Tag Archives: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জাতীয় শোক দিবস পালন

ভিক্টোরিয়ার শিক্ষার্থী কিডনি রোগে আক্রান্ত সাদিয়া বাঁচতে চায়, প্রয়োজন ৩৫ লাখ টাকা

 

স্টাফ রিপোর্টার:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পেয়েছেন জি.পি.এ ৫ ।  ভর্তিও হয়েছিলেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে। কিন্তু জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে হারিয়েছেন দুটি কিডনি। বর্তমানে মুমূর্ষ  অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি ২য় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরিন(২১)।

গৌরীপুর শায়েস্তানগর গ্রামের জহিরুল হক ভূঞা ও মেহেরুন্নেসা বকুলের সন্তান সাদিয়া আফরিন এর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হন নিজ জেলা শহর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগে।

সাদিয়াকে বাঁচাতে  কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান সংগ্রহ শুরু করছেন তার সহপাঠীরা। লক্ষ্য একটাই যে করে হোক সহপাঠীকে আবার শিক্ষাঙ্গনে সুস্থ্য  অবস্থায় দেখতে চায় তারা।

পিতা জহিরুল হক ভূঞা বলেন, আমার সন্তান নবাব ফয়জুন্নেসা স্কুল থেকে ২০১৬ সালে মাধ্যমিকে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তি হয়, সেখান থেকে ২০১৭ সালে পুনরায় জিপিএ ৫ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছিলো। ২০১৭ সালে কিডনি রোগ ধরা পড়ে। চিকিৎসার খরচ চালাতে চালাতে আমি নিঃস্ব প্রায়। আর্থিক দুরাবস্থার কারণে আর খরচ চালাতে পারছিনা। ডাক্তার জানিয়েছে কিডনি প্রতিস্থাপন করতে ৩৫ লাখ টাকা প্রয়োজন। এতো টাকা কোথায় পাবো। এই শহরের বিত্তবান মানুষরা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতো আমার মেধাবী মেয়েটা হয়তো জীবন ফিরে পেতো।

সাদিয়া আফরিন এর সহপাঠী ফাতেমা জান্নাত বলেন, শুধুমাত্র অর্থের জন্য আমরা আমাদের সহপাঠী কে হারালে মানবিকতার কাছে আমরা হেরে যাবো৷ তাই সবাই মিলে আর্থিক সাহায্য সংগ্রহ করছি। যে করেই হোক মেধাবী এ সহপাঠীকে আবার আমরা সুস্থ্য  অবস্থায় শ্রেণীকক্ষে দেখতে চাই।

ইংরেজি চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহসিন আলম বলেন, কলেজে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বড় কোন ফান্ড নেই। তাই সমাজের বিত্তবান ও দানশীল মানুষদের নিকট আকুল আবেদন একটু এগিয়ে আসুন দেশের মেধাবীমুখ সাদিয়াকে বাঁচাতে। সাহায্য পাঠাতে বিকাশ ০১৮৯৬০৭৯১৮৮, ব্যাংক একাউন্ট নং ১৩০৯৪৩৪১৮৩৫৫৯ (সোনালী ব্যাংক কর্পোরেট শাখা কুমিল্লা ) অথবা সরাসরি ভিক্টোরিয়া কলেজের ইংরেজি বিভাগেও সাহায্য দিতে পারেন।

কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, সাদিয়া আফরিন এর চিকিৎসা খরচ সংগ্রহের জন্য ভিক্টোরিয়া কলেজের প্রত্যেক বিভাগীয় প্রধান, হল তত্বাবধায়ক ও সকল সংগঠনকে দায়িত্ব দিয়েছি। আশা করছি সকলের সাড়া পাবো। সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসা ছাড়া হয়তো এতো বিশাল অনুদান আমাদের একার পক্ষে সম্ভব হবে না।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২০০৩-০৪ ব্যাচের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ইফতার পার্টি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২০০৩-০৪ ব্যাচের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে নগরীর বধুয়া কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ ব্যাচের আহমেদ ইমনের উদ্যোগে ই ইফতার মাহফিলের আয়োজন হয়।

