Tag Archives: পিবিআই

চাঁদপুরে সাংবাদিকদের সাথে

চাঁদপুরে সাংবাদিকদের সাথে বিদায়ী পিবিআই পুলিশ সুপারের মতবিনিময়

চাঁদপুরে সাংবাদিকদের সাথে বিদায়ী পিবিআই পুলিশ সুপারের মতবিনিময়

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বিপিএম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বাবুরহাটস্থ পিবিআই পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বিপিএম।

তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরে দায়িত্বকালীন সময়ের কথা আমার অনেক দিন মনে থাকবে। এখানকার মানুষের ভালোবাসা অকৃত্রিম, আবেগ অপরিসীম। কর্মকালীন এই সময়ে যথাসাধ্য চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার। আর এই কাজ করতে গিয়ে অনেক সহযোগিতা পেয়েছি চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের। তাদের সহযোগিতায় আমার কাজগুলো করতে খুবই সহজ হয়েছে। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার পরবর্তী কর্মস্থল নারায়ণগঞ্জ জেলায়। সেখানেও কাজ করতে আপনাদের দোয়া কামনা করছি। পরিশেষে আমি সকলের সু স্বাস্থ্য কামনা করছি।

এসময় আরো বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মোঃ মহিউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ জাকির হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চাঁদপুর প্রতিনিধি নেয়ামত উল্যাহ, চাঁদপুর প্রেসক্লাব সদস্য মিজান লিটন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাঈদ হোসেন অপু চৌধুরী, বিডি কারেন্ট নিউজ পোর্টালের সম্পাদক শেখ মহসিন। এসময় চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিক সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় লাগেজ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় লাগেজ থেকে মাথা ও দুই পা বিচ্ছিন্ন অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুকুর পাড়ে একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সেটি খুললে এক তরুণীর মাথা এবং দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করা মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা জানিয়েছেন বেলা সাড়ে ১১টার দিকে এক যুবক লাল লাগেজটি নিয়ে গ্রামের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৫ বা ২৬ বছর হবে। পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।

মুরাদনগরে চুরি করতে গিয়ে দাদীকে খুন, জানাজা ও দাফনে অংশ নেয় ঘাতক

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গভীর রাতে দাদীর ঘরে চুরি করতে গিয়ে দেখে ফেলায় বটি দা’ দিয়ে কুপিয়ে হত্যা করে নিজেরই নাতি। দাদীকে খুন করে তার জানাযা ও দাফন কাজেও অংশ নেয় ঘাতক। হত্যায় ব্যবহৃত অস্ত্র পুকুরে ফেলে এসে স্বাভাবিক ভাবে ঘুমিয়ে পড়ে এই পাষন্ড খুনি।

বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যেমে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানান বৃদ্ধা আমেনা খাতুন হত্যা মামলার রহস্যের উদঘাটন করা হয়েছে। এই ঘটনার একমাত্র ঘাতক নাতি সাগর বাদশা(২২) গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

হত্যাকারী সাগর নিহত আমেনা বেগমের তৃতীয় সন্তান আবদুল মতিনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর মো: হিলাল উদ্দিন বলেন, চার বছর আগে সাগর তার দাদী আমেনা বেগমের স্বর্নের গহনা এবং টাকা পয়সা চুরি করে। সে ঘটনায় সাগর ও তার চাচাত ভাই হাসানকে ¯’ানীয় সালীশে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং গলায় জুতার মালা দিয়ে এলাকায় ঘুরানোর পর সে চরম অপমানিত হয় এবং ভবিষ্যতে সুযোগ পেলে প্রতিশোধ নিবে বলে পণ করে এলাকা ছেড়ে চলে যায়। দুই মাস পূর্বে সাগর আবারো গ্রামে আসে এবং সুযোগ পেয়ে গত (১২ই অক্টোবর) তার দাদীর ঘরে চুরি করতে যায়। সেসময় তার দাদী তাকে চিনে ফেলার কারনে পাশে থাকা বটি দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে এবং তার দেয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যাবহৃত একটা বটি, একটা ছুটি ও একটা লোহার রড পুকুর ঘাট থেকে এবং তার দাদীর ঘর থেকে চুরি করা ১০ লিটার সয়াবিন তেল তার চাচার ঘরের ড্রাম থেকে উদ্ধার করেছেন পিবিআই।

উল্লেখ্য: বুধবার (১২ অক্টোবর) মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের পশ্চিম পাড়ায় মৃত তালেব আলীর স্ত্রী আমেনা বেগমকে (৮২)কে মধ্যরাতে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এঘটনায় নিহতের ছেলে আবু ইউসুফ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।

