Tag Archives: বিএনপি

ফের ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপির

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ডাকা তৃতীয় দফার দেশব্যাপী অবরোধ কর্মসূচি শেষ হবে আগামীকাল শুক্রবার ভোর ৬টায়। চতুর্থ দফায় রোববার থেকে আবারও ৪৮ ঘন্টার দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

শুক্রবার বাদ জুমা নিহতদের স্মরনে দোয়া ও মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে।

এদিন সারাদেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হবে। শনিবার বিরতি দিয়ে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার বিকালে ভার্চুয়ালে এক সংবাদ সম্মেলনে এ নতুন কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফলের জন্য আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকারসহ সব অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলতেই থাকবে। বিজয় না হওয়া পর্যন্ত জনগণ এবার ঘরে ফিরবে না। এই আন্দোলনের বিজয় সুনিশ্চত।

রিজভী আরও জানান, বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারাদেশে গ্রেফতার করা হয়েছে ৩৬৫ জনকে। মামলা ১৩টি ও আসামি করা হয় ১ হাজার ৫৬৩ জনেরও অধিক নেতাকর্মীকে।

রিমান্ড শেষে কারাগারে বিএনপির খসরু-স্বপন

ডেস্ক রিপোর্ট:

পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় ৬ দিনের রিমান্ড শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও ডিবির পুলিশ পরিদর্শক মো. তরিকুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৩ নভেম্বর তাদের ৬ দিনের রিমান্ড দেন আদালত। ২ নভেম্বর গুলশানের একটি বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আটক করা হয়।

গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ ১৬৪ জনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন-স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জহির উদ্দিন স্বপন।

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তৃণমূল বিএনপির

ডেস্ক রিপোর্ট:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক যোগদান অনুষ্ঠানে এই ঘোষণা দেন দলটির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী।

তিনি বলেন, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব। তিনশ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি।

শমসের মুবিন বলেন, তৃণমূল বিএনপি দলীয় নিয়ম নীতি মেনে পরিচালিত হবে। প্রাইভেট কোম্পানি হবে না। তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।

তিনি বলেন, আমরা জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। সুষ্ঠু রাজনীতি হবে সুশাসনের ভিত্তি। নির্বাচনে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তারা তা অক্ষরে অক্ষরে পালন করবে, এটা আমাদের দাবি।

তৃণমূল বিএনপির চেয়ারম্যান আরও বলেন, তৃণমূল বিএনপিকে এমনভাবে সংগঠিত করতে চাই যাতে করে শুধু রাজনীতি নয়, বরং স্থানীয় পর্যায়ে জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করে জনগণের আকাঙক্ষার প্রতিফলন ঘটবে।

এর আগে সারাদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু নেতাকর্মী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আইনজীবী আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপিতে যোগ দেন।

এ সময় তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি গণতন্ত্রের নামে লাশের রাজনীতি করছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে। এদেশের রাজনীতিতে মানুষ পুড়িয়ে মারার যে পৈশাচিকতার প্রচলন বিএনপি করেছে, তা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পরিপন্থি। সরকারের দায়িত্ব হলো জনগণের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। জনগণের নিরাপত্তা সুরক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, ‘বিএনপি তথাকথিত রাজনৈতিক কর্মসূচি ও অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। গণতন্ত্রবিরোধী অপশক্তি বিএনপির গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করার শক্তি ও সামর্থ্য নেই বলেই তারা বরাবরের মতো অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো অগ্নিসন্ত্রাসের মাধ্যমে আগুনের লেলিহান শিখায় পোড়াচ্ছে সারা দেশ; মেতে উঠেছে নির্বিচার ভাঙচুর ও সহিংসতায়।’

তিনি জানায়, ‘অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, অর্থনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করা, মানুষ হত্যা ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক অপরাজনীতি চালিয়ে যাচ্ছে বিএনপি। তথাকথিত সরকার পতনের আন্দোলন ব্যর্থ হওয়ায় তাদের অন্তরের জ্বালা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ব্যর্থতার সেই আগুনে তারা বাংলার জনগণের আগামীর সম্ভাবনাকে পুড়িয়ে ছাই করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের অগ্নিসন্ত্রাস থেকে জীবন্ত-ঘুমন্ত মানুষ এবং নারী ও শিশু কেউই রেহাই পাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসী সংগঠন বিএনপি নেতারা ভার্চুয়াল সংবাদ সম্মেলনের নামে লাগাতার মিথ্যা, অপপ্রচার ও গুজব সৃষ্টি করছে। তাদের নেতাকর্মীদের সন্ত্রাস সৃষ্টির নির্দেশনা দিচ্ছে। একই সঙ্গে বিএনপি নেতারা তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও গুমের মিথ্যা অভিযোগ উত্থাপন করছে। বিএনপির ক্যাডার বাহিনীর যারা যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে, তারা নিজেরাই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকছে। অথচ বিএনপি সরকারের বিরুদ্ধে বরাবরের মতো গুমের মিথ্যা অভিযোগ উত্থাপন করছে।’

