Tag Archives: অপরাধ

বুড়িচংয়ে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করায় বহিরাগতকে ২ বছরের কারাদন্ড ও জরিমানা

কুমিল্লা প্রতিনিধি:

বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী ১২ টার সময় কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর শাহ ইসরাইল কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালে মো: তাজুল ইসলাম সিফাত (২০) নামে একজন বহিরাগত উক্ত মাদ্রাসার ২য় তলার জানালার কার্নিশে উঠে দাখিল পরীক্ষার্থীদের নকল স্বরুপ লিখিত কাগজ সরবরাহ করে।

তাৎক্ষনিক বুড়িচং উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম সেখানে কর্তব্যরত পুলিশকে নকল সরবরাহকারী মো: তাজুল ইসলাম সিফাত কে আটকের নির্দেশ দিলে তাকে পুলিশ আটক করে। সে স্বেচ্ছায় দোষস্বীকার করায় মোবাইল কোর্ট আইনের পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী তাকে ০২ ( দুই) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম। এছাড়া কাকিয়ারচর মাদ্রাসায় নকল করার দায়ে এক শিক্ষার্থী কে বহিষ্কার করা হয়েছে।

একাজে সহযোগিতা করেন কেন্দ্র সচিব মো: হাফেজ আহমেদ মজুমদার, ট্যাগ অফিসার এ টি ই ও মো: আব্দুল খালেক এবং দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্য গণ।

সারা দেশে অপরাধ দমনে মাঠে নেমেছেন ৬৫৩ ম্যাজিস্ট্রেট

ডেস্ক রিপোর্ট:

তপশিল অনুযায়ী আজ শুক্রবার সকাল থেকে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনের বাকি আর দুদিন। এর আগেই সারা দেশে নির্বাচনী অপরাধ দমনে মাঠে নেমেছেন ৬৫৩ জন ম্যাজিস্ট্রেট।

ভোটের আগের দুইদিন, ভোটের দিন ও ভোটের পরের দুইদিন (৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) পর্যন্ত মোট (পাঁচ) দিনের জন্য নির্বাচনী এলাকায় ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করা হয়েছে।

মাঠে থাকা এসব ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনকালে কোনো নির্বাচনী অপরাধ বিচারার্থে আমলে নেওয়া হলে তৎমর্মে প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) প্রেরণ করবেন।

ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনকালে একজন বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিজ নিজ অফিস প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রাজনীতি নয়, বিএনপি নেতাদের গ্রেপ্তার অপরাধ সংশ্লিষ্টতায়: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার সঙ্গে সাক্ষাৎ করেন।

আইজিপি কেন এসেছিলেন- এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করেছি।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, না, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি।

বিএনপির বড় বড় নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এতে রাজনৈতিক সমস্যা সমাধান হবে কি না? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয়, এ প্রশ্নের জবাব সঠিকভাবে যে জায়গায় পাবেন সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার কাছে এটার কোনো উত্তর নেই।

রাজনৈতিক সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের (বিএনপি নেতা) রাজনৈতিক কারণে ধরা হয়নি, অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে। রাজনীতির সঙ্গে এটার কোনো সংযোগ নেই।

‘আমলযোগ্য অপরাধ ছাড়া সাইবার আইনে বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ নেই’

‘আমলযোগ্য অপরাধ ছাড়া সাইবার আইনে বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ নেই’

ডেস্ক রিপোর্ট:

সাইবার নিরাপত্তা আইনে (সিএসএ) আমলযোগ্য অপরাধ ছাড়া বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেসব ধারা নিয়ে সাংবাদিক মহলের আপত্তি ছিল, সেই ধারাগুলোর আমূল পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার সকালে তার নির্বাচনি এলাকা আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর উচ্চ বিদ্যালয়ে দলীয় বর্ধিতসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় আনিসুল হক জানায়, যেসব প্রশ্ন উত্থাপন করা হয়েছে, এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যাখ্যা। পাশাপাশি হ্যাকিং সংক্রান্ত বিষয়টি আগের আইনে ছিল না, যা এবার নতুন করে সংযোজন করা হয়েছে। আর এই আইনে অন্যের কম্পিউটারে ঢুকে কোনো তথ্য-উপাত্ত নষ্ট করলে চৌদ্দ বছরের সাজা।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মজনু মিয়ার সভাপতিত্ব করেন। এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, হীরাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মুরাদনগরে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে ভাতিজার রডের আঘাতে চাচার মৃত্যু

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে দ্ব›েদ্বর জেরে ভাতিজার রডের আঘাতে চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার সদর ইউনিয়নের দিলালাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত চাচা নুরু মিয়া (৯০) দিলালপুর গ্রামের দেওয়ান বাড়ীর মৃত চাঁন মিয়ার ছেলে।

অপরদিকে ঘাতক অলি উল্লাহ (৩০) ও রহমত উল্লাহ (২০) নিহতের ভাই আলী আকবরের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃষ্টির সময় চাচা নুরু মিয়ার বসত বাড়িতে ভাতিজার বাড়ির পানি গড়াত। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাতিজা অলি উল্লাহর পরিবারকে বৃষ্টির পানি অন্যদিক দিয়ে চলাচলের ব্যবস্থা করে দিতে বলে চাচা নুরু মিয়া। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা ঘর থেকে একটি রড এনে চাচার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি নিহত নুরু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে দু’জনের বিরুদ্ধে মামলা দয়ের করেছে। পুলিশ একজন আসামীকে গ্রেফতার করেছে। বাকী আসামীকে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।

