Tag Archives: মামলা

নগরীর কালিয়াজুড়িতে অবৈধ গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক ব্যক্তি

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নগরীতে গ্যারেজে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন মোঃ লিটন (৪০) নামের এক ব্যক্তি।

সোমবার দুপুরে নগরীর ১নং ওয়ার্ডের কালিয়াজুড়ি এলাকায় পিটি স্কুল সংলগ্ন ইকবাল হোসেন খোকন মিয়ার গ্যারেজে এই ঘটনা ঘটে।

নিহত লিটন কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার মৃত সফর আলীর ছেলে। এই ঘটনায় নিহত লিটনের ছেলে বাবুল বাদি হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ অটো গ্যারেজের মালিক মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে ইকবাল হোসেন খোকন কুমিল্লা সিটিকর্পোরেশনের দুইটি জায়গা অবৈধভাবে দখল করে অবৈধ অটো গ্যারেজ দিয়ে অটো ব্যবসা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, নিহত ব্যক্তির ছেলে বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত প্রক্রিয়াধীন। পুলিশ এ বিষয়টি নিয়ে তৎপর।

অন্তঃসত্ত্বা গৃহবধূকে সিএনজি চালকের সহযোগিতায় ধর্ষণ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযুক্ত খন্দকার ফারুক এবং সোহাগ নামের দুজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারীর বাবা।

বুধবার (২৪ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা হয়েছে এবং তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েক মাস ধরে সাইচাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে খন্দকার ফারুক মোবাইল ফোনে ওই গৃহবধূর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। গত ২১ মার্চ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে সিএনজি অটোরিকশা চালক মো. সোহাগের সহযোগিতায় জেলার ব্রাহ্মণপাড়ায় খন্দকার ফারুকের ভাড়া বাসায় নিয়ে যান। ওই বাসায় খন্দকার ফারুক তাকে ধর্ষণ করে পালিয়ে যান। পরদিন সিএনজি অটোরিকশা চালক সোহাগ ওই গৃহবধূকে তাদের গ্রামের বাড়িতে পৌঁছে দেন।

পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। এ ঘটনায় মঙ্গলবার (২৩ মার্চ) রাতে গৃহবধূর বাবা বাদী হয়ে খন্দকার ফারুক ও সিএনজি চালক সোহাগকে অভিযুক্ত করে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন।

বুধবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও ব্রাহ্মণপাড়ান থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে কুমিল্লার আদালতে ঘটনার বিষয়ে তিনি জবানবন্দি দিয়েছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

আলোচিত ৩ হত্যা মামলায় দুই কাউন্সিলর কারাগারে ও রিমান্ডে ১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় আলোচিত তিন হত্যা মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলর কারাগারে রয়েছেন আর ১ রিমান্ডে। কুমিল্লা মহানগরীর চৌয়ারা এলাকায় জিল্লুর রহমান চৌধুরী ওরফে জিলানী হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৫ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাব উল্লাহ্ তার জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগেই একই মামলার দ্বিতীয় আসামি ২৬ নং ওয়ার্ড কাউন্সিল আবদুস ছাত্তার গ্রেফতারের পর বহুল আলোচিত ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন হত্যা মামলায় বর্তমানে পিবিআই হেফাজতে রিমান্ডে রয়েছে। আর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন চাঙ্গিনী এলাকায় সংঘটিত ব্যবসায়ী আক্তার হোসেন হত্যা মামলায় কারাগারে রয়েছেন।

জেলা পিবিআই সূত্রে জানা যায়, যুবলীগ নেতা জিলানী হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি কাউন্সিলর আবুল হাসান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এরই মাঝে তিনি উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিনে লাভ করেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সোমবার তিনি জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এর আগে এ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি কুসিকের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তারকে গত ২৬ জানুয়ারি ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতারের পর জেলহাজতে প্রেরণ করা হয়। বর্তমানে কাউন্সিলর আবদুস ছাত্তার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে রয়েছেন বলে জানিয়েছেন দেলোয়ার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পরিদর্শক মতিউর রহমান।

সোমবার সন্ধ্যায় জিলানী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই কুমিল্লার পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ বলেন, মামলার তদন্তের স্বার্থে এ হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে আনার আইনগত পদক্ষেপ নেব। এছাড়াও পলাতক অপর আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, চৌয়ারা বাজারে আধিপত্য ও রাজনৈতিক দ্বন্দ্বের সূত্র ধরে গত বছরের ১১ নভেম্বর সকালে সন্ত্রাসীরা যুবলীগ নেতা জিলানীকে নগরীর চৌয়ারা পুরাতন বাজার এলাকায় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে ২৪ জনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় কাউন্সিলর আবুল হাসানকে ১ নম্বর ও আবদুস সাত্তারকে ২ নম্বর আসামি করা হয়। থানা পুলিশের পর বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই।

