয় ক্লাবে খেলতেন ম্যারাডোনা। হয়তো মেসি আগেই পরিকল্পনা করে বার্সার জার্সির নিচে নিওয়েলসের জার্সিটা পড়ে এসেছিলেন। চোখ ধাধানো একটি গোল করবেন তারপর নিউয়েলসের জার্সিতে ফুটবল লিজেন্ডকে স্মরণ করবেন। মেসি আজ মাঠে তা করেই দেখালেন।

একসময় তাঁকে ‘নতুন ম্যারাডোনা’ ডাকা হতো। সে পরিচয় থেকে বেরিয়ে এসে লিওনেল মেসি নামটাই ফুটবল ইতিহাসে জায়গা করিয়ে নিয়েছেন। তবে দুজনের মধ্যে তুলনা তবু থামেনি। ২০১০ বিশ্বকাপের সুবাদে গুরু-শিষ্য রূপেও দেখা গেছে তাঁদের। ডিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে তাই অনন্য কিছুই করে দেখানোর চিন্তা করেছিলেন মেসি। আজ ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলে জেতার পথে বার্সেলোনার জার্সিতে সেটাই করেছেন মেসি।

দুজনের পথ একটুর জন্য এক হয়নি। নিজের সেরা সময়টা ফেলে আসা ম্যারাডোনা ইউরোপ পর্ব শেষ করে আর্জেন্টিনায় ফিরেছিলেন ১৯৯৩ সালে। ফিরে যোগ দিয়েছিলেন নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে। ১৯৯৪ পর্যন্ত খেলেছেন এই ক্লাবের হয়েই। আর সাত বছরের মেসির নিওয়েলসে যোগ দেওয়া ১৯৯৪ সালে! সে ক্লাবে সাত বছর কাটিয়ে তবেই বার্সেলোনায় এসেছেন। কিংবদন্তির বিদায়ে তাঁকে স্মরণ করতে আজ সেই নিওয়েলসের স্মৃতিকেই টেনে এনেছেন। ওসাসুনার বিপক্ষে গোল করে বার্সেলোনার জার্সি খুলেছেন, দেখিয়েছেন গায়ে চাপানো নিওয়েলসের জার্সিটা। যে জার্সি পরে তাঁর প্রিয় ক্লাবে খেলতেন ম্যারাডোনা।

আজ ম্যারাডোনাকে গোল উৎসর্গ করবেন, সেটা মাথায় রেখেই নেমেছিলেন মেসি। খেলেছেনও দারুণ। কিন্তু কোনোভাবেই গোলের দেখা পাচ্ছিলেন না। ম্যাচের শুরুতেই কুতিনিও গোল পেয়ে গিয়েছিলেন প্রায়। কিন্তু গোললাইন থেকে ফিরিয়ে দেন ওসাসুনার এক ডিফেন্ডার। তবু প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যেতে সমস্যা হয়নি বার্সেলোনার। একের পর এক আক্রমণ যখন ব্যর্থ হচ্ছিল, তখনই ২৯ মিনিটে আচমকা গোল পেয়েছেন মার্টিন ব্রাথওয়েট। ৪২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে আচমকা এক শট নিয়ে ওসাসুনার রক্ষণকে স্তব্ধ করে দেন আঁতোয়ান গ্রিজমান।

৫৭ মিনিটে দুঃখ ঘুচে যায় কুতিনিওর। গ্রিজমানের পাস থেকে গোল করে ফেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও। কিন্তু মেসিই শুধু গোলের দেখা পাচ্ছিলেন না। কয়েকটি ফ্রি কিক থেকেও চেষ্টা করছিলেন, হচ্ছিল না। ৭০ মিনিটে তো বদলি নামা ডেমবেলেও গোল পেয়ে যান। যদিও ভিএআর সে গোল বাতিল করে দেয়। ৭৩ মিনিটেই এসেছে সে মুহূর্ত। ত্রিনকাওর কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের ওপর ডিফেন্ডারদের কাটিয়ে যে শট নিয়েছেন, তা ঠেকানো সম্ভব ছিল না। এরপরই বার্সেলোনার জার্সিটা খুলেছেন। দেখিয়েছেন ‘১০ নম্বর’ জার্সিসংবলিত নিওয়েলসের জার্সি।

