Tag Archives: ভোগান্তিতে দুই গ্রামের মানুষ

মুরাদনগরে ১০ বছর ধরে সেতু আছে সংযোগ নেই, ভোগান্তিতে দুই গ্রামের মানুষ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে প্রায় ১০ বছর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসির ক্ষুদ্রসেচ উন্নয়ন কর্মসূচীর আওতায় একটি কেটেল ক্রসিং (সেতু) নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত সেতুতে সুফল পাচ্ছেন না শুশুন্ডা ও নয়াকান্দি গ্রামের মানুষ।

জানা যায়, উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের সঙ্গে শুশুন্ডা নয়াকান্দি গ্রামের সংযোগ করতে দুই গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া খালের উপরে সেতুটি নির্মাণ করে বিএডিসি কর্তৃপক্ষ। সেতুর দুই পাশে রয়েছে প্রচুর ফসলি জমি। ব্যক্তিগত স্বার্থে ও ক্ষমতার অপব্যবহার করে নির্মাণের পর থেকে সেতুর দুই পাশের সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে বলে অভিযোগ উঠেছে নয়াকান্দি গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে।

শুশুন্ডা নয়াকান্দি গ্রামের কবির হাজী বলেন, দুই গ্রামের মানুষের চলাচল, জমি থেকে ফসল ও কৃষি যন্ত্রপাতি আনা নেয়ার জন্যই এই সেতুটি নির্মাণ করে দিয়েছিলো বিএডিসি। সেই সময় আমাদের গ্রামের কামাল সাবেক ইউপি চেয়ারম্যানের খুব কাছের লোক হওয়ায় সে তার জমির মাঝামাঝি সেতুটি নির্মাণ করান। তখন আমি সহ গ্রামের সবাই বাধা দিলেও কোন কাজ হয়নি। নির্মাণের পর থেকে এখন পর্যন্ত আমরা নানা উপায়ে সেতুর দুই পাশে মাটি ফেলার চেষ্টা করেছি। কিন্তু কামাল তা হতে দিচ্ছে না, তার দাবি সেতুটি নাকি সরকার একক ভাবে তাকে ব্যবহার করতে দিয়েছে। ১০ বছর আগে সেতু পেয়েও আমাদের দুই গ্রামের মানুষের সেই সাঁকোতেই ভরসা করতে হচ্ছে। এ বিষয়ে বহুবার মেম্বার চেয়ারম্যানদের কাছে গেলেও কোন সমাধান পাইনি এখনো।

অভিযুক্ত কামাল উদ্দিন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সেতুটি নির্মাণ করার সময় বাজেট সংকট ছিলো। তাই ঠিকাদার দুই পাশের মাটি দেননি। আর কেউ যদি মাটি ফেলে এটার উপর দিয়ে চলাচল করেন, তাতে আমার কোন বাধা নেই।

এ বিষয়ে ঠিকাদার আলীর সাথে মুঠোফোনে বহুবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মুরাদনগর উপজেলা বিএডিসি কর্মকর্তা মোঃ কাউছার আল মামুন বলেন, কেউ যদি নিজস্ব স্বার্থে সেতু ব্যবহার করতে না দেয় তাহলে অবশ্যই সেটি অপরাধ। সেতু জনসাধারণের সুবিধার জন্য নির্মাণ করা হয়। বিষয়টি আমার পুরোপুরি জানা নেই, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী বলেন, বিষয়টি আমার জানা নেই, ভুক্তভোগি কেউ একজন লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিতাসে গ্রামীণ রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে দুই গ্রামের মানুষ

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লা তিতাস উপজেলার উত্তর ও দক্ষিণ শ্রীনারায়ণ কান্দি গ্রামের প্রায় দেড় কিলোমিটার রাস্তাটির বেহাল দশার কারণে দুই গ্রামের হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাচ্ছেন। এই রাস্তা দিয়ে এলাকার কৃষক, শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি পেশার মানুষ চলাচল করে।

স্থানীয়রা জানান, দ্রুত ওই রাস্তাটি পাকা না করা হলে এলাকার মানুষের দুর্ভোগের সীমা থাকবে না।

জানা গেছে, উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি পাকা রাস্তা থেকে উত্তর ও দক্ষিণ শ্রীনারায়ণ কান্দি গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অবহেলিত এই কাঁচা রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে থাকলেও নেই পাকাকরণের উদ্যোগ। সামান্য বৃষ্টির পানিতে মাটি গলে কাঁদায় পরিণত হয়। পুরো বর্ষা মৌসুম জুড়েই রাস্তাটি কাঁদা পানিতে একাকার হয়ে পড়ে। ফলে এ রাস্তাটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত, অসুস্থ রোগীকে হসপিটাল ও বিভিন্ন মালামাল আনা নেওয়ায় করতে বেকায়দায় পড়তে হয়। এতে তাদের ভোগান্তি ও ব্যয় দুটিই বাড়ে।

এছাড়া এ রাস্তা দিয়ে এলাকাবাসী ইউনিয়ন পরিষদ, উপজেলা ও শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে।

উত্তর শ্রীনারায়ণ কান্দি গ্রামের রুস্তম মোল্লা বলেন, দীর্ঘসময় পার হলেও গ্রামীণ এই রাস্তাটি পাকাকরণের কোন উদ্যোগ নেই। এতে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। যদি রাস্তাটি দ্রুত রাস্তাটি পাকাকরণ করা হয় তাহলে আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হবে এবং এলাকাবাসী উপকৃত হবে। আমরা দ্রুত এই রাস্তাটি পাকাকরণ করার দাবি জানাই।

রিক্সাচালক সুমনসহ কয়েকজন জানান, গাজীপুর ও বাতাকান্দি বাজার থেকে কাটরাশইন বাজার থেকে উত্তর ও দক্ষিণ শ্রীনারায়ণ কান্দি গ্রামে যেতে হলে অনেক কষ্ট করে গাড়ি নিয়ে যেতে হয়। যাত্রী নিয়ে যাওয়া তো দুরের কথা। বর্তমানে রাস্তার যে বেহাল দশা দ্রুত পাকাকরণ করা না হলে গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পরবে। দ্রুত রাস্তাটি পাকাকরণ করার জন্য স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তারা।

এবিষয়ে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পাভেল মাহমুদ বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশা আমি এবার প্রথম ইউপি সদস্য নির্বাচিত হয়ে রাস্তাটি পাকাকরণের জন্য উদ্যোগ নিয়েছি এবং বাজেট করে অনুমোদন এর জন্য সব কাগজপত্র উপজেলায় জমা দিয়েছি। ইনশাআল্লাহ আগামী ১ বছর মধ্যে দ্রুতই এই রাস্তাটি পাকাকরণ করা হবে। এছাড়াও আমি নির্বাচিত হওয়ার পর দক্ষিণ শ্রীনারায়ণ কান্দি ব্রিজ হতে কুয়েতী জামে মসজিদ পর্ষন্ত ২০০ মিটার সিসি ঢালাই কাজ ২/৩ দিনের মধ্যে কাজ ধরব।