Tag Archives: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবিতে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘ক্যাম্পাস সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে অনলাইন প্ল্যাটফর্ম জুমে ৩ ঘন্টাব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার ১ম সেশনে ‘ক্যাম্পাস সাংবাদিকতার ধারণা ও কৌশল’ নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক ও দ্যা ডেইলি ক্যাম্পাসের সম্পাদক মাহবুব রনি। তিনি বলেন, একজন রিপোর্টারের দু’টি গুণ থাকতে হয়। একটি হচ্ছে শিকারীর চরিত্র। আরেকটি হচ্ছে চাষীর চরিত্র। একজন ক্যাম্পাস সাংবাদিকের উপর বিশ্ববিদ্যালয়ের অনেককিছু নির্ভর করে। বিশ্ববিদ্যালয়ের কাছে সাংবাদিকরা দায়বদ্ধ থাকেন। তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অনিয়মিত সাংবাদিকতা ভালো কিছু বয়ে আনে না। ক্যাম্পাস রিপোর্টিং এর অনেক বড় একটি পাওয়া হচ্ছে, ছাত্রাবস্থায়ই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে অনেক ভালো ভালো জায়গায় পরিচিতি বা নেটওয়ার্ক তৈরি হয়। এটা অনেক বড় পাওয়া।

২য় সেশনে ‘পেশা হিসেবে সাংবাদিকতা ও প্রস্তুতি’ বিষয়ক আলোচনা করেন ডয়েচে ভেলে’র বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন। তিনি বলেন, পৃথিবীর প্রতিটি পেশা একটি অপরটির পরিপূরক। কাজেই আপনাকে চিন্তা করতে হবে যোগ্যতা বিচারে আপনি কতটুকু দক্ষ। আর সততা একটি অমূল্য সম্পদ। আপনি যদি সততার সাথে ছোট কোন কাজও করেন সেটি আপনাকে পরিপূর্ণতা প্রদান করবে। কাজেই যারা সাংবাদিকতা করবেন তাদেরকে অবশ্যই সাংবাদিকতায় মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি যুগোপযোগী চাহিদা বিবেচনায় প্রযুক্তির ব্যাবহারে সচেষ্ট হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এসময় তিনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে যারা দেশবাসীর সামনে রিপ্রেজেন্ট করে তাদেরকে নিয়ে প্রশিক্ষণমূলক এমন আয়োজন সত্যিই ভালো লাগার। আমি গণমাধ্যম কর্মীদের কাছে আহ্বান করব আপনারা বিশ্ববিদ্যালয়ের অসামঞ্জস্য বিষয়গুলো আমাদের সামনে নিষ্ঠার সাথে তুলে ধরবেন। স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং করার দায়িত্ব সাংবাদিকদের। বিশ্ববিদ্যালয়কে দেশ ও বিশ্বের কাছে তুলে ধরতে হবে।’

উদ্বোধনী সেশনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘শিক্ষাজীবন পরিপূর্ণতা পাওয়ার আগে সাংবাদিকতা একজন শিক্ষার্থীকে দায়িত্বশীল করে তুলে। বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে কাজ করে। সাংবাদিকরা সুন্দর সুন্দর গল্প তৈরী করে থাকেন। আমি আশা করবো, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা।’

এসময় কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব। এছাড়া উপস্তিত ছিলেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক ও সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লবসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

১৩ জুন থেকে কুবিতে চূড়ান্ত পরীক্ষা শুরু

শাহাদাত বিপ্লব, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা আগামী ১৩ জুন থেকে সশরীরে শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে শুরু হওয়া একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, পরীক্ষা কমিটি পরীক্ষার শিডিউল ঠিক কওে পরীক্ষা নিবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।

প্রসঙ্গত, দেশে করোনা মহামারীর প্রকোপ ২য় ধাপে বৃদ্ধি পাওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের সাথে ডিন ও প্রভোস্টদের এক সভা থেকে চলমান সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। এর আগে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়। পরে ২০ ডিসেম্বর থেকে পরীক্ষা নেয়া শুরু করা পর করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বন্ধ করে দেয়া হয়। এ সময় ৩২ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

 