বিকেল ৫ টায় সবার পরিচয় পর্বের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আফসু ডেভলোপমেন্ট লিমিটেডের পরিচালক আহমেদ  ইমন, যমুনা ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইসলামি ব্যাংক কর্মকর্তা ফয়সাল আহমেদ ভূইয়া,  বাংলাদেশ পাটকল কর্পোরেশনের কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, জেলা দায়রা জজের পিএস আলমগীর, ব্র্যাক ব্যাংক কর্মকর্তা মো: নুর হোসেন ভূইয়া, এপেক্স এর এসিএ মো: মাইন উদ্দিন, ওয়ান ব্যাংকের কর্মকর্তা ইব্রাহিম খলিল, ব্যবসায়ি মো: ওমর ফারুক, বিআরডিসি ব্যাংকের কর্মকর্তা ওমর ফারুক, চাকুরীজীবি এরশাদুল হক, শহীদ জিয়াউর রহমান কলেজের প্রভাষক শরিফুর রহমান, চট্টগ্রাম রেলওয়ের কর্মকর্তা মো: মীর হোসেন (মিরন), আনসার আলী কলেজের প্রভাষক মো: আলমগীর হোসেন (সুমন), কুমিল্লা ইপিজেডের  শ্রুতি টেক্সটাইলসের কর্মকর্তা আব্দুল মোমেন ভূইয়া, কুমিল্লা সদরের খাদ্য অফিসের চাকুরীজীবি মো: শাহীন মিয়া ও  চাকুরীজীবি মো: সফিউদ্দিন আনোয়ার প্রমুখ।

ভিক্টোরিয়ার ছাত্র রাসেলকে বাঁচাতে অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্র রাসেল মিয়ার ২ টি কিডনী শতকরা ৯৫ ভাগ ডেমেজ হয়ে গেছে। রাসেলের চিকিৎসা সহায়তার জন্য নগদ ২ লক্ষ টাকা প্রদান করেছে অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশন।

শুক্রবার সকালে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্র মোঃ সাইফ উদ্দিন রনী।

এ সময় উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের আহবায়ক আহমেদ কাদের জামান, সদস্য সচিব তোফায়েল আহমেদ তুহিন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের সদস্য তাজুল ইসলাম মিঠুন, মোহাম্মদ শাহ জালাল, মোঃ আরমান হোসেনসহ আরো অনেকে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইংরেজী বিভাগের পুনর্মিলনী

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইংরেজী বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পুনর্মিলনী- ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রী শাখায় ইংরেজী এলাইমনাই এসোসিয়েশন এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

এলাইমনাই এসোসিয়েশন এর সভাপতি তারিকুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন ভূইয়া, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল কাইয়ুম নিজামী ,সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মতিউর রহমান, নবাব ফয়েজুন্নেছা সরকারী কলেজ ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল হাসনাত মোহাম্মদ মাহবুবুর রহমান, সংগঠনের সেক্রেটারী ও ভিক্টোরিয়া কলেজ ইংরেজী বিভাগের প্রভাষক মো: জাহিদ হাছান প্রমূখ।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এসোসিয়েশনের ”দি লিজেসি-২০২০” নামক একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইংরেজী বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২০ বছর: শুভ জন্মদিন ভিক্টোরিয়া কলেজ

 

 

 

অনলাইন ডেস্কঃ

 

‘আনন্দ উছলি যায় সুনীলিম গগনে/হাসিতেছে চারদিক দিনমণি কিরণে/হাসিতেছে তরু শির হাসিছে ফুলরুচির/সাঁতারে সমীর ধীর নিচে পবনে।’ ১৮৯৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের যাত্রা এ গানের মধ্যে দিয়েই শুরু হয়েছিল। নবীন্দ্রচন্দ্র সেনের লেখা গানটি গেয়েছিলেন পুত্র নির্মলচন্দ্র সেন।

 

 

 

দক্ষিণ-পূর্ব বাংলার অন্যতম সেরা বিদ্যাপীঠটির প্রতিষ্ঠাতা হলেন রায় বাহাদুর আনন্দচন্দ্র রায়। ১৮৯৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠার পর ব্রিটিশ সরকার তাকে ‘রায় বাহাদুর’ উপাধিতে ভূষিত করে। কলেজটির নামকরণ করা হয়েছিল তৎকালীন ব্র্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামানুসারে।

 

শিক্ষা-সংস্কৃতির বিকাশে ব্রিটিশ ভারতে প্রথম পর্যায়ে যে কয়টি কলেজ প্রতিষ্ঠা করা হয়, ভিক্টোরিয়া সরকারি কলেজ তার অন্যতম। তিতাশ চৌধুরী লিখেছেন, ‘প্রাচীনত্বের বিচারে এই কলেজটি বুড়োদের দলেই পড়ে।

 

মূলত এইটিই ছিল পূর্বাঞ্চলীয় অন্ধকার যুগের শিক্ষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যের ধারক ও বাহক’ (ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস)। পাকিস্তান সৃষ্টির পর এ কলেজের নাম পরিবর্তনের চেষ্টা চালানো হয়। ‘ভিক্টোরিয়া’ শব্দটি ছেঁটে ফেলে দেয়ার চিন্তা করা হয়। শেষ পর্যন্ত তা আর হালে পানি পায়নি।

 

