Tag Archives: বাংলাদেশ ছাত্রলীগ

১ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে ছাত্রলীগ

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ সেপ্টেম্বর স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশে ৫ লক্ষাধিক শিক্ষার্থী জড়ো করার আশা করছে সংগঠনটি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এই ঘোষণা দেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাসের যুগান্তকারী সমাবেশ করতে যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। এটি হবে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং শোককে শক্তিতে রূপান্তর করতেই এই সমাবেশ।’

সাদ্দাম হোসেন বলেন, পাঁচ লাখ ছাত্রলীগ নেতাকর্মীর বাইরেও কয়েক লাখ সাধারণ শিক্ষার্থী সমাবেশে অংশ নেবে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে এটাই প্রমাণ হবে ১ সেপ্টেম্বর।

এর আগে আগামী ৩১ আগস্ট এ ছাত্র সমাবেশ করার কথা থাকলেও এইচএসসি পরীক্ষার বিষয় চিন্তা করে সেটি পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

ছাত্রলীগের সভাপতি জানান, ছাত্রসমাবেশ সফল করাসহ সারাদেশ থেকে শিক্ষার্থীদের ছাত্রসমাবেশে নিয়ে আসতে ছাত্রলীগ ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করেছে। একইসঙ্গে দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে দিনরাত প্রচারণা চালাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন সঞ্চালন করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

সম্মেলন ছাড়াই কমিটি ঘোষণা : বয়স্ক ও বিবাহিতরা মেঘনা ছাত্রলীগের নেতৃত্বে

ইমতিয়াজ আহমেদ জিতু:

বির্তক যেন পিছু ছাড়ছে না কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগকে ঘিরে। এবার সদ্য ঘোষিত মেঘনা উপজেলা ছাত্রলীগ কমিটি ঘিরে সমালোচনার ঝড় চলছে। বয়স্ক, বিবাহিত ও সন্তানের পিতা মোহসিন সোহাগকে (শাকিল) উপজেলা ছাত্রলীগের সভাপতি ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ অব্যাহত রেখেছে তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীরা। কোন প্রকার সম্মেলন ছাড়াই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করায় বির্তক ছড়িয়ে পড়ে।

২৪ এপ্রিল কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা শাখা ছাত্রলীগের পেইডে এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটিতে সভাপতি পদে মোহসিন সোহাগ, সহ সভাপতি পদে মো: আনোয়ার হোসেন , জাবের ভূইয়া ও খন্দকার সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: ফাহিম মিয়া ও মো: টিটু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক  পদে সাইফুল ইসলামকে রাখা হয়।

কমিটির সভাপতির পদ নিয়ে সবচেয়ে বড় অভিযোগ রয়েছে। সভাপতি পদে স্থান পাওয়া মোহসিন সোহাগ এর জাতীয় পরিচয়পত্রে নাম শাকিল । যেখানে তাঁর জন্ম তারিখ ২৭ ফেব্রুয়ারি, ১৯৮৩। সেই হিসেবে তাঁর বর্তমান বয়স প্রায় ৪০ বছর। যা ছাত্রলীগের পদে থাকার জন্য অনুপযুক্ত। তার প্রকৃত  বয়স লুকিয়ে সে জীবনবৃত্তান্ত জমা দিয়েছে বলে জানা গেছে। সে একটি জন্ম নিবন্ধন করেছে যেখানে তার বয়স ১০ বছর কমানো হয়েছে। সেখানে তার জন্ম সাল ১৯৯৩ । জন্ম নিবন্ধনে নামও পরিবর্তন করা হয়েছে। শাকিলের পরিবর্তে মোহসিন সোহাগ করা হয়েছে। এছাড়া মোহসিন সোহাগ বিবাহিত ও সন্তানের জনক। এছাড়া কমিটির আরো কয়েকজন রয়েছেন যারা নিস্ত্রিয় ছিলেন মাঠ পর্যায়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন লিখেছেন –

“ সম্মেলন ছাড়াই, সময়ের পূর্বে সম্পূর্ণ অসাংগঠনিকভাবে রাত ১২ টার সময় ফেসবুক প্রেস রিলিজের মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা মেঘনা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি দেওয়ায় সকলে তীব্র নিন্দা, প্রতিবাদ ও প্রত্যাখান করেছে। ‘’

এ বিষয়ে  মেঘনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামিউল হাসান সাঈদ  জানান, আমাদের কমিটি পূর্ণাঙ্গ না করে, কোন প্রকার সম্মেলন ছাড়াই রাতের অন্ধকারে এ কমিটি ঘোষণা করা হয়েছে।  বয়স্ক, বিবাহিত, সন্তানের জনক, অযোগ্য, নিস্ক্রিয়রা এ কমিটিতে স্থান পেয়েছে। প্রাণের সংগঠন ছাত্রলীগকে ধ্বংস করার পায়তারা চলছে। আমরা শুনেছি মোটা অংকের অর্থের বিনিময়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জানতে মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহসিন সোহাগের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন  জানান, সভাপতি মোহসিনের বিরুদ্ধে আনা  অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। যোগ্য ও সক্রিয়দের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ সন্ধ্যা ৬ টার মধ্যে কুবির সকল হল সিলগালার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের  চলমান উত্তপ্ত  পরিস্থিতিতে  সকল হল সিলগালাসহ বেশ কয়েকটি  সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬ টার মধ্যে সকল হল সিলগালা করা হবে।