‘আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক নেতাকর্মী বিবেচনায় নয়, কেবলমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করছে। কোনো সন্ত্রাসী আত্মগোপনে থাকলে, তার দায় সরকারের ওপর চাপানো যায় না। আওয়ামী লীগ কখনো গুম, খুন, অগ্নিসন্ত্রাস ও বিরোধী দল দমনের রাজনীতি করে না। গুম, খুন ও সন্ত্রাসের রাজনীতি হলো বিএনপির মজ্জাগত আদর্শ। বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান এদেশে গুম ও খুনের অপরাজনীতির প্রচলন করেছিল।’

‘তৎকালীন সময়ে ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা মাহফুজ বাবুকে গুমের মধ্য দিয়ে এই ধারার সূচনা করে বিএনপি। সামরিক স্বৈরশাসক জিয়া ১৯৭৯ সালে বঙ্গবন্ধুর সময়ের দেড় শতাধিক আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্যকে জেলে বন্দি রেখে নির্বাচন আয়োজন করেছিল। এছাড়া আওয়ামী লীগের অর্ধশতাধিক সাবেক মন্ত্রী-এমপিদের প্রার্থিতা বাতিল করে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করেছিল। ২০০১-০৬ বিএনপি-জামায়াতের আমলে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। তারা সংবিধান পরিপন্থি অপারেশন ক্লিনহার্টের মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছিল।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। জনগণের শাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্রবিরোধী অপশক্তির যেকোনো ষড়যন্ত্র, নাশকতা, ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা বিশ্বাস করি যে, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে জীবনমানের উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন-সমৃদ্ধির চলমান অগ্রগতিকে যেকোনো মূল্যে সমুন্নত রাখবে জনগণ।’

আগাম জামিন পেলেন বিএনপির তিন নেতা

ডেস্ক রিপোর্ট:

বিএনপির তিন নেতা ও সুপ্রিম কোর্টে জৈষ্ঠ আইনজীবী হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। তারা হলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও যুগ্ম মহাসচিব এএম মাহবুবউদ্দিন খোকন।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সহিংসতার ঘটনায় রমনা থানায় দায়ের হওয়া নাশকতার পৃথক দুই মামলায় তাদেরকে আগাম জামিন দিয়েছেন আদালত।

একই সঙ্গে চার সপ্তাহ শেষে মহানগর দায়রা আদালতে তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আইনজীবী হিসেবে ব্যক্তিগত সুনামের দিক বিবেচনায় নিয়ে আগামী তিন সপ্তাহের জন্য তাদের জামিন দেওয়া হয়। তবে এ জামিনের আদেশ অন্য আসামিদের আগাম জামিনের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে না বলেও আদেশে উল্লেখ করেন উচ্চ আদালত।

এ সময় হাইকোর্ট বলেন, প্রধান বিচারপতির বাসায় হামলা বিচারবিভাগের হৃদপিণ্ডে আঘাত। যা জাতির কাছে ভালো বার্তা দেয় না। আদালতকে নিরাপদ রাখতে এই প্রাঙ্গনের বাইরে গিয়ে রাজনৈতিক কর্মসূচি পালনের অনুরোধ জানান তিনি।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির ডাকা মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার পুলিশ পরিদর্শক মফিজুর রহমান মামলাটি করেন। এই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ২৯ অক্টোবর কারাগারে পাঠানো হয়। মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা বেলা ১টার সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালান।

রাজনীতি নয়, বিএনপি নেতাদের গ্রেপ্তার অপরাধ সংশ্লিষ্টতায়: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার সঙ্গে সাক্ষাৎ করেন।

আইজিপি কেন এসেছিলেন- এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করেছি।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, না, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি।

বিএনপির বড় বড় নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এতে রাজনৈতিক সমস্যা সমাধান হবে কি না? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয়, এ প্রশ্নের জবাব সঠিকভাবে যে জায়গায় পাবেন সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার কাছে এটার কোনো উত্তর নেই।

রাজনৈতিক সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের (বিএনপি নেতা) রাজনৈতিক কারণে ধরা হয়নি, অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে। রাজনীতির সঙ্গে এটার কোনো সংযোগ নেই।

আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপিই ফাঁদে পড়েছে : কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলন নিজেরা করছে, নিজেদের আন্দোলন নিজেরাই ভন্ডুল করছে। সেদিন তারা নিজেরাই নিজেদের আন্দোলনকে বন্ধ করেছে। আমাদেরকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরা ফাঁদে পড়েছে।

রোববার (৫ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ অফিসে অনির্ধারিত বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যে বড় নেতারা আটক হয়েছে, তারা একজনও কী দায় এড়াতে পারবে? পুলিশ হত্যা থেকে শুরু করে সাংবাদিকদের ওপর আক্রমণ। পুলিশের ওপর আক্রমণ, বাস পুড়িয়ে হেলপার মারা, হাসপাতালে গিয়ে হামলা চালানো, এসব দায় মির্জা ফখরুলসহ কেউ কী এড়াতে পারে? যদি বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হয়, একজনও এড়াতে পারে না। নেতাদের নির্দেশে এসব অপকর্ম হয়েছে। সন্ত্রাস হয়েছে। কানাডার আদালত যথাযথ বলেছে, এটি একটি সন্ত্রাসী সংগঠন।

তিনি আরও বলেন, আমীর খসরু আওয়ামী লীগকে কখনো বঙ্গোপসাগরে ফেলে, কখনো কর্ণফুলীতে ফেলে, আবার কখনো বুড়িগঙ্গায় ফেলে, এখন নিজে কোথায় গেছে? খবরই নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেদিন তারা (২৮ অক্টোবর) যে নাটক সাজিয়েছিল, আপনারাই বলুন এই দল কি না করতে পারে। তারা সেদিন নাটক সাজিয়েছে, সেদিন সরকারের পতন হবে। সরকারের পতনের জন্য বাইডেনের ভুয়া দোস্ত এখানে আনছে। বাইডেন তো দূরে থাক, তার বাড়ি উল্লাপাড়া।

তিনি বলেন, হাসান সারওয়ার্দীর মতো চতুর লোক, যে বারবার সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, রিটায়ারমেন্টের পরে সেনাবাহিনীতে অপপ্রচার, গুজব যারা সৃষ্টি করে তাদের নায়ক হচ্ছে সারওয়ার্দী। তাকে নিয়ে আসছে।

২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি এবং জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের আটটি বিভাগ, আটটি বিভাগের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা নেওয়া হবে। আমাদের যারা মনোনয়ন সংগ্রহ করবে তাদেরকে ৫০ হাজার টাকা করে জমা দিতে হবে। কবে থেকে শুরু হবে সেটা আমরা জানাবো। প্রস্তুতি আমরা শুরু করেছি। আবার কেউ যদি অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করতে চান, সে সুযোগও আছে।

বিজিবি মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি খারাপ থেকে রক্ষা করার জন্য নজরদারি বাড়াতে মোতায়েন করা হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

বিএনপি নেতাকর্মীদের সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে: রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপি নেতাকর্মীদের সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে। এমন অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার ৪৮ ঘণ্টার টানা অবরোধ শুরুর সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গতকাল গভীর রাতে ঢাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম), আজ ভোরে রাজধানীর উত্তরা থেকে ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং গতকাল ঢাকা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ ইমরান সালেহ প্রিন্সকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে বলে জানিয়েছেন রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছেন। একদিকে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে। অন্যদিকে সিনিয়র নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীকে গ্রেফতারে ক্র্যাকডাউন শুরু হয়েছে। এটি যেন এক মহা তামাশা। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপির বন্ধ কার্যালয়ে ইসির চিঠি প্রেরণও ছিল আরেকটি তামাশা। আসলে সরকার নিজেদের অতি চালাক ভাবছে এবং সবকিছুতেই ধরাকে সরা জ্ঞান করছে।

রিজভী বলেন, নেতাকর্মীদের যেভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে তাতে এটি সুস্পষ্ট যে, আগামী নির্বাচন যে কোনো প্রকারে অনুষ্ঠিত করে আবারও রাষ্ট্রক্ষমতা দখলে নিতে বদ্ধপরিকর অবৈধ শাসকগোষ্ঠী। কিন্তু এবার আওয়ামী অবৈধ সরকারের এ স্বপ্ন বাস্তবায়িত হতে দেবে না জনগণ।

বর্তমান সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাস্তবায়ন ছাড়া জনগণ রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান রিজভী।

বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন আটক

ডেস্ক রিপোর্ট:

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী, সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‌্যাব।

রোববার ভোরে গাজীপুরের টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় তাকে আটক করা হয়।

