Tag Archives: খালেদা জিয়া

বিএনপিতে খালেদা জিয়া মাইনাস হতে চলেছেন ?

ডেস্ক রিপোর্ট:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে বিএনপি। রাজধানীর একটি হোটেলে সোমবার জমকালো ওই উদ্বোধনী অনুষ্ঠানের সবকিছু ছাপিয়ে আলোচনায় আসে ব্যানার। বিএনপির প্রায় সব অনুষ্ঠানের ব্যানারে দলের চেয়ারপারসনের ছবি থাকলেও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনীর ব্যানারে ছিলেন না খালেদা জিয়া। এতে শুধু দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি শোভা পায়। দলের অনেকের মধ্যে তাই শংকা দেখা দিয়েছে- খোদ দলেই কি মাইনাস হতে চলেছেন বেগম খালেদা জিয়া ? যা ওয়ান ইলেভেন সরকারের সময় চেষ্টা করা হয়েছিল।

দলের চেয়ারপারসনের ছবি না থাকায় ওই অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের কেউ কেউ অবাক হন। এ নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এমনকি ব্যানারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানেও দলীয় নেতাকর্মীরা আয়োজক কমিটির কঠোর সমালোচনা করছেন।

ক্ষোভ প্রকাশ করে বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান এক ফেসবুক স্টেটাসে লেখেন, ‘বদলে যাওয়া এ এক অন্যরকম বিএনপি। সব আছে, সবাই আছে, শুধু নেই বেগম খালেদা জিয়ার ছবি ও নামটি। এই ঘোর দুষ্কালেও অনেকেই ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন উপলক্ষ্যে লেকশোর হোটেলে আয়োজিত এই জাঁকালো অনুষ্ঠানে। তবে বিএনপির আমন্ত্রণ পেয়েও সভানেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা এবং দাওয়াত না পাওয়ায় জামায়াত নেতারা ছিলেন অনুপস্থিত।’

এ বিষয়ে জানতে চাইলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির সদস্যসচিব ও বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা আবদুস সালাম  বলেন, জিয়াউর রহমান মানেই মুক্তিযুদ্ধের ইতিহাস। বাংলাদেশ মানেই জিয়া। তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে শুধু জিয়াকে ফোকাস করতে চেয়েছি। এ কারণে দলীয় চেয়ারপারসনের ছবি ব্যবহার করা হয়নি।

একই কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ব্যবহার করা হয়নি। তা ছাড়া এ কর্মসূচিটাকে আমরা সর্বজনীন করতে চেয়েছি, দলীয় নয়। এ কারণে জিয়ার ছবি ব্যবহার করেছি।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘জিয়া থাকলে বিএনপি থাকবে। জিয়া থাকলেই খালেদা জিয়া থাকবেন, তারেক রহমান থাকবেন। তাই ব্যানারে খালেদা জিয়ার ছবি মুখ্য নয়। ব্যানারে ছবি না থাকলেও অনুষ্ঠানজুড়েই বিএনপির চেয়ারপারসন আলোচনায় ছিলেন।’

বিএনপির যেকোনো ধরনের কর্মসূচিতে সাধারণত তিনজনের ছবি ব্যবহার হয়, যার মধ্যে থাকে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠানের ব্যানারে শুধু দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি ব্যবহার করা হয়।

তবে হোটেলের প্রবেশমুখে খালেদা জিয়ার ছবি সংবলিত ফেস্টুন দেখা গেছে। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিএনপির চেয়ারপারসনের জন্য দোয়া চাওয়া হয়। তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সূত্র জানায়, ব্যানারে ছবি না থাকার বিষয়টি নিয়ে কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, আমিও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।

ব্যানারে দলীয় প্রধানের ছবি না দেখে অনেককেই বলতে শুনেছি, তাহলে কি বিএনপি খালেদা জিয়াকে ভুলেই গেছে। তার ছবি ব্যানারে যদি পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়, সেটা এক জিনিস, আর যদি অপরিকল্পিতভাবে হয়ে থাকে তাহলে তা অমার্জনীয় অপরাধ।

