Tag Archives: ইউনিয়নের

চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই: গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি স্লুইজ গেইট এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. করিম (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকা সন্দেহে জসিম উদ্দিন পারভেজ (২৮) ও আক্তার হোসেন (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, হাতিয়ার হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামের আবদুর রহমানের ছেলে জসিম উদ্দিন পারভেজ ও নবীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আক্তার হোসেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে গ্রেফতার আসামিদের বিচারিক আদালতে পাঠানো হয়। এর আগে,গতকাল বুধবার দিনগত রাতে হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত নিহত করিমের মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত ১২টার দিকে চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার থেকে চেয়ারম্যান ঘাট যাওয়ার জন্য অজ্ঞাত দুই ব্যক্তি করিমের মোটরসাইকেলটি ভাড়া করে। সে হিসেবে দুই যাত্রীকে মোটরসাইকেলে নিয়ে প্রকল্প বাজারের সাহাব উদ্দিনের হোটেলের সামনে থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা করে করিম। পরদিন সোমবার সকালে স্থানীয় লোকজন সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি স্লুইজ গেইট সংলগ্ন খালের ভিতর গলায় গামছা পেঁচানো অবস্থায় করিমের মৃতদেহ দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে বা আশপাশের কোথাও তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি। স্থানীয় এবং নিহতে পরিবারের লোকজনের ধারণা ছিল, দূর্বৃত্তরা করিমকে শ্বাসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।

নোয়াখালীর এসপি মো.শহীদুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালক করিম হত্যার ঘটনায় তার ভাই সাখওয়াত হোসেন বাদী হয়ে অজ্ঞাত একাধিক আসামির বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলার তদন্তে পারভেজ ও আক্তার এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত বলে জানায়।

নোয়াখালীর সুবর্ণচরে পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি স্লুইজ গেইট এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. করিম (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকা সন্দেহে জসিম উদ্দিন পারভেজ (২৮) ও আক্তার হোসেন (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাছের প্রজেক্ট থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে জালাল আহমেদ (৪২) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া এলাকার স্বরাজ চৌধুরী মাছের প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জালাল ওই ইউনিয়নের কাপড়চতলি গ্রামের আবদুর রহমানের ছেলে। এর আগে, গত শুক্রবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

জালাল আহমেদের স্ত্রী রোমানা বেগম বলেন, ‘প্রতিদিনের মতো গতকাল সকালে নাস্তা খেয়ে কাজের উদ্দেশে বের হন। ওইদিন রাতেও বাড়িতে না আসায় আমরা চিন্তিত হয়ে পড়ি। আত্মীয়-স্বজনের বাড়িতে খবর নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজন নিখোঁজ হওয়ার খবরটি পোস্ট করা হয়। আজ সকালে লোক মারফতে জানতে পারি স্বরাজ চৌধুরী মাছের প্রজেক্টের পাশে পানিতে একটি লাশ ভাসতেছে। পরে পরিবারের লোকজন গিয়ে তার লাশটি শনাক্ত করি।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘জালালের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং হাতের মুষ্ঠিতে কিছু কচুরলতি ছিল। কোনো অভিযোগ না থাকায় জালাল আহমেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বাঙ্গরায় ৮০ কেজি গাজাসহ তিনজন আটক

স্টাফ রিপোর্টার :

৮০ কেজি গাঁজা ও ২টি সিএনজি অটোরিক্সাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংগরা থানা পুলিশ।

৫ জুলাই রাতে বাঙ্গরা বাজার থানা পুলিশ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আন্দিকুট ইউনিয়নের পাক দেওড়া দক্ষিণ পাড়ার জুুজু মিয়া বসতঘরের পূর্ব পাশে দেওড়াগামী কাঁচা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করে একই সাথে পৃথক পৃথক দুটি সিএনজি অটোরিকশা আটকে তল্লাশি করে উক্ত সিএনজি অটোরিকশা হতে মোট ৮০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

আটক হওয়া দুইজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ৯ নং ওয়ার্ডের কামালপুর গ্রামের মোহাম্মদ রফিক সরকারের ছেলে মোঃ সোহেল মিয়া(২২) এবং কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া@ সিজান আহাম্মদ(৩০) ও হাসান আলীর ছেলে আবু কক্কর ছিদ্দিক লিপু(২৪)।

পরবর্তীতে আটককৃত গাঁজাসহ দুইটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

এই ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাজিরটেক এলাকার আব্দুর রশিদের মেয়ে হাবিবা আক্তার (৮) ও হাফেজ আলমগীরের মেয়ে হুমাইরা (৭)। তারা দুজনই হাজিরটেক কওমী মাদরাসার শিক্ষার্থী ছিল। সেইসঙ্গে তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারীতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

স্থানীয়রা জানান, মাদরাসা ছুটির পর তারা বাড়ি ফিরছিল। পথে মাদরাসার পাশের নদীতে তারা গোসল করতে নামে। এ সময় হুমাইরা ডুবে গেলে সঙ্গে থাকা হাবিবা তাকে তুলতে যায়। এতে তারা দুজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ পর এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। অভিভাবকদের এ বিষয়ে সচেতন হওয়া উচিত।

নোয়াখালীতে গণপিটুনিতে আহত হত্যা মামলার প্রধান আসামির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ব্যবসায়ী দুলাল চন্দ্র দাস (৫৫) হত্যা মামলার প্রধান আসামি বাদশা (২৮) গণপিটুনির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, শনিবার (২৪ জুন) ভোরে নিজ বাড়ি থেকে মায়ের সাথে দেখা করে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

তিনি বলেন, এ ঘটনায় আবদুর রব আবুল (৪০) নামের আরও এক আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। গ্রেফতার বাদশা রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর পলাতক বাদশা গত শনিবার ভোরে তার বাড়িতে আসেন। পরে বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

উল্লেখ্য, গত ১০ জুন সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ বেগমগঞ্জ রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রাম থেকে মাছ ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দুলাল চন্দ্র দাস একই গ্রামের পরেশ চন্দ্রা দাসের ছেলে। এর আগের দিন রাতের কোনো এক সময় ওই গ্রামের একটি পুকুর পাড়ে চেয়ারে বসা অবস্থায় দুলালকে গলাকেটে হত্যা করা হয়।