২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আলতাফ হোসেন।

র‌্যাবের মিডিয়া কর্মকর্তা আল-আমীন গণমাধ্যমকে জানান, টঙ্গীতে আত্মগোপনে থাকাবস্থায় তাকে আটক করেছে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব সদর দপ্তরে আনা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে নেতাকর্মীদের গ্রেফতারের মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প দেখছে না বিএনপি। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একজন স্থায়ী কমিটির সদস্য যুগান্তরকে বলেন, সরকার বিএনপিকে ভাঙার তৎপরতায় নেমেছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। দুজন ভাইস চেয়ারম্যানসহ একাধিক নেতা হাইকমান্ডকে জানিয়েছেন, তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে কেন্দ্রীয় নেতাদের পরামর্শ দেওয়া হয়েছে।

স্থায়ী কমিটির ওই নেতা মনে করেন, সিনিয়র নেতাদের গ্রেফতারও এরই অংশ হতে পারে। তবে গত ১৫ বছর বিএনপিকে ভাঙার অনেক চেষ্টা হয়েছে; কিন্তু পারেনি। নির্বাচনের আগ মুহূর্তে তা একেবারেই অসম্ভব। বরং এখন আগের চেয়ে নেতারা আরও ঐক্যবদ্ধ।

একাধিক কেন্দ্রীয় নেতা মনে করেন, এ সরকার ক্ষমতায় থাকলে দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে মুক্তি দেওয়া হবে না। তাই সামনে ‘অসহযোগ’ আন্দোলন নাম দিয়ে অবরোধ ও হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ারও পরিকল্পনা রয়েছে। এ ছাড়া যুগপৎ আন্দোলনের বাইরে থাকা আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলও আগামী দিনে আন্দোলনে মাঠে থাকবে বলেও জানান নেতারা।

ভোটে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সংবিধানে এমন কিছু বলা নেই: ফারুক খান

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান বলেছেন, ভোটে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এটা সংবিধানেও লেখা নাই, পৃথিবীর কোনো আইনেও লেখা নাই। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে না।

শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। একজন প্রতিনিধি নিয়ে আওয়ামী লীগের পক্ষে সংলাপে অংশ নেন সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।

সংলাপ শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশন যে বক্তব্যগুলো দিয়েছে, যে ব্যবস্থাগুলো নিয়েছে, আমাদের সরকার সহায়তা করেছে, তার বাস্তব প্রতিফলন আমরা দেখছি। ১৯৭২ সালে নিয়ম ছিল যে ব্যালট পেপারের পেছনে সিল ও অফিসারের স্বাক্ষর থাকবে। তবে আটাত্তরের পর শুধু সিল রাখার ব্যবস্থা করা হয়। এবার আবার প্রতিটি ব্যালট পেপারের পেছনে সিল ও স্বাক্ষরের ব্যবস্থা রাখা হয়েছে। এতে নির্বাচন আরও সুষ্ঠু হবে।

এছাড়া আমাদের যে ব্রিফ দেওয়া হয়েছে, তাতে মনে করি সংবিধান সম্মতভাবে একটি সুষ্ঠু নির্বাচন হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ কখনো অরাজকতার নির্বাচন করেনি। আমাদের ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন। এখানে যেসব রাজনৈতিক দল নাম সর্বস্ব, যাদের ভোটার নাই, তারাই এরকম অভিযোগ করতে পারে বলে আমি মনে করি। সুতরাং যেসব রাজনৈতিক দলের সক্ষমতা নেই, জনসমর্থন নাই, জনগণের যাদের উপর আস্থা নেই, তারা-তো নির্বাচনে আসবেই না।

বিএনপি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড সহিংসতাপূর্ণ। এটি একটি দলের রাজনৈতিক কর্মসূচি বলা যেতে পারে না। তারা টেরোরিস্ট অ্যাকশন করছে।

বিএনপিকে ইসির সংলাপে আমন্ত্রণে চিঠি দেওয়া গেল না, এটি কি স্বাভাবিক ঘটনা, এমন প্রশ্ন করলে ফারুক খান বলেন, আমি মনে করি এটা বিএনপির জন্য লজ্জার। তারা অফিসে থাকবে না কেন?

বিএনপির বর্তমান কর্মসূচির বিষয়ে কোনো শঙ্কা ইসির কাছে আপনারা জানিয়েছেন কি না, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ইসি সেটা নিজেই জানিয়েছে কী ধরনের ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনের পরিবেশ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ আছে। ভবিষ্যতে আরও ভালো হবে।

ইলেকশন কমিশন জানিয়েছে নির্বাচনে ভোটারদের উৎসাহিত করার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালাবে। আমি মনে করি জনগণ তখন আরও বেশি উৎসাহিত হবে এবং আগামী নির্বাচনের জন্য আসবে বলে মন্তব্য করেন ফারুক খান।