কুবি প্রশাসনের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলো হল- পূজার বন্ধ চলাকালিন সময়ে হলগুলো সিলগালা থাকবে, আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তারিখের নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত থাকবে এবং ছাত্রলীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থান ও ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতির কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য যে, শনিবার (১ অক্টোবর) দুপুর ৩ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্ধশতাধিক মোটর সাইকেল নিয়ে শোডাউন ও বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক পক্ষের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বহিরাগতদের শোডাউন দিতে দেখা যায়। এর পাশাপাশি হলের সামনে বাজি ফুটানো হয়। এক সময় মোটরসাইকেল আরোহীদের মধ্য থেকে কয়েকজন বঙ্গবন্ধু হলের তৃতীয় তলা পর্যন্ত উঠে যেতে দেখা যায় । এ সময় মোটরসাইকেল শোডাউনের প্রেক্ষিতে সদ্য সাবেক কমিটির নেতা-কর্মীরা হল থেকে রামদা, লাঠি, রড নিয়ে বের হয়ে আসে। তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকীসহ প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যরা উপস্থিত হলে মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালিয়ে যায়। এরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি মূল ফটকে পুলিশ মোতায়েন করে।

 

 

নানা বির্তকে জর্জরিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ চলছে ৭ বছর ধরে

ইমতিয়াজ আহমেদ জিতু:
নানা বির্তক আর অনিয়মের বেড়াজালে জর্জরিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ। সাংগাঠনিক কার্যক্রমও চলছে দায়সারাভাবে। ছাত্রলীগের এখন বেহাল দশা। এ জেলা ছাত্রলীগের একটি ঐতিহ্য থাকলেও তা এখন ম্লান হওয়ার পথে। ছাত্রলীগের এ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বেশিরভাগ নেতাই বিবাহিত, কেউ প্রকাশ্যে আবার কেউ বা গোপনে সংসার করছে। এছাড়া জাতীয় দিবস ও দলীয় সাংগাঠনিক কর্মসূচি দায়সারাভাবে পালন, অনুষ্ঠানের নামে ফটোসেশন, উপজেলা পর্যায়ে দেয়া কমিটি নিয়ে বির্তকের সৃষ্টি, ছাত্রদল-শিবিরের কর্মীদের অনুপ্রবেশ, অছাত্র, মাদক সেবনকারি, মাদক ব্যবসায়িদের ছাত্রলীগে স্থান দেয়া নিয়ে রয়েছে নানা বির্তক।

অপি ও রুবেলের নেতৃত্বে ছাত্রলীগের ৬ বছর অতিক্রম :
কুমিল্লা জেলা সদর, সদর দক্ষিণ, লাকসাম, মনোহরগঞ্জ, লালমাই, বরুড়া, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা গঠিত। জানা যায়, ২০১৫ সালের ২০ জুলাই এক বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট জেলা দক্ষিণ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালিন সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। আবু তৈয়ব অপিকে সভাপতি ও লোকমান হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৭ সালের ২৪ জুন এ কমিটি বর্ধিত করা হয়। ঘোষণা করা হয় ২০৯ সদস্য বিশিষ্ট কমিটি। এ কমিটিতেও অপিকে সভাপতি ও রুবেলকে সাধারণ সম্পাদক রাখা হয়। তবে এ কমিটির মেয়াদ উল্লেখ করা হয়নি। এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির তৎকালিন সভাপতি সাইফুর রহমান সোহাগ আর সাধারণ সম্পাদক জাকির হোসাইন। যদিও এ কমিটি নিয়েও নানা বির্তক ছিল। ঘোষিত কমিটিতে ঠিকাদার, অছাত্র, সেলুন ব্যবসায়িদের স্থান দেয়া হয় বলে অভিযোগ ছিল। আবার অনেকের বিরুদ্ধে রয়েছে অস্ত্র, মাদকসহ বিভিন্ন মামলা। কমিটি ঘোষণার পর প্রথমদিকে সাংগাঠনিক কার্যক্রম দেখা গেলেও পরবর্তীতে তা দায়সারাভাবে পালন করা হয় বিভিন্ন সূত্র জানায়। এ কমিটি এখন ৬ বছর অতিক্রম করেছে । কবে নতুন কমিটি হবে ? বর্তমান কমিটি আরো কত বছর থাকবে তা অনেকেরই অজানা।