তিনি আরও বলেন, কারাগারে যাওয়ার পর ম্যাডামের (খালেদা জিয়া) সম্মানে বিভিন্ন অনুষ্ঠানে একটি চেয়ার খালি রাখা হতো। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তত সে রকম করেও একটি চেয়ার খালি রাখা যেত। কিন্তু সেটাও কেন হয়নি, তা দলের নীতিনির্ধারকরা বলতে পারবেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম বলেন, আমানউল্লাহ আমানের নেতৃত্বে নয়াপল্টনে যে সাজসজ্জা করা হয়েছে সেখানে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি রয়েছে। জিয়াউর রহমান আমাদের গর্ব। আর খালেদা জিয়া দলের বর্তমান চেয়ারপারসন। উদ্বোধনী অনুষ্ঠানে কেন ম্যাডামের (খালেদা জিয়া) ছবি রাখা হয়নি, তা আমি জানি না। আমার মনে হয়, ম্যাডামের ছবি রাখা উচিত ছিল।

খালেদা জিয়া, রেজা কিবরিয়া ও কাদের সিদ্দিকীসহ যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে

 

ডেক্স রিপোর্ট:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র যাচাই-বাছাই করেছেন। অনেকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন-

সাজাপ্রাপ্ত হওয়ায় বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার ফেনী-১ আসন, ঋণ খেলাপির অভিযোগে হবিগঞ্জ-১ আসনে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, ঋণ খেলাপীর দায়ে টাঙ্গাইল ৪ ও টাঙ্গাইল ৮ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

যশোরের ঝিকরগাছা উপজেলার বরখাস্ত হওয়া চেয়ারম্যান যশোর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সাজা ও দন্ড স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের স্থগিতাদেশ চলমান রেখেছেন আপিল বিভাগ। কুড়িগ্রাম-৪ আসন (রাজিবপুর,রৌমারী ও চিলমারী উপজেলা) থেকে স্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, নির্বাচনে প্রার্থী হলে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। মনোনয়নপ্রত্যাশী ইমরান এইচ সরকারের এ সম্পর্কিত তথ্যে ঘাটতি রয়েছে।

ঋণ খেলাপির অভিযোগে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। ১% ভোটারের স্বাক্ষর নেই । ঋণ খেলাপির অভিযোগে টাঙ্গাইল-১ আসনে ফকির মাহবুব আলম। কুড়িগ্রাম-৪ মো. জাকির হোসেন, মনোনয়ন ফরম অসম্পূর্ণ ও তথ্যের ঘাটতি। যশোর-৩ আসনে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন চাকলাদার, ১ শতাংশ ভোটারের সমর্থন নেই। পটুয়াখালী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনি, হলফ নামায় স্বাক্ষর নেই । রাজশাহী-১ ব্যারিষ্টার আমিনুল ইসলাম, তথ্য গোপনের অভিযোগ। ঋণ খেলাপির অভিযোগে লক্ষীপুর-১ এম এ আওয়াল, (বর্তমান এমপি), লক্ষীপুর-২ শাহ আহম্মদ বাদল, ১৯ হাজার টাকা বিদ্যুৎ বিল বাকী। রংপুর-১ আসাদুজ্জামান বাবলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেও গেজেট না হওয়ায়। ঢাকা-৯ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের মনোনয়ন স্থগিত করা হয়েছে। গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী এস এম জিলানী ও জাতীয় পার্টির এ জেড এম অপু শেখের, যথাযথ কাগজপত্র ও স্বাক্ষর না থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়।

চট্টগ্রাম-৬ (রাউজান) বিএনপির সাবেক সংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সামির কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) বিএনপির সাবেক সংসদ সদস্য মোরশেদ খান, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রাজশাহী ৩ আসনে ৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এরা হলেন, জাতীয় পার্টির শাহবুদ্দিন বাচ্চু, বিএনপির মতিউর রহমান মন্টু, স্বতন্ত্র (জামায়াত) মাজিদুর রহমান, আতিকুর রহমান এবং আওয়ামী লীগের সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা। শাহবুদ্দিন বাচ্চু, বিএনপির মতিউর রহমান মন্টু ঋণখোপির অভিযোগে এবং ৩ জনের তথ্যে গড়মিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

মাদারীপুর-২ (সদরের একাংশ ও রাজৈর) আসনে স্বতন্ত্র প্রার্থী আল আমিন মোল্লা ও কাদের মোল্লা, সিলেট-৫-৬ আসনে বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন, ঢাকা-১ আসনে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক ও নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফাহিমা হোসাইন জুবলি। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগের দিদারুল আলম ও বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী।

এ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অনলাইনে জমা দিয়েছেন ৩৯ জন। তবে অনলাইনে মাত্র ২৩টি সঠিকভাবে জমা পড়েছে।