এদিকে, কুমিল্লা নগরীর চাঙ্গিনী এলাকায় চাঞ্চল্যকর ব্যবসায়ী আক্তার হোসেন হত্যা মামলার প্রধান আসামি ও সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেনকে জেলহাজতে রয়েছেন। গত ৪ ফ্রেব্রয়ারী আক্তার হত্যা মামলার প্রধান আসামী কাউন্সিলর আলমগীর কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. আতাবুল্লাহ তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত বছরের ১০ জুলাই শুক্রবার বেলা দুইটার দিকে মসজিদ থেকে টেনে-হিঁচড়ে বের করে শত শত মানুষের সামনে কাউন্সিলর আলমগীর হোসেন ও ভাইয়েরা আক্তার হোসেনকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছিলো। ঘটনার পর দিন ওই ব্যবসায়ীর স্ত্রী রেখা বেগম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এই মামলা করেন। মামলায় আলমগীর হোসেনকে প্রধান করে ১০ জনকে আসামি করা হয়।

প্রকাশ্যে হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা ও গায়ে আগুন ধরিয়ে দেয়াসহ নানাবিধ নির্যাতন

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় এক নারীকে প্রকাশ্যে হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। হুমকি প্রদানের সময় ধারণকৃত ভিডিওতে স্পৃষ্ট ওই নারী ও তার মেয়েকে ধর্ষণের কথা বলছেন অভিযুক্ত ব্যক্তি। প্রকাশ্যে হুমকি দিয়ে ধর্ষণ, শ্লীলতাহানি ও নির্যাতনের ঘোষণার একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে বুড়িচং উপজেলার পূর্ণমতি এলাকায়। এ ঘটনায় জড়িত মাহমুদুল হাসান টিটুর (৪৮) বিরুদ্ধে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

ওই নারী ও তার স্বামীর অভিযোগ, আদালতে মামলা করায় আসামি টিটু আরও বেপরোয়া আচারণ করছে। সে তার পরিবারের সদস্যদের ধর্ষণ, হত্যা এবং আহত করার হুমকি দিচ্ছে।

ওই নারী জানান, টিটু প্রায় তাকে উত্ত্যক্ত করতো। সর্বশেষ ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় সে ওই নারীর বাড়িতে প্রবেশ করে ধর্ষণ চেষ্টা করে। এসময় ওই নারীর চিৎকারে বেশ কয়েকজন এগিয়ে এলে টিটু তাকে আহত করে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার চারদিন পর ১৮ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে মামলা করেন।

তিনি আরও বলেন, ‘এর আগে ২০১৯ সালের অক্টোবরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল টিটু। সেই সঙ্গে মাথার চুলও কেটে দিয়েছিল। এই ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ তা আমলে নেয়নি। ৪-৫ বার সে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। সর্বশেষ আমার স্বামী বাড়িতে না থাকার সুযোগে টিটু আমাকে ও আমার মেয়েকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেয়। পরবর্তী সময়ে আমার বাড়িতে প্রবেশ করে যৌন নির্যাতনের চেষ্টা করে। আমি বীর মুক্তিযোদ্ধা কমান্ডারের মেয়ে হয়েও বর্তমানে নিরুপায়। দেয়ালে পিঠ ঠেকে গেছে। মান-সম্মান শেষ হয়ে গেছে। এছাড়া আমার স্বামীর বিরুদ্ধে পাঁচটি ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে।’

এদিকে ঘটনার বেশ কয়েকটি ভিডিও ধারণ করেন নির্যাতনের শিকার ওই নারীর মেয়ে। ভিডিওতে দেখা গেছে, ভুক্তভোগী ওই নারীকে অভিযুক্ত টিটু প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করছে। এক পর্যায়ে ওই নারী ও তার মেয়েকে ধর্ষণের হুমকি দেয়। এসময় উপস্থিত অনেকে তাকে (টিটু) শান্ত করার চেষ্টা করেন। ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী নারীর মেয়ে বলছেন, ‘এর আগেও আপনি (টিটু) আমার মাকে গালিগালাজ করেছেন। গায়ে হাত তুলেছিলেন। নির্যাতন করেছিলেন।’