বিবাহিত ও সন্তানের পিতাদের আধিপত্য:
জানা যায়, জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি,যুগ্ম -সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ শতাধিক সদস্যই বিবাহিত জীবনযাপন করছেন। সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন এখন সন্তানের পিতা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রনেতা জানান, দক্ষিণ জেলার মত এক গুরুত্বপূর্ণ এলাকায় এক কমিটি এত বছর ধরে আছে, ভাবতে কষ্ট হয়। এসব ছাত্রলীগ নেতাদের অনেকের বয়সই ৩৫ এর উপর। অনেকেরই ছাত্রলীগ করার বয়স আর নেই। প্রায় অনেকেই বিবাহিত, সন্তানের পিতা। তাদেরকে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগে নিয়ে যাওয়া উচিত। নতুন অনেক ছাত্রনেতা আছে যাদের ছাত্রলীগে স্থান দেওয়া উচিত। এ কমিটি ভেঙ্গে দেওয়া উচিত।

ছাত্রলীগের নেতারা বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েছে:
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের অনেক নেতাই এখন বিভিন্ন পেশায় জড়িত। এ কমিটির অনেকেই এখন চাকুরীজীবি, ঠিকাদার ও ব্যবসায়ি । সভাপতি-সাধারণ সম্পাদক দুজনই নিজ উপজেলা রাজনীতি ও ঠিকাদারি ব্যবসা নিয়ে ব্যস্ত। বর্তমান কমিটির সভাপতি আবু তৈয়ব অপির পিতা মরহুম আবু তাহের ও চাচা আবু জাহের ব্রাহ্মনপাড়া উপজেলা নির্বাচনে আওয়ামীগের নৌকা প্রতিকের প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়। সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল নিজ উপজেলা চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চায়। নির্বাচনে প্রার্থীতার প্রকাশিত সংবাদ নিজেই ফেসবুকে শেয়ার করছেন লোকমান হোসেন রুবেল। বিভিন্ন সূত্রমতে, সভাপতি-সাধারণ সম্পাদক দুজনেই ঠিকাদারি নিয়ে ব্যস্ত। যুগ্ম সাধারণ সম্পাদক বরুড়ার জসিম উদ্দিন শাহিন এলজিইডির ঠিকাদার। বিবাহিতও বটে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রলীগ কমিটির এক নেতা জানান, বয়স হয়েছে। বিবাহ করেছি, সংসার হয়েছে। কিছু তো করে খেতে হবে। এ কমিটি কবে বিলুপ্ত হবে তা জানি না। তাই বসে থাকলে হবে না।

বর্তমান কমিটির অনেকেই এখন অন্য সংগঠনের সদস্য:
দীর্ঘদিন ধরে চলতে থাকা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটির সদস্যরা ক্রমেই অন্য সংগঠনে নিজেদের যুক্ত করে নিচ্ছেন। চলতি বছরের (২০২১ সাল) ২২ জুলাই জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। জেলা দক্ষিণ ছাত্রলীগের জেলা দক্ষিণ ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান রাতুল এখন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক রবিউল আলম রবি এখন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগাঠনিক সম্পাদক, জেলা দক্ষিণ ছাত্রলীগের সহ সম্পাদক রাশেদ মাহমুদ শাওন এখন জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য। বিভিন্ন সূত্রমতে, জেলা দক্ষিণ ছাত্রলীগের কমিটির প্রায় ৭ জন সদস্য জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের কমিটিতে স্থান পেয়েছে।

সভাপতি-সেক্রেটারির সাথে সমন্বয় নেই অন্যদের:
বিভিন্ন কমিটি ঘোষণা দেয়ার আগে সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির অন্য সদস্যদের কখনো আলোচনা করেন না বলে অভিযোগ রয়েছে। জেলা ছাত্রলীগের কমিটি হওয়ার পর এই ৫/৬ বছরে কোন পরিচিতি সভা হয়নি। ৬ বছরে দুয়েকটি বর্ধিত সভা হয়েছে। যদিও ৩ মাস পর পর বর্ধিত সভা হওয়ার কথা । পদের চিঠিটিও পায় নি কমিটির সদস্যরা। জেলা ছাত্রলীগের কমিটির এক সদস্য জানান, বিভিন্ন কমিটি ঘোষণা হওয়ার পর ফেসবুকে, সংবাদপত্রে আমরা দেখতে পাই। কমিটি হওয়ার আগে কোন আলোচনা হয় না।

দায়সারাভাবে চলছে জাতীয় ও দলীয় কর্মসূচীঃ
দায়সারা কর্মসূচী পালনের অভিযোগ রয়েছে এ কমিটির বিরুদ্ধে। নামেমাত্র ফটোসেশন কিংবা দায়সারাভাবে অনুষ্ঠান পালন করছে। এ নিয়ে তৃণমূলে বেশ ক্ষোভ রয়েছে। ২০১৯ সালের ১৩ জুন বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২০১৯-২০ সালের মেগা বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে আনন্দ মিছিল করার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু জানা যায়, জেলা দক্ষিণ ছাত্রলীগ সে নির্দেশনা পালন করেনি। কোন স্বাগত মিছিল করা হয়নি। এমনকি ওই বছরের একুশে আগষ্ট গ্রেনেড হামলার অনুষ্ঠানে জেলা আ’লীগের অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি অপি ছিলেন না। সাংগাঠনিক কার্যক্রমে নিস্ত্রিয় থাকার অভিযোগে ২০১৭ সালের ১৫ মে জেলা ছাত্রলীগের সভাপতি অপি ও সাধারণ সম্পাদক রুবেলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। চট্টগ্রামে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক অনুপস্থিত থাকায় তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

