Tag Archives: চাঁদপুরে অটোরিকশা চালককে

চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটোরিকশা চালক মিজানুর রহমান অভিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মিজানুর রহমান অভি এখলাছপুর ইউনিয়নের হাশিমপুরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালাতেন। কয়েকদিন পরপর নিজের গ্রামে আসতেন। গত ৪-৫ দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসনে অভি। সম্প্রতি তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজীর আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। নাহিদ গাজী পেশাদার ডাকাত ও সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বুধবার ভোরে স্থানীয় কামাল নামের এক ব্যক্তি ব্যবসার কাজে একলাছপুর ঘাটে যাওয়ার পথে রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমান অভির বন্ধু নুর আলম বেপারী জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে নাহিদ গাজীর ভাই নাজমুল গাজীর ফোন থেকে আমাকে কল দিয়ে নাহিদ জানায়, অভিকে খেয়ে ফেলেছি, তোকেও খেয়ে ফেলব। এ সময় ফোনের অন্য প্রান্ত থেকে কান্নার শব্দও শোনা যায়।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

চাঁদপুরে অটোরিকশা চালককে

চাঁদপুরে অটোরিকশা চালককে হত্যা করে ব্যাটারি ছিনতাই

চাঁদপুরে অটোরিকশা চালককে হত্যা করে ব্যাটারি ছিনতাই

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের মতলব দক্ষিণে এক অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা করে তার অটোরিকশার ব্যাটারি ছিনতাই করে নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মঈন উদ্দিন (১৬) উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছির উদ্দীন মিয়াজীর ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে সংসারের ব্যয় ও ভাই-বোনদের লেখাপড়ার খরচ চালাতেন।

স্থানীয়রা জানান, বেলতী গ্রামের খালের পাড়ে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই সময় মঈন উদ্দিনের পরনে ছিল জিনসের প্যান্ট ও গেঞ্জি।

মঈন উদ্দিনের বাবা নাছির উদ্দীন জানান, শুক্রবার বিকেলে ছেলের মোবাইলে কল এলে সে ঘর থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় তারা এলাকায় খোঁজ করতে থাকে। রাতে মোবাইলে কল করেও তাকে পাওয়া না গেলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে ধনারপাড় এলাকায় গিয়ে লোকজনের মুখে শুনতে পান বেলতী গ্রামে একটি মরদেহ পাওয়া গেছে। সেখানে গিয়ে তিনি দেখেন, তার ছেলের মরদেহ পড়ে রয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, মঈন উদ্দিনের অটোরিকশাটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে। তবে অটোরিকশার ব্যাটারি পাওয়া যায়নি। সুরতহালের সময় কিশোরের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।