কুবি প্রতিনিধিঃ

সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সোমবার বিকেল ৩টায় শিক্ষামন্ত্রণালয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা শেষে পরীক্ষা নেয়ার ইঙ্গিত দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। আগামী ৩ জুন একাডেমিল কাউন্সিলের মিটিং করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি বলেন, আগামী ৩ জুন আমরা অলরেডি একাডেমিক কাউন্সিলের মিটিং ডেকেছি। সেখানেই সিদ্ধান্ত নেয়া হবে কবে থেকে পরীক্ষা নেয়া যায়।

উপাচার্য বলেন, শিক্ষামন্ত্রণালয়ের সভায় আমি পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছি। শিক্ষামন্ত্রী সম্মতি জানিয়েছেন। খুব দ্রুতই আমরা একাডেমিক কাউন্সিলের মিটিং ডাকবো। ডেকে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করবো।

করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও ৬ জুলাই থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। পরে ২০ ডিসেম্বর থেকে পরীক্ষা নেয়া শুরু হলেও পরে করোনার প্রকোপ বাড়ায় আবারও ৫ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম।

নিরাপত্তাপ্রহরী থাকা সত্ত্বেও কুবির নির্মাণাধীন প্রধান ফটকের রড চুরি

 

শাহাদাত বিপ্লব, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নির্মানাধীন প্রধান ফটকের জন্য আনা প্রায় ১ টন রড চুরি হয়েছে। গত ৭-৯ মে এর মধ্যে এ রডগুলো চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সার্বক্ষণিক নিরাপত্তাপ্রহরী থাকা সত্ত্বেও কে বা কারা চুরি করেছে তা এক সপ্তাহ পেরিয়ে গেলেও জানা যায়নি। এ নিয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শী ও নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের সাথে কথা বলে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটক। গত ১৬ মার্চ থেকে গেইটটির নির্মাণ কাজ শুরু হয়। গত ৬ মে(শুক্রবার) রাতে মোট ২১ বান্ডেল রড আনা হয়। যা শেকল দিয়ে তালা মেরে ফটকের ভিতরে রাখা হয়। কিন্তু ৯ মে দেখা যায়, সেখানে মাত্র ১৪ বান্ডেল রড আছে, বাকী ৭ বান্ডেল নেই। চুরি হওয়া রডের পরিমাণ এক টনেরও বেশি। পরে ১১ মে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীনকে আহবায়ক ও নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদারকে সদস্য সচিব করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী প্রক্টর মো. মোকাদ্দেস-উল ইসলাম ও রবিউল ইসলাম এবং কর্মকর্তা পরিষদের সভাপতি মো. আবু তাহের। তবে সার্বক্ষণিক নিরাপত্তাপ্রহরী থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভিতর থেকে কিভাবে চুরি হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের লাইট চুরিসহ বিভিন্ন বিষয়ে নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ রয়েছে।

এদিকে গত ১১ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের ভৌত অবকাঠামোগত উন্নয়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের সাথে চুক্তি করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এ প্রকল্পের অধীনে মর্ডান কনস্ট্রাকশন এন্ড আর্কিটেকচার কোঃ লিমিটেডের দ্বারা গেইটটির নির্মাণকাজ পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ৬ তারিখ রাতে আমি ২১ বান্ডেল রড তালা দিয়ে ঈদ উপলক্ষে বাড়ি এসেছিলাম। যেহেতু নিরাপত্তারক্ষী আছে, সেহেতু আমি আর নিরাপত্তার বিষয়ে চিন্তা করিনি। আমি পরিচিত একজনের মাধ্যমে ৯ তারিখ খোজ নিয়ে শুনি যে বান্ডেলগুলোর শেকল কাটা এবং ৭ বান্ডেল রডই নেই। প্রায় এখানে ১ টন রড চুরি হয়েছে। আমি ৯ তারিখ কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ও তদন্ত কমিটির সদস্য সচিব মো. সাদেক হোসেন মজুমদার বলেন, রড চুরির অভিযোগটা এসেছে। আমরা পরিদর্শনে গিয়েছি। এখন কি পরিমাণ মালামাল ছিলো সেটা তো আমাদেরকে বলেন নি। একটা তদন্ত কমিটি হয়েছে। আমরা তদন্ত করছি।