ম্যারাডোনাকে সম্মান জানিয়ে এভাবে উদ্‌যাপনে সবার মন ভরে উঠলেও নিয়ম থেকে সরে আসতে পারেননি রেফারি। জার্সি খুলে উদ্‌যাপন করায় হলুদ কার্ড দেখানো হয়েছে তাঁকে। অবশ্য এ নিয়ে কেউ ভাবতে যায়নি। ম্যাচ শেষে কুতিনিওর কথাতেই সেটা টের পাওয়া গেছে, ‘বিশ্বের এক নায়ককে হারিয়েছি আমরা। পুরো ফুটবল বিশ্ব তাঁকে সম্মান করত এবং তাঁর অভাব টের পাবে। দারুণ শ্রদ্ধা প্রকাশ ছিল এটা।’

ম্যারাডোনার মৃত্যু: যেসব প্রশ্নের উত্তর এখনো অজানা

 

স্পোর্টস ডেস্কঃ

ফুটবল ঈশ্বর ম্যারাডোনার শোকে কাঁদছে পুরো পৃথিবী। শোক, শ্রদ্ধা, ভালোবাসায় বৃহস্পতিবার সন্ধ্যায় বুয়েনাস আয়ার্সের অদূরে বেলা ভিস্তা সমাধিস্থলে মা-বাবার পাশেই সমাহিত করা হয়েছে দিয়েগো ম্যারাডোনাকে। তবে এর মধ্যেই কিছু বিষয় নিয়ে মানুষের মনে প্রশ্ন জেগেছে। আর্জেন্টিনার প্রভাবশালী দৈনিক ‘টিওয়াইসি স্পোর্টস’ সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছে। খোঁজার চেষ্টা করেছে প্রশ্নগুলোর সম্ভাব্য সমাধান। সাম্প্রতিক সময়ে ম্যারাডোনার চিকিৎসায় কোনো গলদ ছিল কিনা, তার সম্পদের উত্তরাধিকারী কারা হবেন, তিনি যে ক্লাবের কোচ ছিলেন সেই জিমনেশিয়ার ভবিষ্যৎ কী হবে- এসব বিষয়ে আলোকপাত করেছে আর্জেন্টাইন দৈনিকটি

*বাড়িতে কি পুনর্বাসন করছিলেন?

টেলেফের সঙ্গে সাক্ষাৎকারে চেহে বলেন, ‘অতি সতর্কতার সঙ্গে বিশ্নেষণ ও ক্লিনিক্যাল চেকআপের সুবিধা নেই এমন জায়গায় মস্তিস্কের অস্ত্রোপচার হওয়া উচিত নয়।’ তাকে সারিয়ে তোলার জন্য কেমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল, সেটাও ব্যাখ্যা করেছেন এই চিকিৎসক, ‘তাকে একটা ভিন্ন অবকাঠামোতে রাখা উচিত ছিল। অনেকটা তাকে আমরা কিউবাতে নিয়ে যাওয়ার পর যে পরিবেশে রাখা হয়েছিল।’

*বুধবার সকালে (যখন মৃত্যুবরণ করেন) কী হয়েছিল?

ম্যারাডোনার বন্ধু ও আইনজীবী ম্যাথিয়াস মোরলা আঙুল তুলেছেন তার দেখাশোনার দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের দিকে, ‘এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে, ১২ ঘণ্টা ধরে আমার বন্ধুর কোনো চেকআপ হয়নি বা চিকিৎসা পাননি।’ তিনি আরও যোগ করেন, অ্যাম্বুলেন্স আসতে আধঘণ্টা দেরি করেছে।

*উত্তরাধিকারের কী হবে?

