Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে একইসাথে যমজ ভাইবোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরে ডুবে সামিয়া (৩) ও ইলমা (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

সামিয়া ওই গ্রামের নুরুল ইসলাম ও ইলমা জুয়েল মিয়ার মেয়ে। মৃত ওই দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল আলীম ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সামিয়া ঘর থেকে মোবাইল ফোন নিয়ে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে খেলতে যায়। এ সময় ইলমাও তার সঙ্গে যায়। একপর্যায়ে ইলমা পুকুরে পড়ে যায়। ইলমাকে বাঁচাতে সামিয়াও পুকুরে নামে। দুজনেই পানিতে তলিয়ে যায়।

ঘরে মোবাইলফোন খুঁজে না পেয়ে পরিবারের লোকজন সামিয়ার খোঁজে বের হয়। খোঁজাখুজির একপর্যায়ে পুকুর পাড়ে গিয়ে দেখে মোবাইল ফোনটি পড়ে আছে। কিছুক্ষণ পরে পুকুরে দুজনের লাশ ভাসতে দেখে। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম বলেন, বাড়ির পাশে পুকুরে ডুবে ওই শিশু দুটির মৃত্যু হয়। তবে কোন অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে সোপর্দ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে একইসাথে যমজ ভাইবোনের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে জাকিয়া বেগম ও জাকির হোসেন নামের যমজ দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা উপজেলা কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামের মাসুক মিয়ার সন্তান। তাদের বয়স আড়াই বছর। একসঙ্গে দুই ভাইবোনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু দুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের মা এসে দেখেন সন্তানরা নেই। পরে আশপাশের খোঁজ করেও না পেয়ে বাড়ির পাশে পুকুরে গিয়ে দেখেন একটি মরদেহ ভাসছে। পরে স্থানীয়দের সহযোগিতায় অন্য শিশুর মরদেহও ওই পুকুর থেকে উদ্ধার করা হয়।

মসলেন্দপুর গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) মো. রাজ্জাক মিয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।