তদন্ত কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল আসলে উদ্দীন বলেন, আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী থাকে। তাছাড়া রাতের বেলা টহল টিমও দায়িত্বে থাকে। এর ভিতরেও রড চুরি হয়েছে। এটা খুব চিন্তার বিষয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনও এটা নিয়ে সিরিয়াস। আর সেনাবাহিনী যেহেতু প্রকল্পটির তদারকি করছে তারাও ক্ষোভ প্রকাশ করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, রড চুরি হওয়ার বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। এটা বের করতে না পারাটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। এ নিয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে লিখিতভাবে চুরি হওয়ার বিষয়টি অবগত করা হয়েছে। তারা সম্ভবত জিডিও করেছে। আমরা কিছু ক্লু পেয়েছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এটা বের হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে বাংলাদেশের পতাকা ওড়ালেন কুবি শিক্ষক

 

শাহাদাত বিপ্লব, কুবি :

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট হুটনি জয় করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসাদ আজিম।

মঙ্গলবার (৪ মে) মাউন্ট হুইটনির সর্বোচ্চ চূড়ায় নিজ দেশের পতাকা ওড়ান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারিক মো. নাসিম এসময় সাথে ছিলেন।

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মাউন্ট হুইটনি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের (পাশাপাশি অবস্থিত ৪৮টি অঙ্গরাজ্য) সর্বোচ্চ পর্বত। এর উচ্চতা ১৪ হাজার ৫০৫ ফুট (৪ হাজার ৪২১ মিটার)।

আসাদ আজিম ও তারিক নাসিম উভয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় অধ্যয়নরত।

ছোটবেলায় পাহাড়ে ওঠার তীব্র নেশা থেকেই আসাদ আজিম এ শৃঙ্গ জয় করেন। তিনি বলেন, ‘ছোটবেলায় চট্টগ্রামের পাহাড়ের চূড়ায় ওঠা আমার জীবনের অনেক বড় একটা দার্শনিক ভিত্তি তৈরি করে। আমি প্রতিটি অর্জনে একেকটা নতুন দিকনির্দেশনা খুঁজে পাই।’

আসাদ আজিম এর আগেও নিউইয়র্কের সর্বোচ্চ পর্বত মাউন্ট মার্সি, নিউহ্যাম্পশায়ারের মাউন্ট চকোরুয়া, অ্যারিজোনার মাউন্ট হপকিনস, নেপালের কালিংচকসহ (এভারেস্টে যেতে অতিক্রান্ত স্থান) আরও বিভিন্ন উঁচু পাহাড় জয় করেছেন।

তারিক নাসিমেরও পাহাড়প্রীতি গড়ে উঠেছিল ছেলেবেলা থেকেই। মাউন্ট হুইটনির সর্বোচ্চ চূড়া থেকে ফিরে এসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তিনি লেখেন, ‘এই হাইকিংপ্রীতির হাতেখড়ি হয়েছে আমার বাবা মো. আবদুল হক সাহেব যখন তার সন্তানদের নিয়ে চট্টগ্রামের আনোয়ারার মরিয়ম আশ্রমের আশপাশের পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে পাহাড়ি ফুলের চারাগাছ খুঁজে বেড়াতেন এবং সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় বেড়াতে যেতেন, তখন থেকে।’

তিনি বলেন, ‘এরপর বন্ধুদের সাথে চট্টগ্রামের পাহাড়ে পাহাড়ে অবাধ বিচরণ, সিলেটে বিশ্ববিদ্যালয়ের পেছনের পাহাড়ে অহেতুক ঘুরে বেড়ানো― এই সবকিছুই আজকের এই কঠিন হাইক এর জন্য আমাকে ধীরে ধীরে তৈরি করেছে।’

 

দীর্ঘদিন বন্ধ থাকায় মেস ভাড়া নিয়ে ভোগান্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

 

ডেস্ক রিপোর্টঃ

করোনার কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকায় মেস ভাড়া নিয়ে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এছাড়া মেস মালিকরাও সম্মুখীন হচ্ছেন আর্থিক ক্ষতির।

বিশ্ববিদ্যালয়ের নজরুল হল সংলগ্ন নিরিবিলি ছাত্রী নিবাসের বাসিন্দা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রওনক জাহান বলেন, ‘পরীক্ষার জন্য এই মাসের ফেব্রুয়ারির মাঝামাঝিতে মেসে ফিরেছি৷ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আমার ৬০ শতাংশ ভাড়া দেয়ার কথা থাকলেও বাড়িওয়ালা এখন পুরো ভাড়া চাচ্ছেন’।