ম্যারাডোনার মৃত্যুতে পাদপ্রদীপের আলোয় চলে এসেছেন তার পাঁচ সন্তান দালমা, জিয়ানিন্না, দিয়েগো জুনিয়র, দিয়েগুইতো ফার্নান্দো ও জানা। বুয়েনাস আয়ার্স থেকে দুবাই পর্যন্ত থাকা ম্যারাডোনার সম্পত্তির অধিকাংশই ব্যক্তিগত (বাড়ি, গাড়ি, অলংকার)। এ ছাড়া আর্জেন্টিনাসহ তিনি বিশ্বের যেসব জায়গায় কাজ করেছেন এবং বসবাস করেছেন সেসব জায়গায় তার বড় বড় বিনিয়োগ রয়েছে। এই সম্পদ কি পাঁচ স্বীকৃত সন্তান পাবে? নাকি আরও অংশীদার রয়েছে?

*জিমনেশিয়া ডে লা প্লাটার টেকনিক্যাল ডিরেক্টর কে হবেন?

২০১৯ সালের সেপ্টেম্বরে ম্যারাডোনার হাত ধরেই জিমনেশিয়ায় এসেছিলেন সেবাস্তিয়ান মেন্দেজ। ম্যারাডোনার মৃত্যুর পর খেলোয়াড় ও ক্লাব কর্তাদের পূর্ণ সমর্থন সত্ত্বেও পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তার কাছে ম্যারাডোনাই ছিলেন সব। এ জুটির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মারিয়ানো মেসেরা ও লিওনার্দো মার্তিনি।

*ভক্তরা কোথায় শ্রদ্ধা জানাবেন?

অনেকটা হুট করেই মৃত্যুবরণ করেছেন ম্যারাডোনা। কোথায় তাকে সমাহিত করা হবে সে বিষয়ে কোনো কিছুই বলে যাননি তিনি। যে কারণে পারিবারিক সিদ্ধান্তে বুয়েনাস আয়ার্সের অদূরে বেলা ভিস্তা মিসেট্রিতে মা-বাবার পাশে সমাহিত করা হয়েছে ম্যারাডোনাকে। এটা সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা। এখানে সাধারণ জনগণের প্রবেশের কোনো সুযোগ নেই। তাহলে ম্যারাডোনাকে ভক্তরা কোথায় শ্রদ্ধা জানাবেন?

*মৃত্যুর পর কী কী শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা হয়েছে?

ম্যারাডোনার মৃত্যুর পর জাতীয় শোকের অংশ হিসেবে শুক্রবার পর্যন্ত বন্ধ ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। শনিবার থেকে তারা স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে। সব মাঠেই তাকে বিপুল শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হবে বলে আশা করা যাচ্ছে। তবে এই ক’দিন যেভাবে পুরো দেশবাসী তার জন্য উদ্বেল হয়ে উঠেছিল, তাতে ধারণা করা হচ্ছে মাঠ ছাড়িয়ে এই শ্রদ্ধা সর্বত্র ছড়িয়ে পড়বে। উদাহরণস্বরূপ বলা যায়, মাঠ, রাস্তা, বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা তার নামকরণ হতে পারে। এরই মধ্যে ইতালির ন্যাপলসে ‘সান পাওলো’ স্টেডিয়ামের নাম পাল্টে দিয়েগো আরমান্ডো ম্যারাডোনার নামে করার ঘোষণা দিয়েছে ন্যাপোলি কর্তৃপক্ষ।

শেষবারের মতো কী বলে গিয়েছিলেন ম্যারাডোনা

 