বর্তমানে কলেজটি দুটি অংশে বিভক্ত। কান্দিরপার রানীদীঘির পাড়ে কলেজের ইন্টারমিডিয়েট শাখা এবং ধর্মপুরে অনার্স শাখা অবস্থিত। প্রায় ২৭ হাজার শিক্ষার্থীর পদচারণায় কলেজটি মুখরিত হয় প্রতিদিন। ২২টি বিষয়ে অনার্স ও ১৯টি বিষয়ে মাস্টার্স পড়ানো হয় এখানে। এ কলেজে রয়েছে ১২টি সক্রিয় সাংস্কৃতিক সংগঠন। সংগঠনগুলো শিক্ষা ও সংস্কৃতির বিকাশে অবদান রাখছে।

 

ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে কলেজটির ভূমিকা ছিল অনন্য। উপমহাদেশের বিখ্যাত সংগীতজ্ঞ শচীন দেববর্মণ, সত্যেন্দ্রনাথ বসু, অদ্বৈত্য মল্লবর্মণ, ধীরেন্দ্রনাথ দত্ত, অধ্যাপক রফিকুল ইসলাম, হানিফ সংকেত, বিদ্যা সিনহা মিম, সংগীত শিল্পী আসিফ আকবরের মতো অসংখ্য খ্যাতনামা সাবেকদের পদচারণায় মুখরিত হয়েছে ভিক্টোরিয়ার ক্যাম্পাস।

 

আধুনিকতার সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে কলেজটি। এখানকার প্রতিটি ভবনের ডিজাইন সত্যিই মনোমুগ্ধকর। এছাড়া হৃদয়ে বঙ্গবন্ধু ম্যুরাল, জিয়া অডিটোরিয়াম, মুক্তমঞ্চ (নির্মাণাধীন), স্বাধীনতা স্তম্ভ, আনন্দচন্দ্র রায়ের প্রতিকৃতি, শহীদ মিনার, কলেজ ক্যান্টিন, কলেজ লেক, রানীদীঘি, কবি নজরুল ইসলাম হল, নওয়াব ফয়জুন্নেছা হল, মুতাহের হোসেন চৌধুরী লাইব্রেরি ভিক্টোরিয়া কলেজের সৌন্দর্য বাড়িয়েছে।

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্টারমিডিয়েট শাখার রানীদীঘির পাড়ে বসে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন, লিখতেন কবিতা। কথিত আছে, এখানে বসেই কবি তার প্রিয়তমা নার্গিসকে প্রেমপত্র লিখে পাঠাতেন।

 

শত বাধা পেরিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ আজ তার ১২০ বছর পূর্ণ করছে। নিজস্বতা ধরে রেখে পথ চলছে আগামীর। এ কলেজে এখনও কিছু অপূর্ণতা আছে। শিক্ষার্থীদের সবচেয়ে বড় চাহিদা একটি খেলার মাঠ। জিয়া অডিটোরিয়ামের পূর্ব পাশের বিশাল খোলা জায়গাটিকে মাঠে পরিণত করা যেতে পারে।

 

এছাড়া প্রতিটি বিভাগের জন্য আলাদা ভবন নির্মাণ সময়ের দাবি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠাকালে যে আনন্দধারা প্রবাহিত ছিল, তা অব্যাহত থাকুক। এটাই প্রত্যাশা ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। জয়তু ভিক্টোরিয়া।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জাতীয় শোক দিবস পালন

 

কুভিক প্রতিনিধি :

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে কলেজ অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে আজ (১৫ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটে জাতিয় পতাকা অর্ধনমিত করণ, সকাল ৭টা ৪৫ মিনিটে ধর্মপুর ডিগ্রি শাখাস্হ জাতির পিতার ম্যুরাল- এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ৯ টায় টাউনহল থেকে পরিচালিত শোক র্যালী ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টা ৩০ মিনিটে উচ্চ মাধ্যমিক শাখায় শিক্ষক পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা এবং বাদ যোহর উভয় শাখার জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর বিজয় কৃষ্ণ রায়, যুগ্ম সম্পাদক বদরুন নাহার, কাজী আপন তিব্রানী, কোষাধ্যক্ষ ওয়ায়েছ আল কারণী মুন্সি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আসফাক হোসেন সহ সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস এর তাৎপর্য নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের প্রফেসর ড. মেহেদী হাসান।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া বলেন,’ কলেজ অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া বলেন,”বঙ্গবন্ধু তাঁর নেতৃত্ব গুণে মানুষকে আকৃষ্ট করেই জাতির পিতা হয়েছেন। বঙ্গবন্ধু মনে করতেন, সংহতি অনেক শক্তিশালী। এ জন্য বঙ্গবন্ধু মানবতার কল্যাণে, মানুষের অধিকার আদায়ের স্বার্থে সংহতি প্রকাশে বিশ্বাসী ছিলেন।”

তিনি আরও বলেন, “আগস্ট মানেই শোক। আমাদের এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। বঙ্গবন্ধুর জীবন আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ টা দিতে হবে৷ তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”