Tag Archives: শিক্ষার্থী

বাইউস্টে এমবিএ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

সম্প্রতি উচ্চ শিক্ষার অনবদ্য প্রতিষ্ঠান বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা-এর ব্যবসায় প্রশাসন বিভাগের মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

সহকারী অধ্যাপক মোঃ আরিফুল হক চৌধুরির সঞ্চালনায় অনুষ্ঠানে নবীনদের উদ্দ্যেশ্যে বিশ্ববিদ্যালয় এবং এমবিএ বিভিন্ন দিক তুলে ধরেন সহকারী অধ্যাপক রিদওয়ানুল মোস্তফা ও সহকারী অধ্যাপক মোহাম্মদ শবিফুল ইসলাম ।

অনুষ্ঠানের সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মোঃ তহিদুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে অনুপ্রেরণামুলক এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. কে আহমেদ আলম। তিনি বলেন মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে বাইউস্ট সর্বদা বদ্ধপরিকর এবং এই বিশ্ববিদ্যালয়ের এমবিএ গ্রাজুয়েট বৃন্দ পেশাজীবনে তাদের চলমান অগ্রযাত্রা নতুন দিগন্তে নিয়ে যেতে সক্ষম হবে I উল্লেখ্য ২০১৯ সাল থেকে এক্সিকিউটিভ-এমবিএ প্রোগ্রামের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে এমবিএ কার্যক্রম শুরু হয় I

অবরোধে কুবিতে নীল বাস বন্ধ, শিক্ষার্থীদের ভোগান্তি

কুবি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াতে ইসলামির ডাকা অবরোধের দিন নীল বাসসমূহ বন্ধ রেখেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ। ফলে ক্লাস-পরীক্ষা চলমান থাকায় ক্যাম্পাসে যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৮টি নিজস্ব নীল বাস ও ৭টি বিআরটিসি’র লাল বাস রয়েছে। গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৭৭ তম (জরুরি) একাডেমিক কাউন্সিলের সভার পর নীল বাস সমূহ বন্ধের সিদ্ধান্ত নেয় পরিবহন পুল। লাল বাসসমূহ চলাচলের অনুমতি দেওয়া হলেও তা শহরের অভ্যন্তরে না গিয়ে শুধুমাত্র শহরের প্রবেশপথ পুলিশ লাইন ও টমছম ব্রীজ পর্যন্ত চলাচল করতে বলা হয়েছে। শিক্ষার্থীদেরকে পুলিশ লাইন ও টমছমব্রীজ থেকে বাসে ওঠা-নামার কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছে পরিবহন পুল।

এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ফেসবুক গ্রুপে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। তারা অভিযোগ করে বলেন, আগে যেখানে লাল ও নীল মিলিয়ে মোট ১৫টি বাস চলমান ছিল সেখানে এখন মাত্র ৭টি লাল বাস চলছে। যার ফলে তাদেরকে গাদাগাদি করে বাসে যাতায়াত করতে হচ্ছে এবং তাদের সময় ও অর্থ অপচয় হচ্ছে।

ফাহিম বাবু নামের এক শিক্ষার্থী বলেন, অবরোধের মধ্যে স্টাফ বাস, শিক্ষকদের বাস যাওয়া আসা করে। লাল বাস যাওয়া আসা করে নীল বাসের সম্যসা কি? প্রসাশনের কাছে শিক্ষার্থী অপেক্ষা স্টাফদের ভ্যালু বেশি ?

ফাহমিদা আকতার নামের আরেক শিক্ষার্থী বলেন, অবরোধের কারণে সিএনজিগুলোও ক্যাম্পাসের দিকে যেতে রাজি হয় না। গেলেও অতিরিক্ত ভাড়া চায়। প্রশাসন লাল বাস চালু রাখতে পারলে নীল বাসে কি সমস্যা?

