Tag Archives: দিয়েছে

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত

ডেস্ক রিপোর্ট:

সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একইভাবে, বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মিসেস মোহসিনা আকতারের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

মুজিবুল হকের মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) মো. মাসুদুর রহমান এবং জিন্নার মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সিফাত হাসান এ নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন।

মুজিবুল হকের মামলার আবেদনে বলা হয়েছে, সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে।

এছাড়া, অভিযোগ রয়েছে যে, তিনি তার পদের অপব্যবহার করে এবং রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তাই বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যমতে, মুজিবুল হক দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন নিষিদ্ধ করা আবশ্যক।

অন্যদিকে, জিন্নার আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মিসেস মোহসিনা আকতার ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং উক্ত সম্পদের তথ্য গোপন, স্থানান্তর ও হস্তান্তর করেছেন।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, মোহসিনা আকতার ও শরিফুল জিন্নাহ সপরিবারে দেশত্যাগের চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তারা যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শেখ হাসিনাকে ভারত

শেখ হাসিনাকে ভারত যে বিশেষ সুবিধা দিয়েছে

শেখ হাসিনাকে ভারত যে বিশেষ সুবিধা দিয়েছে

ডেস্ক রিপোর্ট:

ভারতীয় কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে। বুধবার (৯ অক্টোবর) শেখ হাসিনার বোন শেখ রেহানার সঙ্গে সম্পর্কিত এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেন।

ওই নেতা সাংবাদিকদের জানান, “ভারত সরকার শেখ হাসিনাকে যে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে, তা দিয়ে তিনি বিশ্বের যে কোনো দেশে ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন।” তিনি আরও বলেন, ভারতে শেখ হাসিনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে, এবং তার বোন শেখ রেহানাও সেখানে অবস্থান করছেন। যদিও ট্রাভেল ডকুমেন্ট পেয়েছেন, আপাতত শেখ হাসিনা ভারতে থাকবেন এবং শিগগিরই বিদেশে ভ্রমণের কোনো পরিকল্পনা নেই।

সাধারণত কোনো দেশে আশ্রয়প্রার্থীদের সেই দেশের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়।

তাহলে কি শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা বলেন, শেখ হাসিনার গুরুত্ব বিবেচনায় ভারতের পক্ষ থেকে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে কিনা, সে বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ভারতের পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, “এই বিষয়ে আমাদের মন্ত্রণালয়ের পরবর্তী ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করুন। সেখানে মুখপাত্রের কাছে এ বিষয়ে জানতে পারবেন।”

ভারতের এক সাবেক কূটনীতিবিদ বলেছেন, “যদি ভারত শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে থাকে, আমি এতে অবাক হব না। এই পরিস্থিতিতে এটি সবচেয়ে স্বাভাবিক ও প্রত্যাশিত পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “ভারতে তিব্বতি শরণার্থীরা যেমন ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভ্রমণ করেন, শেখ হাসিনার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা হতে পারে। ভারতে যত দিন থাকবেন, তিনি নিশ্চয়ই নিষ্ক্রিয় থাকবেন না। দালাই লামার মতো তিনি রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন এবং প্রয়োজনে বিদেশ সফরও করবেন।”

সাবেক রাষ্ট্রদূত আরও বলেন, “শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম চালানোর জন্য তাকে ভারতের বাইরে যেতে হতে পারে, এবং এই বাস্তবতাকে অনুধাবন করে ভারত তাকে ট্রাভেল ডকুমেন্ট বা আইসি দিয়ে থাকলে, সেটি স্বাভাবিক ঘটনা।”

সূত্র: যুগান্তর

১ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে ছাত্রলীগ

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ সেপ্টেম্বর স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশে ৫ লক্ষাধিক শিক্ষার্থী জড়ো করার আশা করছে সংগঠনটি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এই ঘোষণা দেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাসের যুগান্তকারী সমাবেশ করতে যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। এটি হবে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং শোককে শক্তিতে রূপান্তর করতেই এই সমাবেশ।’

সাদ্দাম হোসেন বলেন, পাঁচ লাখ ছাত্রলীগ নেতাকর্মীর বাইরেও কয়েক লাখ সাধারণ শিক্ষার্থী সমাবেশে অংশ নেবে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে এটাই প্রমাণ হবে ১ সেপ্টেম্বর।

এর আগে আগামী ৩১ আগস্ট এ ছাত্র সমাবেশ করার কথা থাকলেও এইচএসসি পরীক্ষার বিষয় চিন্তা করে সেটি পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

ছাত্রলীগের সভাপতি জানান, ছাত্রসমাবেশ সফল করাসহ সারাদেশ থেকে শিক্ষার্থীদের ছাত্রসমাবেশে নিয়ে আসতে ছাত্রলীগ ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করেছে। একইসঙ্গে দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে দিনরাত প্রচারণা চালাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন সঞ্চালন করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।