উপজেলা কমিটিগুলো নিয়ে নানা বির্তক ঃ
কুমিল্লা দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা কমিটিগুলো গঠন নিয়ে রয়েছে নানা বির্তক। অভিযোগ রয়েছে প্রায় অযোগ্য ব্যক্তিদের হাতেই তুলে দেয়া ছাত্রলীগের কমিটিগুলো। কয়েকটি উপজেলায় কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। এ জেলা কমিটির অধীনে ২৩ টি ইউনিট রয়েছে। প্রায়গুলোতে কিছু না কিছু বির্তক রয়েছে।

লালমাই উপজেলা ছাত্রলীগে ষষ্ঠ শ্রেণির ছাত্র :
লালমাই উপজেলা প্রতিষ্ঠার চার বছর পর চলতি বছরের ৫ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা দেন। কমিটিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগরকে সভাপতি ও বাগমারা উত্তর ইউনিয়নের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ওই কমিটিতে স্থান পায় ষষ্ঠ শ্রেণির ছাত্র আজমাইন আঞ্জুম নোয়েল। এ বিষয়টি জানাজানি হলে মুহূর্তে তা ভাইরাল হয়। পরে ৬ অক্টোবর বিকেলে আজমাইন আঞ্জুম নোয়েলকে অব্যাহতি দেওয়া হয়।

সদরে কমিটি নেই :
জেলা ছাত্রলীগ নেতা কবির শিকদার ও আনিছুর রহমান মিঠুর সময়ের পর সদরে আর কমিটি হয়নি। ২০০৪ সালে মামুন ছিলেন ওই সময়ের সভাপতি ও গাজী রিয়াজ ছিলেন সাধারণ সম্পাদক। পরে ২০১১ সালের ২৭ জুন আ ফ ম আহসান উদ্দিনকে সভাপতি ও জালাল উদ্দিন আহাম্মদকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর সদর উপজেলার আর কোন কমিটি হয় নি। বর্তমান কমিটির ৬ বছর পার হলেও তারাও ব্যর্থ হন কমিটি দিতে ।
বুড়িচংয়ে কমিটি নেই:
জানা যায়, ২০১৬ সালের ২৪ জুলাই মোঃ জালাল উদ্দিনকে সভাপতি ও মোঃ বাছির খানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বুড়িচং উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে জেলার সভাপতি অপি ও সম্পাদক রুবেল । কিন্তু একদিন পরেই ২৬ জুলাই কেন্দ্রীয় কমিটি বুড়িচং উপজেলার এ কমিটি বাতিল করে দেন। সূত্র জানায়, ওই সময়ের সাংসদ আব্দুল মতিন খসরুর অনুমতি ছাড়াই এ কমিটি করা হয়েছিল। এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা, বয়স সমস্যাসহ নানা অভিযোগ থাকায় এ কমিটি একদিনের বেশি স্থায়ী হয়নি। বর্তমানে বুড়িচং উপজেলা ছাত্রলীগের কোন কমিটি নেই বলে বিভিন্ন সূত্র জানায়।

বি পাড়া উপজেলার আহŸায়ক কমিটির মেয়াদ নেই:
জেলা দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হাসান পলাশকে বি-পাড়া উপজেলার ছাত্রলীগের আহŸায়ক করে তিন মাসের জন্য কমিটি ঘোষণা করেন জেলার সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল। যা এখনো চলছে। যা এখনো পুর্ণাঙ্গ হয়নি।

