Tag Archives: ব্রাহ্মণবাড়িয়া জেলা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি থেকে ওষুধ কোম্পানির মালিক, কোম্পানী সিলগালা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় “লরেল ভিস্তা” নামে অনুমোদনহীন ওষুধ কোম্পানীকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের ওই কোম্পানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় ওই কোম্পানীর মালিক কামরুল হাসান চকদারকে দুই লাখ টাকা জরিমানা এবং ওষুধ বানানোর বেশ কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলার নাসিরনগর উপজেলার কামরুল হাসান চকদার নামে এক ব্যক্তি কালিসীমা গ্রামের একটি বাড়ি ভাড়া নিয়ে “লরেল ভিস্তা” নামে গবাদী পশুর একটি ওষুধ কোম্পানি গড়ে তুলেন। তৈরি হতো অনুমোদনহীন ৪৯ ধরণের ওষুধ। নেই কোন কেমিস্ট। ওষুধ কোম্পানির এক সময়কার বিক্রয় প্রতিনিধিই বানাতেন এসব ওষুধ।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়া ওই কোম্পানিতে অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, ওই বাড়িতে গবাদি পশুর ওষুধ বানাতেন কামরুল হাসান চকদার। বাজার থেকে পাওয়া চাহিদা অনুযায়ী ৪৯ ধরণের ওষুধ বানানো হতো এতে। ‘লরেল ভিস্তা’ নামে কোম্পানির নাম দিয়ে ওষুধ বাজারজাত করা হতো। এর কোনো অনুমোদন নেই। অভিযানের সময় ওই কোম্পানিতে কোনো কেমিস্ট পাওয়া যায়নি, মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই, ওষুধের মোড়কের গায়ে মিথ্যা তথ্য দেয়া হয়েছে, মেয়াদোত্তীর্ণ ওষুধের প্যাকেট পরিবর্তন করে নতুন প্যাকেটে ওষুধ ভর্তি করে বিক্রি করা হতো। কামরুল হাসান চকদার আগে ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

সরাইল প্রেসক্লাবের আয়োজনে ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

অন্যান্য বছরের ন্যায় এবারও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের আয়োজনে ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা আন্দোলন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯৪৭ সালের ২১ ডিসেম্বর সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভাষা আন্দোলনের ডাক দেয়। এই দিবসটিকে মানুষের কাছে তুলে ধরতে সরাইল প্রেসক্লাবের সদস্যরা এক আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা, স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য সচিব শাহজাহান আলম সাজু, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মোঃ মোতাসিম বিল্লাহ, সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মেজবাহ উদ্দিন ঠাকুর, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেব নাথ, আবৃত্তি সমম্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, সরাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ প্রমুখ, আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সম্পাদক মাহবুব খান বাবুল।

এসময় বক্তারা বলেন, ১৯৪৭ সালে তমুজউদ্দিন মজলিস ও মুসলিম ছাত্রলীগের যুক্ত কমিটির আহবানে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে ঢাকায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ১৯৪৭ সালের ২১ ডিসেম্বর সরাইলের তৎকালীন প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা রাষ্ট্র ভাষাকে বাংলা করার দাবি করেন। ১৯৪৮ সালের ৫ জানুয়ারি ভারতের আনন্দবাজার পত্রিকা খবরটি প্রকাশ করে।

আজ ৭৩ বছর পরেও আমরা অনেকেই বিষয়টি জানিনা। নতুন প্রজন্মকে বিষয়টি জানানোর জন্য সরাইল প্রেসক্লাব বিগত বছর ধরে দিবসটি পালন করে আসছে। এমন একটা মহৎ কাজের জন্য সরাইল প্রেসক্লাবের সকলকে ধন্যবাদ জানান।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কে বাড়ছে ডাকাতি

 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে যাত্রীবাহী অটোরিকশায় ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে সড়কের বড্ডাপাড়া (হেলিপ্যাড) এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।

