Tag Archives: প্রতিমন্ত্রী

তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ

ডেস্ক রিপোর্ট:

মন্ত্রিসভার টেকনোক্র্যাট তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তাদের পদত্যাগের প্রজ্ঞাপন আজই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হতে পারে।

বুধবার (২৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৯ নভেম্বর মন্ত্রিসভার তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন- ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

মন্ত্রিসভার যেসব সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত নন তাদের টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়।

এছাড়া প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টাও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা হলেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

বর্তমানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে মন্ত্রিসভায় রয়েছেন মোট ৪৮ জন। এই তিনজনের পদত্যাগের মাধ্যমে মন্ত্রিসভার আকার দাঁড়াল ৪৫ জনে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।

চলতি মেয়াদে বিসিএস ক্যাডার হয়েছেন ১৬০২৯ জন: প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সরকারের চলমান তৃতীয় মেয়াদে এ পর্যন্ত বিভিন্ন ক্যাডারে মোট ১৬ হাজার ২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের এক প্রশ্নের লিখিত উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ফরহাদ হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সর্বমোট ২ লাখ ৮টি পদ সৃজনের আদেশ দেওয়া হয়েছে। পদ সৃজনের প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক পদ সৃজনের জিও জারি করা হয়। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীন দপ্তর বা সংস্থাসমূহ শূন্য পদে নিয়োগ দিয়ে থাকে।

তিনি বলেন, বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সরকারের তৃতীয় মেয়াদে (২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত) ৩৭তম থেকে ৪২তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১৬ হাজার ২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শূন্য পদে নিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রায় সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।