বরুড়া উপজেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত:
২০১৮ সালের ২৫ জুলাই ও ২৬ জুলাই নাজমুল হোসেন মজুমদারকে আহবায়ক করে ২৭ সদস্যের বরুড়া উপজেলা শাখা ছাত্রলীগ ও গোলাম ফারুক রুবেলকে আহবায়ক করে ২৩ সদস্যের বরুড়া পৌরসভা ছাত্রলীগের কমিটি প্রকাশ করে জেলা ছাত্রলীগ। অভিযোগ উঠে, অনৈতিক লেনদেনের মাধ্যমে গঠনতন্ত্র লংঘন করে বরুড়া উপজেলা শাখার ওই কমিটিতে অছাত্র, বিবাহিত, সরকারি চাকুরি, মাদক ব্যবসায়ী ও বয়স্ক লোকদের স্থান দেয়া হয়। জানা গেছে, গঠনতন্ত্র লংঘন করায় এ কমিটি প্রকাশে বিলম্বও করে তারা। ২৯ জুলাই কমিটি ঘোষণার দুই ঘণ্টার মাথায় কমিটিতে স্থগিতাদেশ দিয়ে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে জেলার দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরপর চলতি বছরের (২০২১ সাল) ৭ অক্টোবর বরুড়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে জেলা শাখা। জেলা সভাপতি আবু তৈয়্যব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আওতাধীন বরুড়া উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ০৭/১০/২০২১ ইং হতে বিলুপ্ত ঘোষণা করা হল।’ কমিটি বিলুপ্তির সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বরুড়া উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক নাজমুল হোসেন মজুমদার ও যুগ্ম আহ্বায়ক লিপন খন্দকার পূর্বের তারিখ দিয়ে ৮টি ইউনিটের কমিটি ঘোষণা করে। যেগুলো নিয়ে ইতিমধ্যে ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। অবৈধ সে কমিটিগুলো হলো- আড্ডা ডিগ্রি কলেজ, পয়ালগাছা কলেজ, ভাউকসার ইউনিয়ন, শাকপুর ইউনিয়ন, শীলমুড়ি উঃ ইউনিয়ন, খোশবাস দঃ ইউনিয়ন, পয়ালগাছা ইউনিয়ন ও ঝলম ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি। ছাত্রলীগের নেতারা বলছেন, বিবাহিত, শিবির নেতা, ছাত্রদল করা ও বয়স নাই এমন লোকদের দিয়ে বিলুপ্ত কমিটির নেতারা ইউনিয়ন ও কলেজ শাখা কমিটি দিয়েছে। আমরা এগুলো মানি না। অছাত্র, বিবাহিত ও দুই সন্তানের পিতাও স্থান পেয়েছেন এসব কমিটিতে। বাপ ছেলে এক কমিটিতে আছে, এমনও অভিযোগ আছে। এর মধ্যে ভাউকসার ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে শিবির নেতা মো. সাইফুল ইসলামকে। ২০১১ সালে নবম শ্রেণিতে পড়ার সময় সে শিবিরের সমর্থক হয়েছে। পরে ২০১৩ সালে কর্মী হয়। মুদাফ্ফরগঞ্জ স্কুলে সে শিবির নেতা ছিল। শিবিরের সেসময়কার দুটি ফরম প্রতিবেদকের হাতে এসেছে। পয়ালগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসমাইল পাটোয়ারি শিমুল বিবাহিত ও সন্তানের বাবা। তার শশুর বাড়ি পিলগিরি, শশুরের নাম শাহজাহান মুক্তার। সন্তানের নাম ইছাম। তার সঙ্গে সাধারণ সম্পাদক আনোয়ার পাটোয়ারিও বিবাহিত, তার ছাত্রত্বও নাই। প্রবাসে দীর্ঘদিন থেকে এসে এখন এলাকায় ব্যবসার পাশাপাশি যুবলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটির সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও সমাজসেবা সম্পাদকও শিবির থেকে আসা বলে স্থানীয় সূত্র জানায়। খোশবাস দক্ষিণ শাখায় সাধারণ সম্পাদক করা হয়েছে মো. ইয়াছিনকে। সে এবং তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এসব অবৈধ কমিটি ঘোষণা হওয়ার পর থেকে ফেসবুকে নানা অভিযোগ উত্থাপন করে পদত্যাগও করেছে অনেকে। অনেকে এ নিয়ে ধিক্কার জানাচ্ছেন। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ভূঁইয়া বলেন, ‘তালাক দেওয়ার ১১ মাস পর বাচ্চা হলে, বৈধ না অবৈধ? যারা নেতা হয়েছে, আমি তাদের সবাইকে চিনি। অনেক ত্যাগ, পরিশ্রম ও অর্থ ছাত্রলীগের জন্য দিয়েছে। ইনশাল্লাহ, তাদের জীবন নিয়ে খেলা লোকদের বরুড়া মাটিতে বিচার হবে, শুধু সময়ের ব্যাপার।’ পয়ালগাছা ইউনিয়ন শাখায় নতুন কমিটিতে যুগ্ম সম্পাদক হওয়া মিজানুর রহমান বলেন, ‘কোন প্রকার সমন্বয় ছাড়া একটি অনাকাংক্ষিত গঠণতন্ত্র বিরোধী কমিটির ঘোষণা হওয়ায় এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে অতি সত্বর কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে আমার নাম বাদ দেওয়ার জন্য অনুরোধ করছি। অছাত্র, বিবাহিত এই হজবরল আজব কমিটি থেকে মুক্তি চাই।’ আনোয়ার হোসাইন নামের ছাত্রলীগের এক নেতা বলেন, ‘বিকালে বিলুপ্তি সন্ধ্যায় ব্যাক ডেইট দিয়ে ইউনিয়ন কমিটি ঘোষণা। ১৫ নং পয়ালগাছা ছাত্রলীগ কমিটির সভাপতি বিবাহিত, সাধারণ সম্পাদক বিবাহিত, সাংগঠনিক সম্পাদক একজন জামাত শিবির থেকে আগত, আরেকজন দশম শ্রেণির ছাত্র। দু জনের কেউ ফরম নেন নি উপজলো থেকে। প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাত্রদল থেকে আগত। আরও অনেক সমস্যায় জর্জরিত এই কমিটি।’ এক ছাত্রলীগ নেতা বলেন, ‘অবৈধ কমিটির অবৈধ কমিটি ঘোষণা। বিকালে বিলুপ্ত, সন্ধ্যায় কমিটি ব্যাক ডেট দিয়ে। তাও আবার বাপ ছেলে এক কমিটিতে।’