হাবিবা জাহান নামের আরেক শিক্ষার্থী বলেন, লাল বাসগুলো সন্ধ্যার পরে আর ক্যাম্পাসে আসে না। আমরা যারা শহরে টিউশন করি আমাদের রাতে ক্যাম্পাসে ফিরতে ভাড়া গুনতে হয়। আবার যারা মেয়ে আছে তাদেরও বিভিন্ন ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকে।

হেদায়েতুল ইসলাম বলেন, আগে লাল বাসের পাশাপাশি নীল বাসও চলতো তাও বাসে অনেক ভিড় হতো। এখন শুধুমাত্র লাল চলাচল করলে কি পরিমাণ ভিড়ের মধ্যে আমরা যাতায়াত করি এটা প্রশাসনকে একটু ভেবে দেখার অনুরোধ করছি। অবরোধের প্রভাব কেন শিক্ষার্থীদের নীল বাসের উপর পড়বে? শিক্ষক আর কর্মকর্তা-কর্মচারীদের বাস তো ঠিকই চলাচল করতেছে।

এসব বিষয়ে জানতে চাইলে পরিবহন প্রশাসক ড. স্বপন চন্দ্র মজুমদার তার কার্যালয়ে গিয়ে দেখা করতে বলেন। এরপর তার কার্যালয়ে একাধিকবার যাওয়ার পরেও তাঁকে পাওয়া যায়নি।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আসাদুজ্জামানকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে বরাবরের ন্যায় তিনিও ফোন রিসিভ করেননি।

পানি সংকটে কুবির বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা

পানি সংকটে কুবির বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন ব্লকের একপাশে পানির সংকট দেখা দিয়েছে। ফলে গোসল, খাবার পানি ও ওয়াশরুম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

জানা যায়, মোটর সমস্যা হওয়ার কারণে এ সমস্যা দেখা দিয়েছে। ফলে ট্যাংকে কম পানি উঠে ও ট্যাপে পর্যাপ্ত পানি থাকে না। ফলে বাধ্য হয়েই অন্য ব্লকে ভীড় করতে হচ্ছে শিক্ষার্থীদের।

এ বিষয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম সিফাত বলেন, গত দুই-তিনদিন যাবত আমাদের ব্লকে পানি নাই। অন্য ব্লকে গিয়ে পানি আনতে হচ্ছে। গোসলের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে। এছাড়া অন্য ব্লকের ওয়াশরুম ব্যবহার করতে হচ্ছে। এজন্য আমাদের বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক মো.আবু বকর সিদ্দিক বলেন, পানি সমস্যা নিয়ে কাজ হচ্ছে। আমাদের একটা পাম্প স্যাংশন (এটা কি) হয়েছে। ফাইলও উঠে গেছে আজকে। এরমধ্যে যে টেম্পোরারি প্রব্লেম হয়েছে এটা আশাকরি দ্রুত সমাধান হয়ে যাবে। পাম্পে পানি কম উঠতেছে এটা নিয়ে কাজ হচ্ছে৷ এটা সমাধান হয়ে যাবে।

শিক্ষার্থীরা স্মার্ট প্রযুক্তিকে ভালো কাজে ব্যয় করতে হবে : এডিসি মোস্তাফিজুর রহমান

শিক্ষার্থীরা স্মার্ট প্রযুক্তিকে ভালো কাজে ব্যয় করতে হবে : এডিসি মোস্তাফিজুর রহমান

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহ্তলী জিলানী চিশতী কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনির ছাত্র-ছাত্রীদের নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮অক্টোবর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে নবীন-বরণ অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।

তিনি বক্তব্যে বলেন, চমৎকার সুন্দর ও মনোরম পরিবেশে ডাকাতিয়া নদীর তীরে ও রেল লাইনের পাশে এ প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী’র সাহেব এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে অনেকে শিক্ষার্থী পড়াশুনা করে দেশের উচ্চ স্থানে অধিষ্ট রয়েছেন। তোমাদেরকেও তাদের মত হতে হবে।

তিনি বলেন, আমরা ধৈর্য্যশীল জাতি, কারণ আমরা ১৯৪৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত অন্যায় সহ্য করেছি। তাই আমরা ধৈর্যহীন ছিলাম, মাত্র নয় মাসে বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি স্বাধীন দেশ। প্রয়োজনের তাগিদে ধৈর্য্য ধরতে হয়। আজকে নবাগত শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইলো। আগামীর স্মার্ট বাংলাদেশের সারথী তোমরাই। তোমাদের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ হবে।