নিরিবিলি ছাত্রী নিবাসের মালিক মুজিবুর রহমান বলেন, ‘যারা মেসে এসে অবস্থান করছে কেবল তাদের থেকেই পুরো ভাড়া আর যারা বাড়িতে আছেন কিন্তু মেস ছাড়েন নাই তাদের থেকে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ীই ৬০ শতাংশ ভাড়া নিচ্ছি’।

পুরো ভাড়া নেয়ার বিষয়ে তিনি আরও বলেন, ‘যারা মেসে থাকছেন, তারা গ্যাস-বিদ্যুৎ এসব ব্যবহার করছেন। এগুলোর বিল তো আমাদের দিতে হচ্ছে। পুরো ভাড়া না নিলে তো আমাদের চলা মুশুকিল’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘মেস ভাড়া দিয়েই অনেক বাড়ির মালিকদের সংসার চলে। তাই নির্দেশনা থাকলেও দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় মানবিক দিক বিবেচনায় বাড়ির মালিকদের চাপ দিতে পারছি না। তাই শিক্ষার্থীদের বলবো, তারা যেন মেস মালিকদেরকে সঙ্গে কথা বলে ভাড়া সমন্বয় করে। তারপরও যদি বাড়ির মালিকরা না মানে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব’।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ জুলাই করোনাকালীন সময়ে মেসে অবস্থানরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস ভাড়া ৪০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়। যা গত বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হয়ে বিশ্ববিদ্যালয় না খোলা পর্যন্ত বলবৎ থাকবে বলেও নির্দেশনা দেয়া হয়।

কুবির ডরমিটরিতে শিক্ষকদের মানবেতর জীবনযাপন

শাহাদাত বিপ্লব, কুবি:
পরিচ্ছন্ন কর্মীর অভাব, অপরিচ্ছন্ন পারিবেশ, ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, অধিকাংশ রুমে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক পয়েন্ট, সুপেয় পানির অভাব, সাপের উপদ্রব ও নানা কীট পতঙ্গের উৎপাত, স্যাঁতসেঁতে মোজাইকের ফ্লোরসহ নানা অপ্রতুলতা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডরমিটরিতে মানবেতর জীবনযাপন করছেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের মাত্র ১১ ভাগ শিক্ষকের আবাসন ব্যবস্থা রয়েছে । স্বল্প পরিসরের দু’টি ডরমেটরি থাকলেও শিক্ষকদের কর্মকর্তাদের সাথে ভাগাভাগি করে থাকতে হয়। এসব অসুবিধা নিয়ে কথা বলতেও বিব্রতবোধ করেন বলে জানিয়েছেন একাধিক শিক্ষক। তাদের অভিযোগ, একই ডরমিটরিতে ২ জন কর্মকর্তা টাইলস করা কক্ষে থাকলেও শিক্ষকদের মোজাইক করা স্যাঁতসেঁতে কক্ষে থাকতে হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়া এ বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ২৫২ জন শিক্ষক রয়েছেন। যার মধ্যে মাত্র ২৮ জন আবাসন সুবিধা পাচ্ছেন। যা মোট শিক্ষকের অনুপাতে মাত্র ১১ শতাংশ। আর মোট কর্মকর্তা রয়েছেন ৯৩ জন। তার মধ্যে ডরমিটরিতে থাকছেন ১০ জন। থাকার জন্য রয়েছে ৫ তলা বিশিষ্ট দুইটি ডরমেটরি। ডরমিটরিগুলো ঘুরে দেখা যায়, ভবন দুটির বহিরাংশের রং বিবর্ণ হয়ে গেছে এবং অনেক স্থানেই রং খসে পড়ে গেছে। ভবনের ভিতর এবং বাইরের অংশ অপরিচ্ছন্ন। পরিচ্ছন্নতার জন্য নির্ধারিত কোন পরিচ্ছন্নকর্মী নেই। এছাড়া অধিকাংশ কক্ষের বৈদ্যুতিক পয়েন্টগুলো ত্রুটিপূর্ণ। নেই সুপেয় পানির কোন ব্যবস্থা। এছাড়া ডরমিটরিগুলো পাহাড়ের উপর হওয়ায় সাপের উপদ্রবসহ নানাকীট পতঙ্গের উৎপাত যেন নিত্যসঙ্গী।