ভাউকসার ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কাউছার খান প্রশ্ন করেছেন, ‘উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর, বিলুপ্ত কমিটি কলমের পাওয়ার দেখাইয়া ব্যাক ডেট দিয়ে দেওয়া কমিটি গুলোর বৈধতা কতটুকু?’ তার জবাবে আড্ডা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেন বলেন, ‘ভাইরে এগুলো বলে লাভ নাই, শিবিরের কমিটি দিয়েছে।’ এম এইচ ফাহিম নামের শাকপুর ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা বলেন, ‘ভাই আমাদের কমিটি টা তারা কি করলো? শিবির এবং ছাত্রদলের লোক দিয়ে কমিটি করছে। তারপর অছাত্র, বয়ষ্ক দিয়ে কমিটিটা করেছে। যারা দীর্ঘ দিন ধরে ছাত্রলীগ করে আসতেছে তাদেরকে সদস্য পদেও রাখা হয় নাই।

নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের কমিটি:
২০১৫ সালের ১৫ ডিসেম্বর আব্দুর রাজ্জাক সুমনকে সভাপতি ও ওমর ফারুক মামুনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এক বছরের কমিটি এখনও চলছে বলে জানা গেছে। এছাড়াও ২০১৬ সালের ৫ নভেম্বর নাঙ্গলকোট উপজেলায় মেমোরিয়াল সরকারি কলেজের ছাত্রলীগের কমিটি গঠন নিয়েও বেশ বির্তক হয়। কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহŸায়ক মো. ওবায়দুল হককে সভাপতি ও শিবির নেতাদেরকে পদায়িত করে ৬১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ। ওই সময় এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বরাবরে লিখিত অভিযোগ করা হয়। যদিও পরে ওই কমিটিতে কোন পরিবর্তন আসেনি।

সদর দক্ষিণ উপজেলা কমিটি নিয়েও বির্তক:
সুদীর্ঘ ১৬ বছর পরে চলতি বছরের (২০২১ সাল) ৫ অক্টোবর কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আব্দুল্লাহ আল মামুন অপুকে সভাপতি, তুহিন হোসেনকে সাধারণ সম্পাদক এবং মাধব চন্দ্র বৈষ্ণবকে সাংগঠনিক সম্পাদক করে সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। বিভিন্ন সূত্রমতে, এই কমিটির সাধারণ সম্পাদক তুহিন হোসেন এক সময় ছাত্রদল নেতা ছিলেন। বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীর কর্মী ছিলেন। জানা যায়, ২০১৬ সালে তুহিন ছাত্রলীগে যোগদান করে। উল্লেখ্য যে, ২০১৯ সালের ২৯ নভেম্বর পিপুলিয়া কলেজ মাঠে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ প্রায় দু’বছর পর সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়। এর আগে একবার সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহŸায়ক করা হয় মোঃ আয়াত উল্লাহকে। ওই কমিটি ছিল মৌখিক কমিটি। কাগজে-কলমে ছিল না। যুগ্ম আহŸায়ক ছিলেন ইকরাম হোসেন সুজন, কামরুল হাসান ভুট্টো। প্রথমে ২১ সদস্য, পরে আরো ২ জন বাড়ানো হয়।

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি :
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়েও বির্তক রয়েছে। যদিও কমিটি মেয়াদ উর্ত্তীণ। ২০২০ সালের ৩০ জানুয়ারি কামরুজ্জামান শামীমকে সভাপতি ও আমজাদ হোসেনকে (বিপ্লব) সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। যার মেয়াদ ছিল এক বছর। পরবর্তীতে এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হলেও ৭ মাস পর তা ওই বছরের সেপ্টেম্বর মাসে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির মেয়াদ চলতি বছরের (২০২১) জানুয়ারি মাসে শেষ হয়ে গেছে। জানা যায়, সভাপতি কামরুজ্জামান শামীম সদ্য বিবাহিত । সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের ছেলে । বিপ্লবের পিতা এখন আ’লীগের রাজনীতি করে বলে স্থানীয় সূত্র জানায় ।

