Tag Archives: বৈদ্যুতিক শর্ট সার্কিট

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে গার্মেন্টসের দুই শ্রমিকের মৃত্যু, আহত ১

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে গার্মেন্টসের দুই শ্রমিকের মৃত্যু, আহত ১

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আমির শাটর্স্ লিঃ গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের ঘটনায় গুরুতর আহত তিনজনের মধ্যে দুই শ্রমিক মারা গেছেন।

শুক্রবার (১লা মে) দুপুর আনুমানিক ১১ঘটিকায় ঢাকা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একরাম হোসেন (৩৫) নামে এক শ্রমিক। নিহত একরাম উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের মৃত মহসীন ভুইয়ার ছেলে। সে আমির শার্টস এর বয়লার অপারেটর (ইলেকট্রিশিয়ান) হিসেবে কর্মরত ছিল।

এর আগে গত বৃহস্পতিবার একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজ্জাদ হোসেন নামে এক নিরাপত্তা কর্মী। নিহত সাজ্জাদ পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী কাজীবাড়ির বাসিন্দা।

বৈদ্যুতিক শর্ট-সার্কিটের ঘটনায় আহত আরেক শ্রমিক ওয়েল্ডার রবিউল হোসেন ঢাকা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সকাল আনুমানিক ৭.৫০ ঘটিকায় বয়লার অপারেটর একরাম গার্মেন্টসের বিদ্যুতের মুল সুইচ অন করে। এসময় হঠাৎ করেই গার্মেন্টসের বৈদ্যুতিক লাইনে শর্ট-সার্কিট ঘটে। এতে আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার সৃষ্টি হলে আমির শার্টস্ গার্মেন্টসের সিকিউরিটি কর্মী মোঃ সাজ্জাদ, বয়লার অপারেটর একরাম এবং ওয়েল্ডার রবিউল আহত হন। দুর্ঘটনার পর সহকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা বার্ন হাসপাতালে প্রেরণ করে এ প্লাস গার্মেন্টস কর্তৃপক্ষ।

আমীর শার্টস লি: গার্মেন্টসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার একরামুল হক জানান, গত বুধবার সকালে ফেক্টরী চালু করার জন্য সুইস অন করার সময় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে দ্বারা গুরুতর আহত হয়। এসময় তাদেরকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেলে এবং পরে ঢাকা বার্ন হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা যায়। কোম্পানির রুলস এবং বিজিএমইএ এর সকল রুলস অনুযায়ী নিহত এবং আহতদের সকল ধরনের ক্ষতিপূরণ প্রদান করা হবে। এর বাইরে তাদের পরিবারের সদস্যদের পড়ালেখার দায়িত্বসহ নানান সহযোগিতা প্রদান করবে কর্তৃপক্ষ।

নোয়াখালীতে আগুনে পুড়ল ১০ দোকান

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তদোকান মালিকরা।

সোমবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের উদয়সাধুরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশনের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সব তথ্য নিশ্চিত করে মাইজদী ফায়ার স্টেশনের সিনয়ির অফিসার মো.কবির হোসেন। তিনি বলেন, উদয় সাদুরহাট বাজারে প্রায় শতাধিক দোকান রয়েছে। রাতে একটি হার্ডওয়্যার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে মুদি দোকান, ওষুদ দোকান, কীটনাশক দোকান, কসমেটিকস দোকানসহ ১০টি দোকান পুড়ে যায়।

মো.কবির হোসেন আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ১০টি দোকান পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ইলেকট্রনিক্সের গোডাউন পুড়ে ছাই

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় আতিক ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক নামের একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১ টায় উপজেলা সদরের মোকামবাড়ি এলাকায় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের গোডাউনে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান মো. রাব্বি খান জানান, অগ্নিকাণ্ডে তাদের গোডাউনে রক্ষিত ৬০টি ফ্রিজ, ২০টি টিভি, ৬টি এসি,৭টি এয়ারকুলার, ইলেকট্রিক এবং ক্রোকারিজ মালামাল ভষ্মিভূত হয়। এতে ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিস এর দমকল কর্মীরা এক ঘন্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে চান্দিনা ফায়ার স্টেশনের সাব-স্টেশন অফিসার সাবের আহমদ জানান, প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।