স্পোর্টস ডেস্কঃ

নভেম্বরের প্রথম সপ্তাহে মস্তিষ্কে রক্ত জমাট বেধে যাওয়ায় বুয়েন্স আয়ার্সের একটি হাসাপতালে ভর্তি করতে হয় তাকে। করাতে হয় অস্ত্রোপচার। জটিল অস্ত্রোপচার; কিন্তু দিয়েগো ম্যারাডোনা এই জটিল চিকিৎসায় পার পেয়ে যান। খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। যদিও তাকে মাদকাসক্তির কারণে নিতে হয় পূনর্বাসন কেন্দ্রে।

১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান পূনর্বাসন কেন্দ্রে। সেখান থেকে তিগ্রেতে বয় মেয়ের কাছে চলে যান ম্যারাডোনা। শেষ পর্যন্ত একই এলাকায় নিজের বাড়িতেই অবস্থান করছিলেন আর্জেন্টাইন ফুটবল রাজপূত্র।

বুধবার স্থানীয় সময় বিকেলে হঠাৎই বুকে ব্যথা শুরু হয় ম্যারাডোনার। এ সময় তীব্র যন্ত্রনার কারণে পাশে উপস্থিত থাকা এক প্রতিবেশিকে শেষবারের মত শুধু বলতে পেরেছিলেন, ‘আমি খুব অসুস্থ অনুভব করছি।’ এটাই ছিল ম্যারাডোনার মুখ থেকে বের হওয়া জীবনের শেষ কথা।

হাসাপাতালে নেয়ারও সুযোগ মিললো না এরপর। মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই কিংবদন্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। ১৯৮৬ বিশ্বকাপ বিজয়ী এই কিংবদন্তি যাত্রা করলেন অনন্তকালের পথে।

বুধবার সকালের নাস্তার পর ম্যারাডোনা তার প্রতিবেশিকে বলেছিলেন, খুব ঠাণ্ডা অনুভব করছেন শরীরে। এ সময় তাকে নাকি খুব ফ্যাকশে দেখা যাচ্ছিল। এরপর নিজের বিছানার দিকে এগিয়ে যাচ্ছিলেন আর সেই প্রতিবেশিকে বলছিলেন, ‘মি সিয়েন্টো মাল (আমার শরীরটা খুব খারাপ লাগছে)।’

বিকেলের একটু আগেই একজন পরিচারিকা দেখেন ম্যারাডোনা বিছানায় নির্জিব হয়ে পড়ে আছেন। তিনি খুব দ্রুত ফোন করেন হাসপাতালে। কিন্তু হাসপাতালের ডাক্তাররা ম্যারাডোনার বাসায় পৌঁছার আগেই পরাপারে পাড়ি জমালেন এই ফুটবল কিংবদন্তি।

ফুটবলের জাদুকর ম্যারাডোনা আর নেই

স্পোর্টস ডেস্ক:

শতাব্দির সেরা খেলোয়াড় , ফুটবল ঈশ্বর ,আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা আজ নিজ বাসায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। এর আগে বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তি।

তিগ্রে-তে নিজ বাসায় মারা যান ম্যারাডোনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। বুয়েনস এইরেসের হাসপাতালে তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত (ক্লট) অপসারণ করা হয়েছিল। তখন মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা। তাঁকে পুনর্বাসনের জন্য তাঁকে নেওয়া হয়েছিল তিগ্রে-র একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, আজ স্থানীয় সময় বিকেলে হার্ট অ্যাটাকের শিকার হন। এই অসুস্থতা থেকে আর বেঁচে ফিরতে পারেননি কিংবদন্তি। এ ছাড়া সংবাদমাধ্যম ‘ক্লারিন’ও নিশ্চিত করেছে ম্যারাডোনার মৃত্যুর খবর। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একাই শিরোপা জেতানো ছাড়াও ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে স্মরণীয় মৌসুম উপহার দিয়েছেন ম্যারাডোনা। নাপোলিকে দুবার সিরি ‘আ’ ও উয়েফা কাপ জিতিয়েছেন ম্যারাডোনা।