৭ বছর ধরে নিখোঁজ লাকসাম বিএনপির দুই নেতা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ সাইফুল ইসলাম হিরু ও লাকসাম পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ূন কবীর পারভেজ গুমের সাত বছর পূর্ণ হচ্ছে আজ ২৭ নভেম্বর। দীর্ঘ সময়ে ওই দুই নেতার কোনো হদিস মেলেনি। স্বজনেরা তাঁদের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন।

এ ঘটনায় দীর্ঘ সময় পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। বাদী ও স্বজনেরা ওই প্রতিবেদনকে একপেশে ও মনগড়া উল্লেখ করে আদালতে নারাজি দেন। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি মাসের ১০ তারিখ আদালত মামলার তদন্ত করার জন্য এবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

জানতে চাইলে মামলার আইনজীবী বদিউল আলম সুজন বলেন, সিআইডি সাড়ে ৫ বছরে অন্তত ৬৩ বার আদালত থেকে সময় নিয়ে একটি মনগড়া প্রতিবেদন দিয়েছে। ওই তদন্ত প্রতিবেদন অগ্রহণযোগ্য। বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে আদালত এখন মামলা পিবিআইতে স্থানান্তর করেছেন।

পরিবার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাত সোয়া ৯টা থেকে রাত ১১টার মধ্যে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর সড়কে র‍্যাবের একদল সদস্য লাকসাম ফেয়ার হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-১২৬৫) আটক করেন। ওই অ্যাম্বুলেন্স থেকে র‍্যাব সদস্যরা লাকসাম উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি সাইফুল ইসলাম, পৌর বিএনপির তৎকালীন সভাপতি হুমায়ূন কবির ও পৌর বিএনপির তৎকালীন সহসাংগঠনিক সম্পাদক (বর্তমানে আওয়ামী লীগের নেতা) জসিম উদ্দিনকে তুলে নিয়ে যান। পরে র‍্যাব জসিম উদ্দিনকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অন্য একটি মাইক্রোবাসে তুলে দেয়। এরপর জসিম উদ্দিন এবং একই রাতে লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলামে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার হওয়া ১০ ব্যক্তিকে র‍্যাব লাকসাম থানায় হস্তান্তর করে। কিন্তু সাইফুল ইসলাম ও হুমায়ূন কবীরকে তারা থানায় হাজির করেনি। এরপর থেকে তাঁরা ‘নিখোঁজ’ রয়েছেন।

এ ঘটনায় ২০১৪ সালের ১৮ মে হুমায়ূন কবীর পারভেজের বাবা রংগু মিয়া কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা করেন। মামলায় র‍্যাব-১১-এর চাকরিচ্যুত প্রধান কর্মকর্তা (সিও) লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাহেদ রাজী, ডিএডি শাহজাহান আলী, উপপরিদর্শক (এসআই) কাজী সুলতান আহমেদ ও অসিত কুমার রায়কে আসামি করা হয়। ওই বছরের ৩১ আগস্ট মামলার বাদী রংগু মিয়া মারা যান। পরবর্তী সময়ে ২০১৪ সালের ১৫ অক্টোবর মামলার বাদী পরিবর্তন করা হয়। তখন হুমায়ূন কবীর পারভেজের ছোট ভাই ও রংগু মিয়ার ছোট ছেলে গোলাম ফারুককে এ মামলার বাদী করা হয়। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জালাল উদ্দিন আহম্মদ চলতি বছরের ২৭ আগস্ট মামলার তদন্ত প্রতিবেদন কুমিল্লার ৬ নম্বর আমলি আদালতে দাখিল করেন।

পাঁচ পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনের শেষাংশে উল্লেখ করা হয়, ‘পারভেজ ও হিরু নিখোঁজ হওয়ার বিষয়টি কোনো বিশেষ উদ্দেশ্য বা স্বার্থ হাসিলের লক্ষ্যে সিআর মামলায় বর্ণিত বিবাদীগণ কর্তৃক কথিত অপহরণপূর্বক গুমের ঘটনা হিসেবে সৃজন করা হইয়াছে মর্মে প্রতীয়মান হয়। ভবিষ্যতে সিআর মামলার ঘটনার বিষয়ে কোনো ক্লু উদ্‌ঘাটিত হলে অথবা কথিত ভিকটিমদ্বয় উদ্ধার হইলে মামলাটি পুনরুজ্জীবিত করার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।’

এরপর ১০ নভেম্বর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন রিমার আদালতে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন মামলার বাদী গোলাম ফারুক। আদালতের বিচারক এরপর এই মামলার তদন্ত দেন পিবিআইকে।