Tag Archives: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) নির্বাচনে জয়ী চৌদ্দগ্রামের চার তরুণ তুর্কী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ

 

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রক্টর অফিসের অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশেষ করে ছাত্রীদের হলসংলগ্ন এলাকায় অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেনের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা প্রায়ই বিনা অনুমতিতে ড্রোন ক্যামেরা ওড়াচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে ছাত্রীদের হলসংলগ্ন এলাকাতেও ড্রোন ওড়ানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য উদ্বেগজনক।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসের ভেতরে ড্রোন ক্যামেরা ওড়ানোর আগে প্রক্টর অফিসের অনুমতি নিতে হবে। পাশাপাশি ড্রোন ওড়ানোর ক্ষেত্রে প্রযোজ্য সরকারি বিধিবিধানও অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে প্রশাসন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) নির্বাচনে জয়ী চৌদ্দগ্রামের চার তরুণ তুর্কী

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে গুরুত্বপূর্ণ চারটি পদে বিজয় অর্জন করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চারজন শিক্ষার্থী।তাদের এই সাফল্যে বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ নিজ এলাকায়ও আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সমাজতত্ত্ব বিভাগ (সেশন ২০১৯-২০)-এর শিক্ষার্থী ও চৌদ্দগ্রাম স্টুডেন্ট সলিডারিটির সভাপতি মো. শোয়েব (তুষার) আলাওল হল সংসদ নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয় অর্জন করেছেন। দায়িত্বশীল, সৃজনশীল ও ছাত্রবান্ধব নেতৃত্বের জন্য শোয়েব বিশ্ববিদ্যালয়ে সহপাঠীদের মধ্যে পরিচিত মুখ। তিনি চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, আপ বাংলাদেশ এর প্রার্থী, আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা বিভাগ (সেশন ২০১৮-১৯)-এর শিক্ষার্থী মো. নুরুন্নবী সোহান সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন। ছাত্রকল্যাণ ও একাডেমিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার জন্য সোহান সহপাঠীদের আস্থা অর্জন করেছেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভাঙ্গাপুষ্করনী গ্রামের বাসিন্দা।

এছাড়া, ইসলামিক স্টাডিজ বিভাগ (সেশন ২০২১-২২)-এর শিক্ষার্থী আব্দুল্লাহ ফারহান আসিফ একই হলের দপ্তর সম্পাদক পদে বিজয় লাভ করেছেন।বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে আসছেন তিনি। আসিফের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামে।

এদিকে, রসায়ন বিভাগ (সেশন ২০২২-২৩)-এর শিক্ষার্থী মো. ফুরকান উদ্দিন শাহ আমানত হল সংসদ নির্বাচনে নির্বাহী সদস্য পদে বিজয় অর্জন করেছেন।সংগঠন ও সহপাঠীদের স্বার্থে তার আন্তরিক প্রচেষ্টা ছাত্রসমাজের মধ্যে প্রশংসিত হয়েছে। তিনি চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামের বাসিন্দা।

চৌদ্দগ্রামের বিভিন্ন স্কুল-কলেজ থেকে শিক্ষা অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এই চার তরুণ ধারাবাহিকভাবে নিজেদের নেতৃত্বের দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন।তাদের এই বিজয়ে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।অনেকে আশা প্রকাশ করেছেন—এই শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নেতৃত্বের আসনে থেকে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।