দুলাল মিয়া (৩২) নামের এক যাত্রীকে মারধর করে নগদ টাকা মুঠোফোন ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। এ সড়কে চলাচলকারী যাত্রীরা জানায়, গত কয়েকদিন ধরে এ সড়কের বড্ডা পাড়া ব্রীজ থেকে শুরু হয়ে সরাইল কলেজের মোড় পর্যন্ত সম্প্রতি রাতের বেলায় ডাকাতি বেড়ে গেছে।

ডাকাতের কবলে পড়া দুলাল মিয়া জানান, গভীর রাতে চিকিৎসা শেষে স্ত্রী পারভিনকে (২৭) নিয়ে জেলা সদর হাসপাতাল থেকে নিজ বাড়ি কালিকচ্ছ মনিরবাগের উদ্যেশ্যে রওনা দেন। বিশ্বরোড মোড় থেকে ব্যটারি চালিত অটোরিকশা নিয়ে কালিকচ্ছ যাচ্ছিলেন। রাত ১২টার দিকে বড্ডাপাড়া হেলিপ্যাড বরাবর স্থানে গামছা দিয়ে মুখ বাঁধা ৪ জন লোক তাদের অটোরিকশাটি গতিরোধ করে। তাদেরকে মারধর করে বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করে। তাদের কাছে থাকা নগদ ২৯ হাজার ৭৩০ টাকা ও তিনটি মুঠোফোন সেট ছিনিয়ে নেয় ডাকাতদল।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম এম নাজমুল আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি। খুঁজ খবর নিয়ে দেখছি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর নোয়াগাঁও পূর্বপাড়ার মো. মুর্তুজ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০) রাত সাড়ে ১০টার দিকে বাড়ির উদ্যেশ্যে বিশ্বরোড থেকে সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। রাত আনুমানিক ১১টার দিকে তাকে বহনকারী অটোরিকশাটি খাদ্য গুদামের বরাবর আসামাত্র ৮-১০ জনের মুখোশধারী এক দল ডাকাত গাছ ফেলে আটকে দেয়। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোহাম্মদ আলীর মুঠোফোন নিয়ে নেয়। সাথে থাকা ৩ হাজার টাকাও ছিনিয়ে নেয়। এর আগে গত ২৮ নভেম্বর একই জায়গায় রাত সাড়ে ১১টার দিকে শাহআলম মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে বহনকারী সিএনজিকে আটক করে সংঘবদ্ধ এক দল ডাকাত।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা ট্রান্সপোর্টের যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১,আহত ৮

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে সিরাজুল হক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮ যাত্রী।

রোববার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার সৈয়দাবাদ এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল হকের বাড়ি কসবা উপজেলায়। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেলে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের এক যাত্রী নিহত ও ৮ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতাকে হত্যা চেষ্টায় সাবেক স্ত্রী ও পরকীয়া প্রেমিকের কারাদণ্ড

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনকে হত্যা চেষ্টার দায়ে সাবেক স্ত্রী ফারজানা হোসেন সোনিয়া ও তার পরকীয়া প্রেমিক সৈয়দ তৌফিক আহমেদকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩২ এর বিচারক কনক বড়ুয়া এই কারাদণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান রতনকে ২০১৬ সালের ১ মার্চ রাতে ঢাকার গুলশানে তার সাবেক স্ত্রী ফারজানা হোসেন সোনিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদ হত্যার চেষ্টা করেন।

এ ঘটনায় রতন গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে গুলশান থানা পুলিশ জিডি তদন্ত করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়।

বাদীপক্ষের আইনজীবী এরফান উদ্দিন খান জানান, বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক আসামি ফারজানা হোসেন সোনিয়া ও সৈয়দ তৌফিক আহমেদকে এক বছরের কারাদণ্ড দেন।

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তার পাশ থেকে কুঁড়িয়ে পাওয়া শিশুটি পেল মায়ের কোল

ডেস্ক রিপোর্টঃ

বৃহস্পতিবার বিকেলে পাঁচ লাখ টাকার বন্ডে শিশুটিকে দত্তক নেয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা গ্রামের নিঃসন্তান এক শিক্ষক দম্পতি। ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাসুদ পারভেজের নির্দেশে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন ওই দম্পতির কাছে শিশুটিকে তুলে দেন।