তিনি আরও বলেন, আমাদের সময় শিক্ষা প্রতিষ্ঠানে তেমন অবকাঠামোগত কোন সুবিধা ছিল না। আমরা অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে এসেছি। আর এখন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষার্থীরা স্মার্ট প্রযুক্তিকে ভালো কাজে ব্যয় করতে হবে। প্রতিষ্ঠানের লাইব্রেরী সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। লাইব্রেরী হচ্ছে জ্ঞানের ভান্ডার। খেলার মাঠ উন্মুক্ত রাখতে হবে। খেলাধূলা মনকে প্রফুল্ল রাখে। সাহিত্য আমাদের অনেক আনন্দ দেয়। মোবাইলের নেশা তৈরি না করে, সাহিত্যিকদের অনুসরণ করতে পারো। শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা রইল, সুযোগ থাকলে আবার আসব তোমাদের এ কলেজে।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি’র প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো: আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ন, কারন আজ তাদের কলেজের প্রথম দিন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক হলো টার্নিং পয়েন্ট। স্মার্টফোনের মাধ্যমে আজ আমরা তথ্য পাচ্ছি, তা ডিজিটাল বাংলাদেশ এর জন্য সম্ভব হয়েছে। আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এই কলেজটি প্রতিষ্ঠা করেছেন। নারী শিক্ষার ক্ষেত্রে এ কলেজটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। নারী শিক্ষার জন্য নিরাপদ প্রতিষ্ঠান এ কলেজ। এ কলেজটি মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষার্থে আমি জিরো টলারেন্স। এ অঞ্চলের অনেক অভিভাবক বলেছেন, যদি এ কলেজটি না থাকতো, তাহলে উচ্চশিক্ষায় তাদের সন্তানদের পড়ানোর সুযোগ হতো না।

তিনি বলেন, দেশে অনেক মেগা প্রকল্প হয়েছে। এ অঞ্চলে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। আমাদের এই কলেজসহ এই অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। তাই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কে। চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এ কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেছেন। চাঁদপুরের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান মহোদয় অত্যন্ত আন্তরিক ও জনবান্ধব অফিসার। তিনি শিক্ষার উন্নয়নে ও জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করছেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি’র প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উবি’র প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন বিএসসি, জিলানী চিশতী উবি’র প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মোঃ গোলাম সারওয়ার, মো: কামরুল হাসান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি’র প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সংরক্ষিত মেম্বার মিসেস ফিরোজা বেগম, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি’র সহকারি শিক্ষক ও কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ দিদার হোসেন মিজি, নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেনির ছাত্রী সুমাইয়া আক্তার শাম্মী।

এসময় উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্যরা।

এসময় কলেজের একাদশ শ্রেনির নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন এবং ক্লাস রুটিন প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

আজ থেকে ১৩ লাখ শিক্ষার্থী নিয়ে একাদশের ক্লাস শুরু

আজ থেকে ১৩ লাখ শিক্ষার্থী নিয়ে একাদশের ক্লাস শুরু

ডেস্ক রিপোর্ট:

অনলাইনে দেড় মাসের ভর্তি প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হচ্ছে রোববার নবীনদের বরণে কলেজগুলোতে আয়োজন করা হয়েছে ওরিয়েন্টেশন বা পরিচিতি অনুষ্ঠান। এর মধ্য দিয়ে কলেজে প্রাঙ্গণে পা পড়ছে ১৩ লাখ শিক্ষার্থীর।

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর বিভিন্ন কলেজে সকাল ১০টায় ওরিয়েন্টশনের আয়োজন করা হয়েছে। সেখানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেবে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে যাতে কোনো ধরনের র‌্যাগিং বা হয়রানির ঘটনা না ঘটে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ‘প্রতিবারই আমরা আয়োজন করে থাকি। এবারও আয়োজন রয়েছে। ওরিয়েন্টেশন হবে। ফুল দিয়ে বরণ হবে। যদিও অনেক শিক্ষার্থী আমাদের স্কুল থেকে এসএসসি পাস করেছে। তবুও নতুন আমেজে ওদের বরণ করে নিয়ে থাকি আমরা।’