এছাড়া করোনা মহামারীর কারনে শিক্ষাব্যবস্থা অনলাইন নির্ভর হয়ে পড়ায় ক্লাস অনলাইনে নিতে হচ্ছে শিক্ষকদের। কিন্তু ডরমেটরিতে সরবারহকৃত ইন্টারনেট ব্যবস্থা দুর্বল হওয়ায় ক্লাস নেয়ার সময় বিপাকে পড়তে হয় তাদের। আর কর্তৃত্বের সুবাদে কয়েক জন কর্মকর্তা নিজেদের ফ্ল্যাট টাইল্স করে নিলেও শিক্ষকদের ফ্ল্যাটগুলো শেওলাপড়া পুরানো মোজাইক অবস্থাতেই রয়েছে। নিরাপত্তার জন্য ভবন দু’টির সামনে একটি সিসিটিভি ক্যামেরা বসানো হলেও তাও নষ্ট হয়ে আছে বলে জানা যায়। এদিকে বাসভবন না থাকায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামানও এ ডরমেটরিতে বসবাস করছেন।

ডরমিটরিতে অবস্থান করা এক শিক্ষক এ প্রতিবেদককে বলেন, অপ্রতুল এ পরিবেশে ট্রেজারারের বসবাস করা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। আরেকজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, একটা আবাসস্থলে নূন্যতম যে সকল সুযোগ সুবিধা থাকা প্রয়োজনীয়তার কোনোটিই এখানে নেই। পাহাড় সম সংকট নিয়ে ডরমেটরিগুলোতে আমরা খুবই মানবেতর জীবনযাপন করছি। ক্ষমতার প্রভাবে কর্মকর্তা টাইলস করা রুমে থাকেন। আর আমরা শিক্ষক হয়েও মোজাইক করা রুমে থাকতে হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্যই লজ্জা।

এসব বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম বলেন, এটা প্রশাসনের দৃষ্টিগোচর করা হয়েছে। শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে এবং ভবনগুলো জরাজীর্ণ অবস্থায় আছে এটা সত্য। প্রশাসনকে জানানোর পর তারা দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছে।

শিক্ষকদের এমন নিম্নমানের জীবনযাপনের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী জানান, সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বড় অংকের টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আশা করছি খুব দ্রত এসব সমস্যা সমাধান হবে।

কুবিতে কর্মচারী পরিষদ ও কর্মচারী সমিতির দায়িত্ব হস্তান্তর

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেছে কর্মচারী পরিষদ ও কর্মচারী সমিতি।

সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১ টায় প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু তাহের, কর্মকর্তা পরিষদের সভাপতি জিনাত আমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কর্মচারী পরিষদের সভাপতি দিপক চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মো: মহসিন, কর্মচারী সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং কর্মচারী পরিষদ ও কর্মচারী সমিতির অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর কর্মচারী পরিষদ এবং ২৪ ডিসেম্বর কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

কুবিতে বঙ্গবন্ধু পরিষদ একাংশের আলোচনা সভা

 

শাহাদাত বিপ্লব, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে কমিটির সদস্য সচিব ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় ও পরিষদের অর্থসচিব বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দীর সভাপতিত্বে বঙ্গবন্ধু পরিষদের একাংশের এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম ও মো. সাদেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মো. আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমীন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাহ একলিমুর রেজা, কার্যকরী সদস্য ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো. রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, মো. তোফায়েল আহমেদ, মো. নাজমুল হক ও মো. আমান মাহবুব সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এ সময় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধু এবং তাঁর আদর্শ আমাদের জাতীয় জীবনে প্রতিফলিত হওয়া জরুরি। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকার্য পরিচালনার জন্য বঙ্গবন্ধু পরিষদ সর্বদা সজাগ দৃষ্টি রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের গবেষণা সহায়তা পেলেন কুবি শিক্ষক

 

শাহাদাত বিপ্লব,কুবিঃ

পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন পরিকল্পনা বিভাগের সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের গবেষণা মঞ্জুরীর জন্য নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের গবেষণা কর্মকর্তা মো: লুৎফর রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

জানা যায়, সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের আওতায় এ অর্থবছরে ‘ Citizens Trust and Good Governance in Local Government Institution’s: A Comparison of Two City Corporations’ শীর্ষক পিএইচডি গবেষণা প্রস্তাবনাটি যথোপযুক্ত কমিটি কর্তৃক বিবেচিত হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসকে পিএইচডি ক্যাটাগরীতে গবেষণা মঞ্জুরী হিসেবে চার লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।