এর আগে গত ২৯ নভেম্বর সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের একটি সড়কের পাশ থেকে স্থানীয় কৃষক জহিরুল ইসলাম ও তার স্ত্রী পারভীন আক্তার শিশুটিকে উদ্ধার করেন। আনুমানিক পাঁচ মাস বয়সী শিশুটিকে সেখানে একটি কলাগাছের ঝোঁপে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ফেলে যায় কে বা কারা।

পরে রাতে সদর মডেল থানার পুলিশ শিশুটিকে জহিরুল ইসলামের বাড়ি থেকে জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, আদালতের নির্দেশে শিশুটিকে দত্তক বাবা-মায়ের কাছে তুলে দেয়া হয়েছে। প্রকৃত বাবা-মাকে পাওয়া গেলে শিশুটি ফেরত দেয়ার শর্ত দেয়া হয়েছে দম্পতিকে।

ব্রাহ্মণবাড়িয়ায় ভবনের ছাদ ঢালাই দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইয়ের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই।

নিহতরা হলেন- পৌর এলাকা ভাদুঘরের জালু মিয়ার ছেলে মাইনুদ্দিন (২০) ও হৃদয় (১৭)।

হিহতদের ভাই মাসুম মিয়া জানান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে জেলা শহরের কলেজপাড়ায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদের ঢালাই দিতে মাইনুদ্দিনসহ শ্রমিকেরা কাজ করছিলেন। রড বিছানোর সময় পাশের বিদ্যুতের খুঁটিতে স্পৃষ্ট হয়। এসময় রড হাতে থাকা মাইনুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার সাথে থাকা হৃদয় আহত হলে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের মদিনা মসজিদে নামাজরত অবস্থায় মারা যান মসজিদের ইমাম মাওলানা সোলায়মান (৫৮)। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ সোমবার (২৩ নভেম্বর) ভোরে মসজিদে ফজরের নামাজরত অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

মাওলানা সোলায়মান জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামের মৃত কফিল উদ্দিন মুন্সির ছেলে।

মদিনা মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, ভোরে ফজরের নামাজে ইমামতি করার সময় শ্বাসকষ্ট শুরু হলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি। এরপর মুসুল্লিদের সঙ্গে জামাতে নামাজ আদায় করা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাদ জোহর শহরের টেংকেরপাড় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তার প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সোলায়মানিয়া মাদরাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

কসবা আড়াইবাড়ির অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী আর নেই

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ, পীর সাহেব গোলাম সারোয়ার সাঈদী (৫২) আর নেই। শনিবার (২১ নভেম্বর) ভোররাত ৪টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

মরহুমের ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী বিষয়টি নিশ্চিত করে জানান, আজ (শনিবার) বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছু দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

মাওলানা গোলাম সরোয়ার সাঈদী ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত ইসলামিক স্কলার, ওয়ায়েজ ছিলেন। গত কয়েক বছরে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তার আলোচনা ইউটিউবে বেশ আলোড়ন সৃষ্টি করে।

আশুগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কোহিনুর খানম নিতু (৩০) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য তার স্বামী বটি ও দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে মরদেহ ঢেকে রেখে পালিয়ে যান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার চরচারতলা এলাকার মো. আবু চান মিয়ার ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত কোহিনুর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে নিহতের স্বামী জুয়েল মিয়া (৩২) পলাতক রয়েছেন।

নিহতের পরিবারের অভিযোগ, মাদকাসক্ত স্বামী জুয়েল যৌতুকের জন্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২৯), ছোটভাই কামরুল ইসলাম (২৮) ও তার স্ত্রী আর্জিনা বেগম (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে নতুন করে বিনিয়োগ করার জন্য দু’মাস আগে কোহিনুরের কাছে দুই লাখ টাকা চান জুয়েল। কিন্তু কোহিনুর টাকা দিতে অস্বীকৃতি জানায়।বুধবার গভীর রাতে জুয়েল বটি ও দা দিয়ে কোহিনুরকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে মরদেহ ঢেকে রেখে পালিয়ে যান। পরে খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শ্রীবাস চন্দ্র বিশ্বাস জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা বটি ও দা উদ্ধার করা হয়েছে।