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ জানান, ‘আমাদের এখানে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাদের ক্লাস শুরু হচ্ছে আজ। ঢাকা কলেজে আমরা তাদের স্বাগত জানাই। নতুনরা ক্যাম্পাসে এলে অনেকে না বুঝে র্যাগিং করে থাকে। সেটা যাতে না ঘটে সেদিকে নজর রয়েছে আমাদের।’

এদিকে, কলেজে পা রেখে উচ্ছ্বসিত মাধ্যমিকের গন্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। পছন্দের কলেজ পাওয়ায় খুশিতে আত্মহারা অনেকে। প্রথমদিনে কেউ কেউ সঙ্গে নিয়ে গেছেন বাবা-মাকেও।

বাবা-মায়ের সঙ্গে কলেজে এসেছেন ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে নাবিহা তাইয়েবা। সেই ছবি ফেসবুকে শেয়ার করে নাবিহা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। পছন্দের কলেজে ভর্তি হয়েছি। আব্বু-আম্মুর সাপোর্ট পেয়েছি সবসময়। তাদের সঙ্গে করেই প্রথমদিন কলেজে আসলাম। সবাই দোয়া করবেন।’

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন ১২ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী। তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় গত ২৬ সেপ্টেম্বর। তাদের ৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়।

অন্যদিকে, তিন ধাপে আবেদন শেষেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজ পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জনও রয়েছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে রোববার (৮ অক্টোবর) থেকে অনলাইনে চতুর্থ ধাপে আবেদনের সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষাবোর্ডে পাস করেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। তাদের মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ফল পুনঃনিরীক্ষণে দুই হাজারের বেশি শিক্ষার্থী পাস করেন।

পড়তে বসতে বলায় মায়ের হিজাবে ফাঁস নিল ছেলে

পড়তে বসতে বলায় মায়ের হিজাবে ফাঁস নিল ছেলে

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

নিহত তাহসিন কবির সামির (১৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মৌলভী ইয়াকুব সাহেবের বাড়ির হুমায়ন কবির ভুট্রোর ছেলে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে, একই দিন সকালের দিকে বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মৌলভী ইয়াকুব সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত সামির স্থানীয় আবু নাছের উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা প্রবাসে থাকে। সে ঘরে প্রায় টিভি দেখা নিয়ে ব্যস্ত থাকত। আবার ছোট বোনের সাথে ঝগড়া-বিবাদে জড়াত। এ নিয়ে গত বুধবার রাত ১১টার দিকে তার মা তাকে শাসন করে পড়তে বসতে বলে এবং প্রবাসে তার বাবার সাথে মুঠোফোনে কথা বলতে বলে। সামির তার বাবার সাথে কথা বলতে অস্বীকৃতি জানায়। এরপর তার মা তার শয়নকক্ষে ঘুমাতে চলে যায়। সকাল ৯টার দিকে সামিরের মা ঘুম থেকে উঠে ছেলেকে তার রুমে ঢাকতে যায়। তিনি গিয়ে দেখেন ছেলে মায়ের হিজাব দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে কিনা এ বিষয়ে ওসি সাহেব এখনো আমাকে কোনো সিন্ধান্ত দেননি।

শেষ ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু আজ

শেষ ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু আজ

ডেস্ক রিপোর্ট:

একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় বা শেষ ধাপে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ। বুধবার সকাল ৮টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধের পর এ আবেদন করা যাবে।

শেষ ধাপে আবেদন চলবে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত। এ ধাপের ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়নের সুযোগ দেওয়া হবে। এরপর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যদি সময়সীমা না বাড়ায়, তাহলে আর কারও আবেদন এবং কলেজে ভর্তির সুযোগ থাকবে না।