লাকসাম উপজেলা ছাত্রলীগ:
২০২০ সালের ২৯ সেপ্টেম্বর কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের ১ বছর মেয়াদের কমিটি ঘোষণা করা হয়। উপজেলা ছাত্রলীগের কমিটিতে সালাউদ্দিন সানি সভাপতি ও আমিনুল ইসলাম তুষার সাধারণ সম্পাদক এবং পৌরসভা ছাত্রলীগের কমিটিতে সাইফ খাঁন স্বাধীন সভাপতি ও কাউছার আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এই কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগ:
২০১৭ সালের ১৪ জুলাই চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন- আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক কাউছার হানিফ, মতিউর রহমান জালাল, কাজী আল রাফি, মোঃ নুরুল আলম, আবদুল মোতালেব, সোহাগ মাহমুদ, খন্দকার মাসুদ ও আরিফুর রহমান। পরে দীর্ঘ ৪ বছর পর চলতি বছরের (২০২১) ৫ জানুয়ারি উপজেলা ছাত্রলীগের একটি কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি জানান, আমরা যখন নতুন কমিটি ঘোষণা দেই, এর আগে সংশ্লিষ্ট এলাকার সাংসদ, সাবেক ছাত্রনেতাদের সাথে আলোচনা করে কমিটি ঘোষণা দেই। আর আমাদের কমিটির যারা অভিযোগ করে তাদের সাথে আলোচনা করি না, তারা তো আমাদের বিভিন্ন সাংগাঠনিক প্রোগ্রামে আসে না। বসে বসে ভিত্তিহীন অভিযোগ করে। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ চট্টগ্রাম বিভাগের সবচেয়ে সক্রিয় সংগঠন। আমরা দায়িত্বশীলতার সহিত সকল জাতীয় ও দলীয় সাংগাঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দায়সারাভাবে কার্যক্রম পরিচালনার বিষয়টি ভিত্তিহীন। আমরা বেশ কয়েকটি বর্ধিত সভা করেছি। জেলা ছাত্রলীগের ৩ জন নেতা স্বেচ্ছাসেবকলীগের কমিটিতে গেছে। তারা আমাদের অবহিত না করেই গেছে। এ বিষয়ে আমরা কেন্দ্রে অবহিত করেছি। বরুড়ার ৮ ইউনিটের কমিটির বিষয়ে অপি জানান, যেহেতু বরুড়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, সেহেতু তাদের ঘোষিত ৮ কমিটিও বিলুপ্ত হবে। সদর দক্ষিণের ঘোষিত কমিটির সাধারণ সম্পাদকের বিষয়ে অপি জানান, সাধারণ সম্পাদক তুহিন ছাত্রদলের কর্মী ছিলেন না। একটা স্কুলের অনুষ্ঠানে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী এসেছিলেন , ওই সময়ে উনাকে ফুল দেয়া হয়েছিল। ওই সময়ের ছবিটি ফেসবুকে দেয়া হয়েছে। তা ভিত্তিহীন অভিযোগ। আমি সততার সাথে ছাত্রলীগের দায়িত্ব পালন করে যাচ্ছি । যতদিন দায়িত্বে আছি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো।

বহিস্কৃত নেতাকে দিয়ে তিতাস উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা ! ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কাউন্সিল বা সম্মেলন ছাড়াই গোপনে কমিটি ঘোষণা করায় বৈধতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

জানা যায়, বৃহস্পতিবার(২২ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক এবং সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) গাজী বোরহান উদ্দিন ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিতাস উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। একই বিজ্ঞপ্তিতে মেয়াদ উত্তীর্ণ পুবের্র কমিটিকে বিলুপ্ত করা হয়েছে।

আংশিক কমিটিতে কামরুল হাসান তুষারকে সভাপতি এবং খায়রুল খন্দকার রুবেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

ঘোষিত কমিটি নিয়ে তিতাস উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক তোফাজ্জল হোসেন তাঁর ফেসবুক ওয়ালে সমালোচনা করে লিখেন “ একটি অস্বচ্ছ পদ্ধতিতে সৃষ্ট তিতাস ছাত্রলীগের কমিটি বিতর্কের আরেকটি নতুন অধ্যায়ের সূচনা করলো” ।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যখন সারাদেশে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের কমিটি গঠন এবং বিলুপ্ত করা নিষেধ, সেখানে ঈদের পরদিন করোনা মহামারির এই কঠিন সময়ে গোপনে কমিটি ঘোষণা কোন উদ্দেশ্য হাসিলের জন্যই! আমি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি, অবৈধভাবে ঘোষিত এই কমিটির কার্যক্রম স্থগিত করে কুমিল্লা উত্তরের মেয়াদ উত্তীর্ণ সকল কমিটিকে গঠনতন্ত্র অনুযায়ী ঢেলে সাজানোর জন্য।

সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম বলেন, জেলা ছাত্রলীগ কর্তৃক বহিস্কৃত খায়রুল হাসান রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তার বাড়ী হোমনা উপজেলার নিলুখি গ্রামে। ছয় মাস আগে পাশের মেঘনা উপজেলা ছাত্রলীগের সম্মেলন হলেও এখন পর্যন্ত কমিটি ঘোষণা হয়নি। আমাদের এখানে কি এমন হয়েছে যে কোন রকমের পূর্ব ঘোষণা ছাড়াই কমিটি করে দিয়েছে। জেলা ছাত্রলীগের এই অনৈতিক কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই কমিটি বাতিল করা দাবী জানাচ্ছি। তা না হলে লকডাউনের পর কঠোর আন্দোলনে নামবে তিতাস উপজেলার তৃণমূলের নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ ফকির বলেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে এ কমিটি ঘোষণা করা হয়েছে। আর আমি দায়িত্বে থাকাকালীন সংগঠন বিরোধী কাজে জড়িত থাকায় খায়রুল খন্দকার রুবেল বহিস্কার করে ছিলাম। অন্য উপজেলার একজন বহিস্কৃতকে কিভাবে সাধারণ সম্পাদক পদে পদায়ন করে! এ কমিটি ঘোষণার মাধ্যমে ছাত্রলীগের গঠনতন্ত্রকে কবর দেয়া হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক বলেন, কমিটি করার প্রক্রিয়া দু’টি, একটি হলো সম্মেলনের মাধ্যমে, অন্যটি সম্মেলন ছাড়া। সম্মেলনের মাধ্যমে আনুষ্টানিকতা হলো লোক দেখানো। তিতাস উপজেলা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি না থাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের মৌখিক নির্দেশে প্রথম অধিবেশন ছাড়াই দ্বিতীয় অধিবেশন করেছি। এখন কারো কোন অভিযোগ থাকলে কেন্দ্রে করুক।

অন্য উপজেলার বহিস্কৃত লোককে পদায়ন করার প্রশ্নে তিনি বলেন, কে কোন উপজেলার সেটা বড় বিষয় নয়, সংগঠনে অবদান আছে কিনা যাচাই করে এলাকার গ্রহনযোগ্যাকে প্রধান্য দিয়েই কমিটি ঘোষণা করা হয়েছে। আর খায়রুল খন্দকার রুবেলের বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

শিক্ষিকা বিয়ে করলেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট:

ছাত্রলীগের পদে থাকাবস্থায় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে বিয়ে করলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাখা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মিয়া মোহামম্মদ রুবেল।

শুক্রবার ওই বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষিকা হাফছা জাহান হিয়ার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

একেবারে ধুমধাম করেই হয়েছে বিয়ে। গত বৃহস্পতিবার হয়েছে তাদের গায়েহলুদ। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ বিয়েতে দাওয়াত পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, প্রশাসনের কর্মকর্তাসহ অনেকেই। তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রায় সবাই। ময়মনসিংহের রাজনৈতিক ব্যক্তিরাও শুভেচ্ছা জানাতে এসেছিলেন তাদের। কমিউনিটি সেন্টার সূত্রে জানায়, প্রায় ৫০০ অতিথি আপ্যায়নের আয়োজন ছিল। উপস্থিত ছিলেন এর চেয়েও বেশি।

বর্তমান সাধারণ সম্পাদকের বিয়েতে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যেও ছিল অন্য রকম আনন্দ। নেতার প্রতি ভালোবাসা দেখিয়েই উপস্থিত ছিলেন তারাও। বিয়ের অনুষ্ঠানে এসে এ যুগলের সঙ্গে স্মৃতি হয়ে থাকার ছবি তুলেছেন প্রায় সবাই। পবিত্র সম্পর্কে জড়ানোর জন্য অভিনন্দন জানিয়েছেন সবাই। এদের অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেগুলো পোস্টও করেছেন। সেখানে রয়েছে এ যুগলের দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবেল জানান, তিনি কেন্দ্রীয় শাখা ছাত্রলীগকেও বিষয়টি জানিয়েছেন।

দেবিদ্বারে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

মোঃ জামাল উদিন দুলাল, দেবিদ্বারঃ

উপমহাদেশের প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাতাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে ও নানা কর্মসূচীর মাধ্যমে পালন করেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ।

সোমবার বিকালে দেবিদ্বার ছাত্রলীগের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানীর ব্যক্তিগত অফিস মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলার ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবলের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগে কৃষি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. নুরুল আমিন, মো. সাদ্দাম হোসেন, গুনাইঘর আ. লীগের সভাপতি মো. মোকবল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক মো. ওয়াদুল হাসান রাসেল, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম সুমন, নুরুদ্দিন, আশিকুর রহমান রাতুল, আনোয়ার হোসেন বাপ্পু, নাজমুল হাসান, সাব্বির আহমেদ পলাশ, শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তরা ছাত্রলীগের লড়াই সংগ্রামের দীর্ঘ ইতিহাসের স্মৃতিচারণ করে বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্রলীগ রক্ত ঝরিয়ে রাজপথে থেকেছে। ভবিষ্যতেও তাঁরা রাজপথে থেকে দেশের মানুষের মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করবে।

উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা।পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও ছিল ছাত্রলীগ। গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৭২ পেরিয়ে আজ ৭৩ বছরে পদার্পণ করল। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা হয়। অনুষ্ঠানটি সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়।

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক কাজী আল-রাফির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী জিএম মীর হোসেন মীরু, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, গুনবতী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ খোকন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মোতালেব, কাউছার হানিফ শুভ, মতিউর রহমান জালাল, নূর আলম, আরিফুর রহমান, সহ স্থানীয় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে কেককাটা ও চৌদ্দগ্রাম বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চৌদ্দগ্রাম বাজারসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় সাংসদ কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।