ভুক্তভোগী ওই নারীর স্বামী কামরুল হাসান মুছা সোমবার রাতে মোবাইল ফোনে জানান, পারিবারিক বিরোধের জেরে তাদেরকে প্রায় হয়রানি করা হচ্ছে। বিশেষ করে তার স্ত্রী ও মেয়েকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। অভিযুক্ত টিটুর পক্ষে স্থানীয় সরকার দলীয় একজন নেতা কাজ করতে পারে বলে জানান তিনি। বলেন, ‘না হলে আমার বিরুদ্ধে পাঁচটি মিথ্যা হলেও তার বিরুদ্ধে আমি মামলা করতে গেলে পুলিশ আমলে নেয় না। ২০১৯ সালে আমার স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হলেও মামলা করতে পারিনি। নিরুপায় হয়ে এবার আদালতের শরণাপন্ন হয়েছি। আদালতে করা ভুক্তভোগী ওই নারী মামলাটি বর্তমানে তদন্ত করছে বুড়িচং থানার এসআই বিনোদ।

মামলাটি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে– এমন প্রশ্নে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মামলা হলে দুই পক্ষই তদবির করার চেষ্টা করে। আমি তদন্তের যেটা পাবো তাই আদালতে জমা দেব।’

টিটু জানান, ভুক্তভোগী ওই নারী তার বড় ভাইয়ের স্ত্রী। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তাদের নামে পাঁচটি মামলা হয়েছে। তবে বাকি অভিযোগগুলোর মধ্যে ধর্ষণের চেষ্টা সত্য নয়। ভিডিওতে ধর্ষণের হুমকির বিষয়ে জানতে চাইলে টিটু প্রশ্নের উত্তর দিতে পারি।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক জানান, ভুক্তভোগী নারী আদালতে মামলা করেছেন। আদালত থানা পুলিশকে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন। দ্রুতই তদন্ত শেষ হলে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। পরবর্তীতে আদালত যা নির্দেশ দেবেন আমরা সেই ব্যবস্থা নেবো।

ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে নির্যাতন করলেন চাচা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে মামলা তুলে না নেয়ায় শান্তা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে খুঁচিয়ে নির্যাতন করেছে তার আপন চাচা হুমায়ূন মিয়া।

রবিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিরাসার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

চাচার নির্যাতনের শিকার হয়ে ওই গৃহবধূ এখন হাসপাতালের বিছানায় ছটফট করছেন। শান্তা সদর উপজেলার শিলাউর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী।

জানা গেছে, কয়েক মাস আগে শান্তার ছোট ছেলের সঙ্গে তার আপন চাচা হুমায়ূন মিয়ার ঝগড়া হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। ওই ঘটনায় হুমায়ূনের বিরুদ্ধে মামলা করে শান্তার পরিবার। মামলাটি তুলে নিতে চাপ দিয়ে আসছিলেন হুমায়ূন। রোববার সন্ধ্যায় শান্তা ডাক্তার দেখানোর জন্য আত্মীয়ের বাসা থেকে জেলা শহরে যাচ্ছিলেন শান্তা। এ সময় বিরাসা এলাকায় শান্তার পথরোধ করেন হুমায়ূন ও তার সহযোগীরা। পরে তার হাত-পা বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

এক পর্যায়ে শান্তার শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা হয়। এ সময় শান্তার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এলে সহযোগীদের নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান হুমায়ূন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শান্তার মা রোকসানা বেগম জানান, মারামারির ঘটনায় মামলা তুলে নেয়ার জন্য হুমায়ূন চাপ দিচ্ছিলেন। এর জের ধরে রাস্তায় শান্তার শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে রক্তাক্ত করেছেন তারা।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দাউদকান্দিতে প্রধান শিক্ষকের উপর হামলা, সন্দেহ বরখাস্ত অফিস সহকারীর দিকে

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলা করেছে দুবৃত্তরা। বুধবার (১৩ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে পুটিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক মোঃ মন্জুরুল হক দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুরে চিকিৎসাধীন আছেন।

হামলাকারী কাউকে চিনেন না বলে প্রধান শিক্ষক বলেন, আমি যোগদান করার কয়েকমাস পর বিদ্যালয়ের অফিস সহকারী বিল্লাল হোসেন বরখাস্ত হন। এরপর থেকে বিভিন্ন সময় আমাকে দায়ী করে নানান কথা বলে। চাকরীতে বহাল করার জন্য কয়েক মাস যাবৎ আমাকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে। বিল্লালকে চাকরিতে বহাল না করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে সে কাউকে দিয়ে আমার উপর হামলার ঘটনা ঘটিয়েছে বলে আমি মনে করি।

বিদ্যালয়ের সভাপতি শাহনেওয়াজ ভূঁইয়া জানান, দুই বছর আগে অর্থ আত্মসাত মামলার কারণে বিল্লাল কে চাকরী থেকে বরখাস্ত করা হয়। এরপর থেকে প্রধান শিক্ষককে নানাভাবে হুমকি দেয়ার কথা শুনেছি। হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

