Tag Archives: মালয়েশিয়া

উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারের লক্ষে মালয়েশিয়া-বাংলাদেশ বৈঠক 

নিজস্ব প্রতিনিধি:
উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করার লক্ষে মালয়েশিয়া-বাংলাদেশ
দ্বি পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন, পুত্রাজায়ায় মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সাথে শুক্রবার (১০ এপ্রিল) একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে উচ্চশিক্ষা, গবেষণা সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং কর্মশক্তির গতিশীলতার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। যেখানে বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং মালয়েশীয় সমাজে বাংলাদেশী শিক্ষার্থীদের একীভূতকরণ উন্নত করার উপর বিশেষ মনোযোগ দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী।
মালয়েশিয়া বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের ম্যান্ডেটকে স্বীকৃতি দিয়েছে এবং নতুন নীতিমালার অধীনে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততাকে আরও দৃঢ় করার অঙ্গীকার প্রকাশ করেছে।

উপদেষ্টা মাহ্‌দী আমিন আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের কথা বলেছেন ফলে যার মাধ্যমে বাংলাদেশের মানব সম্পদের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির অগ্রাধিকারের ওপর আলোকপাত করেছেন বলে জানা যায়। তিনি বহুমুখী ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ জোরদার করার পাশাপাশি বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া থেকে বৃত্তির সুযোগ বৃদ্ধির ওপর বিশেষ জোর দিয়েছেন।

তিনি এমন সুসংগঠিত বৃত্তি ব্যবস্থার গুরুত্বের ওপর জোর দিয়েছেন, যা শুধু প্রাতিষ্ঠানিক উৎকর্ষকেই সমর্থন করে না, বরং মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশী শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা এবং সামাজিক একীকরণও নিশ্চিত করে।

উপদেষ্টা মাহ্‌দী আমিন পুনরায় নির্বাচন প্রক্রিয়া এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্বের উপর গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে আন্তঃ বিশ্ববিদ্যালয় অংশীদারিত্ব জোরদার করা, একাডেমিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ করা এবং মালয়েশীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তায় যৌথ শিক্ষা প্রকল্প গড়ে তোলার গুরুত্বের ওপর বেশি জোর দিয়েছেন বলে জানা যায়।

মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদির এই প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়েছেন এবং বিদ্যমান ও ভবিষ্যৎ উচ্চশিক্ষা কর্মসূচির অধীনে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তি বরাদ্দ সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করার বিষয়ে মালয়েশিয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন।

মালয়েশিয়ায় বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক—১১,০০০-এরও বেশি—বাংলাদেশী শিক্ষার্থী রয়েছে, যাদের অনেকেই বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। উভয় পক্ষই একাডেমিক বিনিময় ও আর্থ-সামাজিক সংযোগে এই শিক্ষার্থীদের ইতিবাচক অবদান এবং বাংলাদেশে ফিরে গিয়ে তারা যে ভূমিকা রাখে করে, তা স্বীকার করেছে।

উভয় পক্ষ পারস্পরিকভাবে স্বীকৃত যোগ্যতা, যৌথ ডিগ্রি প্রোগ্রাম, দূরশিক্ষণ এবং সহজ শিক্ষা পদ্ধতির সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। তারা উভয় দেশের শ্রম বাজারের চাহিদা এবং অগ্রাধিকারপ্রাপ্ত খাতের সঙ্গে একাডেমিক প্রোগ্রামগুলোকে সামঞ্জস্যপূর্ণ করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছে।

আলোচনায় স্নাতকদের গতিশীলতা এবং দক্ষতা উন্নয়নও অন্তর্ভুক্ত ছিল। উপদেষ্টা মাহ্‌দী আমিন মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী ও স্নাতকদের জন্য পেশাগত অভিজ্ঞতা ও উন্নয়নের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। মন্ত্রী জাম্ব্রি প্রস্তাবটি স্বীকার করেন এবং মালয়েশিয়ার আন্তর্জাতিক শিক্ষা নীতির সাথে সঙ্গতি রেখে সহায়ক কাঠামো খুঁজে বের করার আগ্রহ প্রকাশ করেন।