কুমিল্লায় ডিসেম্বরে ৪৪৯টি অপরাধ সংঘটিত: বেড়েছে ৮ ধরনের অপরাধ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় মাদক ও চুরি-ছিনতাইসহ অতীতের কয়েক মাসের তুলনায় বেকর্ড পরিমাণ অপরাধ বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটায় গত বছরের অক্টোবর ও নভেম্বরের তুলনায় ডিসেম্বরে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয়েছে। সবশেষ নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ৭৯টি বেশি অপরাধ সংঘটিত হয়। এরমধ্যে অপহরণ, সিঁদেল চুরি, চুরি-ছিনতাই, অস্ত্র আইন, দ্রুত বিচার, মাদকদ্রব্য ও অন্যান্য অপরাধসহ ৮ ধরনের অপরাধের পরিমাণ বেড়েছে।

কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির দেওয়া তথ্য মতে, ডিসেম্বরে কুমিল্লা জেলায় ৪৪৯টি অপরাধ সংঘটিত হয়েছে। এছাড়া অক্টোবরে ৪২৩ এবং নভেম্বরে ৩৭০টি অপরাধ সংঘটিত হয় কুমিল্লা জেলায়।

পরিসংখ্যানে দেখা গেছে, ডিসেম্বর মাসে সংঘটিত ৪৪৯টি অপরাধের মধ্যে খুন, নারী ও শিশু নির্যাতন, সিঁদেল চুরি, চুরি-ছিনতাই, চোরাচালান ও মাদকদ্রব্য বিক্রি ও বহনসহ অপরাধের তালিকার শীর্ষে কুমিল্লার সদর উপজেলার আওতাধীন কোতোয়ালি থানা। এই উপজেলায় সংঘটিত ৬৩টি অপরাধের মধ্যে রয়েছে চাঞ্চল্যকর দুটি খুন। এছাড়াও ৫টি নারী ও শিশু নির্যাতনের ঘটনাসহ রয়েছে ৩টি চুরি ও ছিনতাইয়ের ঘটনা। ১৭ উপজেলা ও ১৮টি থানার মধ্যে কুমিল্লা সদরের পরের অবস্থানে রয়েছে অপরাধের তালিকায় রয়েছে দাউদকান্দি। এই উপজেলায় গত ডিসেম্বর মাসে ৫১টি অপরাধ সংঘটিত হয়েছে। এই উপজেলায় খুনের ঘটনা না থাকলেও রয়েছে নারী ও শিশু নির্যাতন, অপহরণ, মাদকদ্রব্য ছাড়াও ২৮টি অপরাধ। এর পরের অবস্থানে রয়েছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা। ডিসেম্বরে এই উপজেলায় খুন, দস্যুতা, নারী ও শিশু নির্যাতন, সিঁদেল চুরি, চুরি-ছিনতাই, অস্ত্র আইন ও মাদকদ্রব্যসহ ৪৯টি অপরাধ সংঘটিত হয়েছে।

গত ১০ জানুয়ারি কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির দেওয়া তথ্যে আরও জানা গেছে, কুমিল্লা সদর, সদর দক্ষিণ ও দাউদকান্দি ছাড়াও চৌদ্দগ্রামে ২৭, নাঙ্গলকোটে ১২, লাকসামে একটি খুনসহ ০৯, মনোহরগঞ্জে ০৯, বুড়িচং ৩১, ব্রাহ্মণপাড়ায় ৩৬, বরুড়া ২৮, চান্দিনা ৩৬, তিতাস ২৬, মেঘনায় ০৮, হোমনায় ০৭, মুরাদনগর ২৭, দেবিদ্বারে ১৯, লালমাইয়ে ১১টিসহ সর্বমোট ৪৪৯টি অপরাধ ঘটেছে কুমিল্লায়। এটি সাম্প্রতিক সময়ে অপরাধকর্মের রেকর্ড এবং এতে বোঝা যায় জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সামান্য অবনতি ঘটেছে।

তবে এ জেলায় নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ৫টি অবৈধ অস্ত্র বেশি উদ্ধার হয়েছে। একটি করে পিস্তল, পাইপগান, এলজি ও ৩ রাউন্ড গুলিসহ ডিসেম্বরে ৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা কমিটির ওই সভায় অপরাধ বেড়েছে এমন অভিযোগ উঠলে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, অপরাধ দমনে পুলিশ কাজ করছে। তিনি জানান, কুমিল্লায় তিনি নবাগত। আসার মাত্র সপ্তাহ অতিক্রম করেছে। কুমিল্লা একটি বড় জেলা। এই জেলার আইন শৃঙ্খলা রক্ষাকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। কুমিল্লায় জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্যের পরিমাণ খুবই অপ্রতুল। এই জেলায় প্রায় ১২শ’ জন মানুষের বিপরীতে রয়েছেন মোটে একজন পুলিশ সদস্য। এ কারণে এই জেলায় অপরাধ দমনে পুলিশকে সহযোগিতার জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

কুমিল্লা আইনশৃঙ্খলা কমিটির সভার তথ্যে আরও জানা যায়, অপরাধ দমনে কুমিল্লা ১৭ উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ডিসেম্বর মাসে ৪১৬টি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে ১ হাজার ৯৯৬ টি মামলা দায়ের করা হয়। আর জরিমানার পরিমাণ ছিল ২৪ লাখ ৯৩ হাজার ৮৪০ টাকা। এছাড়া দুই হাজার ৩২৯ টাকা অর্থদণ্ডসহ ৪ ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

সভায় কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, অপরাধ দমনে এবং কুমিল্লা শহরের ফুটপাত ও সড়ক দখল, সরকারি সম্পত্তি বেদখল ও গোমতী নদীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত হয়েছে। এছাড়া খাদ্যে ভেজাল ও বাজার স্থিতিশীল রাখতে অভিযোগ পেলেই অভিযান চালানো হবে।

সূত্র: বা.ট্রি.