বিল্লাল হোসেন অভিযোগ অস্বিকার করে বলেন, হামলার বিষয়ে আমি কিছুই জানিনা। আর বিদ্যালয়ের সাথে আমার মামলার কোন সম্পর্ক নেই। ব্যাক্তিগত মামলা শেষ হওয়ার পর আমাকে পূণর্বহাল করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত আবেদন করেছি। হামলার ঘটনায় আমার নামে মিথ্যা অভিযোগ তুলছে।

 

কুমিল্লায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক স্বামীর মৃত্যুদণ্ড

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক স্বামী আব্দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চতুর্থ আদালতের অতিরিক্ত দায়রা জজ রোজিনা খাঁন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল কাদের জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের আবু তাহেরে ছেলে। জামিনে গিয়ে তিনি পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০০১ সালে দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের আবুল হোসেনের মেয়ে আয়েশা আক্তারের সঙ্গে একই উপজেলার ফতেহাবাদ গ্রামের আবদুল কাদেরের বিয়ে হয়। উভয়ের মাঝে পারিবারিক কলহ দেখা দিলে ২০১০ সালে তাদের তালাক হয়ে যায়।

পরে ২০১৩ সালের ১২ আগস্ট বিকালে মামার বাড়ি থেকে ফেরার পথে মুরাদনগর উপজেলার উড়িশ্বর গ্রামে আয়েশা আক্তারের পথরোধ করে আবদুল কাদের। এ সময় আয়েশা আক্তার কথা বলতে অস্বীকৃতি জানালে আবদুল কাদের ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ সময় স্থানীয় লোকজন আবদুল কাদেরকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় নিহত আয়েশা আক্তারের বাবা আবুল হোসেন ৪ জনের বিরুদ্ধে ওইদিন রাতেই মামলা করেন। পরদিন আসামি আবদুল কাদের কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন।

আদালতের অতিরিক্ত পিপি মোয়াজ্জেম হোসেন জানান, মামলায় ১৫ সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে বুধবার বিচারক তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।

মুরাদনগরে সাজানো মামলায় আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উপ-নির্বাচনে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো: আল-আমিন সরকারকে প্রধান আসামি করে আ’লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয় । ৩ ডিসেম্বর দায়ের করা একটি মামলায় ২৫ জন নেতাকর্মী এবং ১১ তারিখ দায়ের করা সংঘর্ষের অপর মামলায় ৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন তিনজন মেম্বার রয়েছে। সাজানো মামলায় তাদের আসামি করে ক্লিন ইমেজ নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে-এমনই মন্তব্য করেছেন স্থানীয় আ’লীগ, ব্যবসায়ি ও সুশীল সমাজের লোকজন।

মামলাগুলোর উল্লেখযোগ্য আসামিরা হলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান ভূইয়া, উত্তর রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ: হাকিম, বাংগরা বাজার থানা শ্রমিক লীগের সাংগাঠনিক সম্পাদক ছাদেক মেম্বার,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য অসিত বরণ সরকার ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো: আল-আমিন সরকার, নরেশ মেম্বার ও আবু সাইদ মেম্বারসহ আরো অনেকে। আসামিরা সবাই কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম সরকার সমর্থিত নেতাকর্মী ।

স্থানীয় সূত্র জানায়, আ’লীগের দলীয় কোন্দলের বহি:প্রকাশ এই দুইটি মামলা। রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উপ-নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী মো: ইকবাল সরকারকে পরাজিত করার জন্য প্রবীণ রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম সরকার সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাগুলো দেয়া হয়েছিল। নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর পরাজয় নিশ্চিত করতে এই দুটি মামলা দায়ের করা হয়, যেখানে আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের সক্রিয় নেতাকর্মীদের আসামি করা হয়। এ উপ-নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী মো: ইকবাল সরকার ছিলেন প্রবীণ রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম সরকার সমর্থিত। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আবু বকর আ’লীগের আরো একটি গ্রুপের সমর্থন নিয়ে নির্বাচন করেছিল।