কাঠামোগত বৃত্তি কাঠামোকে আরও শক্তিশালী করা, শিক্ষার্থী সহায়তা ব্যবস্থা উন্নত করা এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদী শিক্ষাগত, সামাজিক ও জনগণের মধ্যকার সম্পর্ক গভীর করার বিষয়ে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলোচনাটি সমাপ্ত হয়, যা একটি টেকসই অর্থনৈতিক ও জ্ঞানভিত্তিক অংশীদারিত্বে অবদান রাখবে।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

 

ডেস্ক রিপোর্টঃ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার (২ আগস্ট) মালয়েশিয়ান গণমাধ্যম বেরিতা হারিয়ান-এর প্রতিবেদনে জানানো হয়। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে।

নিহতরা হলেন- মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। আহতরা হলেন- মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মণীরাম চন্দ্র বাস (৪০)।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুর অভিমুখে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং দুজন আহত হন। আহতদের উদ্ধার করে তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক মো. সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স গত মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়।

মামলাটি ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার আওতায় তদন্তাধীন। পুলিশ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহত ও আহতদের নিয়োগকর্তাদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আটকে পড়া ১৮ হাজার বাংলাদেশি

আটকে পড়া ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া

আটকে পড়া ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া

ডেস্ক রিপোর্ট:

টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিককে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি, তার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব।”

বাংলাদেশি শ্রমিকদের প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “প্রথম পর্যায়ে মালয়েশিয়ার শ্রমবাজারে ১৮ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে।”

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমার পুরনো বন্ধু এবং বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুর আগমনে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমার দায়িত্ব গ্রহণের পর প্রথম কোনো সরকার প্রধানের বাংলাদেশ সফর।”

ড. ইউনূস আরও বলেন, “আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার বিষয়ে একমত হয়েছি। বিশেষ করে তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই। অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময়, এবং রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে যাতে আমাদের সম্পর্ক আরও গভীর হয়।”

চতুর্থ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, “বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, জনশক্তি রপ্তানি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা সহযোগিতা এবং অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মসংস্থান ও ভিসা সহজীকরণের বিষয়েও কথা হয়েছে।”

এছাড়াও, আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস।

এর আগে শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আনোয়ার ইব্রাহিম। সেখানে তাকে স্বাগত জানান ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিমকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং দুজনের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।

২০ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ৪৪ অভিবাসী আটক

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার জোহরে ২০ বাংলাদেশিসহ ৪৪ অবৈধ অভিবাসকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার জোহরের মুয়ার শাখার এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল একটি লোহার কারখানা এবং মুয়ারের আশেপাশের বেশ কয়েকটি হটস্পটে অবস্থানসহ ১১টি প্রাঙ্গণে অভিযান চালিয়ে ৪৪ জন অভিবাসীকে আটক করে।

বৈধ পাস/পারমিট ছাড়া কাজ করার সন্দেহে অবৈধ অবৈধ অভিবাসীদের সম্পর্কে জনসাধারণের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১১০ জন বিদেশী ও স্থানীয় নাগরিদের কাগজপত্র পরীক্ষা করারপর বিভিন্ন অপরাধে ৪৪ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে থাইল্যান্ডের ১৪ জন পুরুষ ও ৩ জন নারী, বাংলাদেশের ২০ জন পুরুষ, চীনের ৩ জন পুরুষ এবং ইন্দোনেশিয়ার একজন নারী। আটক প্রত্যেকের বয়স ১৫ থেকে ৪৬ বছরের মধ্যে।

জোহর স্টেট অভিবাসনের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জল বিন শামসুদীন বুধবার ২৯ মে এক বিবৃতিতে বলেছেন, জোহর রাজ্যের অভিবাসন বিভাগ প্রত্যন্ত অঞ্চলে অবৈধ অভিবাসনের সমস্যা মোকাবেলায় প্রয়োগের প্রচেষ্টা জোরদার করতে থাকবে।

পরিচালক বলেন, যারা এখনও বৈধ ভ্রমণ নথি এবং পাসপোর্ট/পারমিট ছাড়া বিদেশী কর্মীদের নিয়োগ করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভাগটি অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানায় যা ৩১ ডিসেম্বর শেষ হবে। অবৈধ অভিবাসীদের উচিৎ স্বেচ্ছায় তাদের নিজ দেশে ফিরে যাওয়া।

মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত ১৭১ জন বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট:

উন্নত জীবনের আশায় উচ্চ সুদে ঋণ নিয়ে মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত হয়েছেন এমন ১৭১ জন বাংলাদেশিকে দেশটির জহর প্রদেশের কোটা টিংগি জেলা পুলিশ আটক করেছে।

জানা গেছে, আটককৃতরা দেশটিতে গিয়ে তিন মাসেরও বেশি সময় বেকার বসে থাকলেও এজেন্ট তাদের কোনো কাজ দেয়নি। এরপর ২০ ডিসেম্বর পুলিশ রিপোর্ট করার জন্য তারা নিজেদের বাসস্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বেয়ু দামাই থানার উদ্দেশ্য প্রায় ২ কিলোমিটার লম্বা লাইন ধরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যা মালয়েশিয়ার জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।

কোটা টিংগি জেলার পুলিশ প্রধান, সুপারিনটেনডেন্ট হুসেন জামোরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত বুধবার এ ঘটনা ঘটে।

তিনি বলেন, মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী (এটিএম) পুলিশের প্রতিবেদনের পর আরও তদন্তের জন্য একটি পুলিশ দল ঘটনাস্থলে পাঠানো হয়।

এদিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) তদন্তের জন্য, ১৯ থেকে ৪৩ বছর বয়সী মোট ১৭১ জন বাংলাদেশিকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ১৫(১)(সি) ধারার অধীনে তদন্তের জন্য আটক করা হয়েছে।

কোটা টিংগি জেলার পুলিশ প্রধান হুসেন বলেন, আটকদের আরও তদন্তের জন্য জোহর বাহরুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে।

মালয়েশিয়াসহ সাত দেশে ঈদ শনিবার

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনেই ও অস্ট্রেলিয়ায় আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার এসব দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে ঈদ উদযাপিত হবে, তা এখনো জানা যায়নি। এসব দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে মুসলমানদের আহ্বান জানিয়েছে আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি। কেউ চাঁদ দেখতে পেলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালতের নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে।

এক বিবৃতিতে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) টুইট করে জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে পবিত্র শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে। তবে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয়, বরং শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

তারা শুধু জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে এ অনুমানের কথা জানিয়েছে। যদিও ঈদ কবে হবে, সেটা পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

ম্যানসিটির পর এবার বার্সেলোনার একাডেমিতে আমন্ত্রণ পেল বাংলাদেশের ‘ক্ষুদে মেসি’

 

স্পোর্টস ডেস্কঃ

এবার ভারতে অবস্থিত বার্সেলোনা একাডেমিতে ট্রায়ালের আমন্ত্রণ পেল বাংলাদেশের ক্ষুদে মেসি খ্যাত রাইয়ান আবদুল্লা। এর আগে তাকে মালয়েশিয়ায় ইংলিশ ক্লাব ম্যানসিটিতে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বার্সেলোনা তারকা লিওনেল মেসির ছোটবেলার সঙ্গে রাইয়ানের মিল খুঁজে পান অনেকেই। বাঁ পায়ে বল নিয়ন্ত্রণ বা প্রতিপক্ষের ফুটবলারদের নাস্তানাবুদ করতে জুড়ি নেই তার। তবে মাঠে বল পায়ে যতটাই সরব, কথা বলায় ঠিক ততটাই নীরব রাইয়ান।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইয়ানের ভিডিও দেখে যোগাযোগ করেন বার্সেলোনার ভারতের কান্ট্রি ম্যানেজার আইতোর ওলমো। ভারতে অবস্থিত বার্সেলোনা একাডেমিতে যোগ দিতে রাইয়ানকে ট্রায়াল দেয়ার আমন্ত্রণ জানান তিনি।

এর আগে মালয়েশিয়ায় ম্যানচেস্টার সিটির টেলেন্ট হান্টের আমন্ত্রণ পেয়েছিল রাইয়ান। প্রশংসা পেয়েছিল ইউরোপের বড় ক্লাবগুলোর।