Tag Archives: ফিলিং স্টেশনকে জরিমানা

কুমিল্লায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল, ফিলিং স্টেশনকে জরিমানা

কুমিল্লায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল, ফিলিং স্টেশনকে জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পেট্রোল পাম্পে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করার অভিযোগে মেসার্স জান্নাত ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১১ অক্টোবর) জেলার ঝাগরজুলি, কোরপাই-বুড়িচং ও দিঘিরপাড় এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, মেসার্স জান্নাত ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস রিফিল করে আসছে বলে অধিদপ্তরের কাছে একাধিক অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে গ্যাস রিফিলের সরঞ্জামসহ হাতেনাতে শনাক্ত করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। অন্যথায় আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল, গ্যাস কোম্পানির প্রতিনিধি এবং কুমিল্লা ডিলার মালিক সমিতির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

বুড়িচংয়ে তেল পরিমাপে গরমিল, ফিলিং স্টেশনকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

বুড়িচংয়ে তেল পরিমাপে গরমিল ধরা পড়ায় একটি ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়নামতি ইউনিয়নের নাজিরাবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মদিনা ফিলিং স্টেশন নামের একটি প্রতিষ্ঠানের একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০ মিলিলিটার কম তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ, মো. লুৎফর রহমান, প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয় এবং ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ।