Tag Archives: বঙ্গবন্ধু হল

প্রশাসনিক অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণ দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার দপ্তর তোফায়েল হোসেন মজুমদার স্বাক্ষরিত ও রেজিস্ট্রার দপ্তরের সিল সম্বলিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।

চিঠিতে তিনি বলেন, জনাব আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমি মো. তোফায়েল হোসেন মজুমদার গত ০৫/০৯/২০২৩ ইং তারিখ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণে আমার পক্ষে উক্ত দায়িত্ব পালন করা সম্ভবপর নয়। এমতাবস্থায়, আমি অদ্য ০৬/০২/২০২৪ ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করলাম। অতএব, উপর্যুক্ত প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

এদিকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার মূলত পদত্যাগ করার বিষয় হচ্ছে কিছু শিক্ষকদের ইস্যুর জন্য। যেমন শিক্ষকদের নিয়োগ বোর্ড আটকিয়ে রাখা, শিক্ষকদের প্রমোশন না দেওয়া, শিক্ষকদেরকে প্রাপ্য ছুটি না দেওয়া এবং নিয়ম বহির্ভূতভাবে নিয়োগপত্রে অযৌক্তিক শর্ত জুড়ে দেওয়া। এইগুলোর প্রতিবাদে আমি মনে করি যে এই প্রশাসনের সাথে থাকলে এই দায়ভার আমার উপরও চলে আসবে। প্রশাসনে সাথে থেকে এই বিষয়গুলো নিয়ে তো প্রতিবাদ করা যাবে না। তাই আমি হল প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করলাম।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২২ মার্চ দায়িত্ব পালনে উপাচার্যের সাথে সমন্বয়হীনতা ও অস্বস্তিবোধের কথা বলে পদত্যাগপত্র জমা দেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের।

পানি সংকটে কুবির বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা

পানি সংকটে কুবির বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন ব্লকের একপাশে পানির সংকট দেখা দিয়েছে। ফলে গোসল, খাবার পানি ও ওয়াশরুম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

জানা যায়, মোটর সমস্যা হওয়ার কারণে এ সমস্যা দেখা দিয়েছে। ফলে ট্যাংকে কম পানি উঠে ও ট্যাপে পর্যাপ্ত পানি থাকে না। ফলে বাধ্য হয়েই অন্য ব্লকে ভীড় করতে হচ্ছে শিক্ষার্থীদের।

এ বিষয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম সিফাত বলেন, গত দুই-তিনদিন যাবত আমাদের ব্লকে পানি নাই। অন্য ব্লকে গিয়ে পানি আনতে হচ্ছে। গোসলের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে। এছাড়া অন্য ব্লকের ওয়াশরুম ব্যবহার করতে হচ্ছে। এজন্য আমাদের বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক মো.আবু বকর সিদ্দিক বলেন, পানি সমস্যা নিয়ে কাজ হচ্ছে। আমাদের একটা পাম্প স্যাংশন (এটা কি) হয়েছে। ফাইলও উঠে গেছে আজকে। এরমধ্যে যে টেম্পোরারি প্রব্লেম হয়েছে এটা আশাকরি দ্রুত সমাধান হয়ে যাবে। পাম্পে পানি কম উঠতেছে এটা নিয়ে কাজ হচ্ছে৷ এটা সমাধান হয়ে যাবে।