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মেম্বার জানান, এই দুইটি মামলাই সাজানো । ২ ডিসেম্বর বিকেলের দিকে ইউনিয়নের চাপিতলা গ্রামে অর্তকিত হামলা চালায় প্রায় ৩০ টা মোটরসাইকেলে করে আসা প্রায় ৬০/৭০ জন সন্ত্রাসী। প্রথমে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের বাড়ি ও পরে জায়েদ আলী মার্কেট এলাকায় নৌকা প্রতিকের প্রার্থী মো: ইকবাল সরকারের গণসংযোগে হামলা করে সন্ত্রাসীরা । এ সময় দুই জায়গায় ৬ রাউন্ড গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা । এ সময় স্থানীয় জনগণ বহিরাগত সন্ত্রাসীদের ধাওয়া করে। এই বহিরাগত সন্ত্রাসীরা পালিয়ে গিয়ে উল্টো মামলা করে। যেখানে নির্দোষ নেতাকর্মীদের আসামি করে ।এ মামলায় উল্লেখিত আসামিরা ঘটনাস্থলেও ছিল না। আপনারা সিসি ক্যামেরা চেক করলেই দেখতে পারবেন। শুধুমাত্র রাজনৈতিক হয়রানি ও নৌকা প্রতিকের প্রার্থীকে ফেল করানোর জন্যই এ মামলা দায়ের করা হয়। নির্বাচনের পরদিনও ভুয়া অভিযোগ এনে আবার মামলা করে। এই মামলা দুটির অভিযোগ বানোয়াট। দু:খজনক বিষয় হলো মুরাদনগর আ’লীগের মূল স্রোতকে ধ্বংস করার জন্য এই মামলাগুলো দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জাহাঙ্গীর মেম্বার জানান, এ মামলা দুটি বানোয়াট মামলা। জনগণের ধাওয়া খেয়ে অস্ত্রধারি সন্ত্রাসীরা পালিয়েছে। অথচ তারাই গিয়ে উল্টো সাজানো মামলা করে আসামি করলো নিরপরাধ নেতাকর্মীদের। যারা ঘটনাস্থলেই ছিল না। হামলা যারা করেছে, সাজানো মামলাটাও তারা করেছে।

এ বিষয়ে রামচন্দ্রপুর বস্ত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাসানুর রহমান জানান, নির্বাচন বানচাল ও প্রশ্নবিদ্ধ করার জন্যই এই ভিত্তিহীন বানোয়াট মামলা। পরিচ্ছন্ন ব্যক্তিদের এই মামলা দুটিতে আসামি করা হয়েছে , যাদের এই এলাকায় পূর্বে কোন নেতিবাচক কার্যকলাপ নেই। একটি অশুভ শক্তির প্রশয়ে এসব মামলা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি মুজিবুর রহমান ভূইয়া জানান, কবির ভূইয়ার নেতৃত্বে দুই জায়গায় হামলা করেছে স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীরা। অথচ উল্টো মামলার আসামি করা হয়েছে আমাদের । যে কবির ভূইয়া বাদি হয়ে মামলা করেছে সে নিজেই অস্ত্র মামলার আসামি।
রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো: ইকবাল সরকার জানান, এই দুটি মামলাই মিথ্যা অভিযোগে দায়ের করা হয়েছে। ২ ডিসেম্বর বিকেলে চাপিতলা গ্রামে কুমিল্লা উত্তরের প্রবীণ রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম সরকারের বাড়ি ও পরে জায়েদ আলী মার্কেট এলাকায় আমার গণসংযোগে হামলা করে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা । হামলার খবর শুনে স্থানীয়রা সন্ত্রাসীদের ধাওয়া করে। মামলায় উল্লেখিত আসামিরা ঘটনাস্থলেই ছিল না। তাদের ক্লিন ইমেজ নষ্ট করার জন্যই এ হামলা করা হয়েছে। এছাড়া কোরের পাড় এলাকায় হামলার কথা উল্লেখ করে মামলা করা হয়েছে। ওই এলাকায় প্রায় ডাকাতির ঘটনা ঘটে। কে বা কারা হামলা করেছে অথচ মামলার আসামি করা হয়েছে আ’লীগের সক্রিয় রাজনীতিবিদদের। যে দুই জন আহত হয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারাও বলেছে –মামলায় যারা আসামি হয়েছেন তারা হামলার সময় ছিলেন না। সুতরাং বোঝাই যাচ্ছে মামলায় ভুল ব্যক্তিদের আসামি করা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো: আল-আমিন সরকার জানান, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে আর্দশ মেনেই সততা ও নিষ্ঠার সহিত দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতি করছি। কুমিল্লা উত্তর জেলাজুড়ে ছাত্রলীগের রাজনীতিকে ত্বরান্বিত ও জনগণের আস্থার জায়গায় নেওয়ার জন্য কাজ করেছি। নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি। কোথায় কি হামলা হয়েছে তাও জানি না। অথচ দুটি মামলায় আমাকে প্রধান আসামি করা হয়েছে। আমার ক্লিন ইমেজ নষ্ট করার জন্যই এসব মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের প্রধান অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।