এদিকে, দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজ পাননি ২২ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছেন জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২৯১ জন শিক্ষার্থীও। কলেজে ভর্তি হতে তাদের পুনরায় তৃতীয় বা শেষ ধাপে আবেদন করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সূত্র জানায়, দ্বিতীয় ধাপে ২ লাখ ৯৪ হাজারের কিছু বেশি শিক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে কলেজ পেয়েছেন ২ লাখ ৭২ হাজার ৮৭০ জন। এ ধাপেও কলেজ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজারের বেশি। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ২ হাজার ২৯১ জন। প্রথম ধাপে কলেজ পাওয়াদের মধ্যে ২৩ হাজার শিক্ষার্থী মাইগ্রেশনে নতুন কলেজ পেয়েছেন।

এদিকে, প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে এ পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় রয়েছেন ১২ লাখ ৫১ হাজার ৯২৮ জন শিক্ষার্থী। এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর হিসাবে এখনো সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থী একাদশে ভর্তি প্রক্রিয়ার বাইরে রয়েছেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। তার মধ্যে কারিগরি বোর্ডের শিক্ষার্থী ছিলেন ১ লাখের কিছু বেশি। বাকি সাড়ে ১৫ লাখ শিক্ষার্থীকে অনলাইন আবেদনের মাধ্যমে একাদশে ভর্তি হওয়ার কথা।

ভর্তির প্রথম ধাপে আবেদন করেন ১৩ লাখ ৭ হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে কলেজ পান ১২ লাখ ৬১ হাজার। আর ভর্তি হবেন বলে নিশ্চিত (নিশ্চায়ন) করেন ১০ লাখ ২৬ হাজার শিক্ষার্থী।

অন্যদিকে দ্বিতীয় ধাপে আবেদন করেন ২ লাখ ৯৪ হাজারের মতো শিক্ষার্থী। কলেজ পেয়েছেন ২ লাখ ৭২ হাজার। প্রথম ধাপে নিশ্চায়ন করা এবং দ্বিতীয় ধাপে কলেজ পেয়ে প্রাথমিক নির্বাচিত হওয়া শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ১২ লাখের মতো। বাকি সাড়ে ৩ লাখ শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়াতে নেই।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘সবাইতো কলেজ-মাদরাসায় ভর্তি হয়ে এইচএসসি বা আলিম পরীক্ষা দেবে না। বড় একটি অংশ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, মিডওয়াইফারি, নার্সিং, মেডিকেল ডিপ্লোমা, পলিটেকনিকের বিভিন্ন ডিপ্লোমা, এগ্রিকালচার ডিপ্লোমার দিকে ঝুঁকেছে। কিছু শিক্ষার্থী আবার বিদেশে চলে গেছে। অনেকে পারিবারিক প্রয়োজনে চাকরিতেও ঢুকে গেছে।’

আবেদনের সময়সীমা বাড়ানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি- তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষ করবো। বিশেষ প্রয়োজনে বাড়ানো হয়ে থাকে। সেটা বোর্ড কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেন। এবার এখনো সময়সীমা বাড়ানো নিয়ে কোনো আলোচনা হয়নি। সেজন্য যারা এখনো আবেদন করেনি, তাদের এ ধাপে আবেদন করে ফেলা উচিত হবে।’ একইসঙ্গে পছন্দক্রমে বেশি কলেজ রাখার পরামর্শও দেন তিনি।

একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। চলতি বছর বিভিন্ন কলেজে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

কুবিতে গণরুমের শিক্ষার্থীদের হল ছাড়ার প্রাথমিক নির্দেশ দিলেন প্রাধ্যক্ষরা

কুবিতে গণরুমের শিক্ষার্থীদের হল ছাড়ার প্রাথমিক নির্দেশ দিলেন প্রাধ্যক্ষরা

কুবি প্রতিনিধি:

গণরুমের সংস্কৃতি বিলুপ্ত করার ঘোষণা দেওয়ার পর গণরুমে অবস্থানরত শিক্ষার্থীদের হল ছাড়ার প্রাথমিক নির্দেশ দিয়েছেন বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষরা। আবাসন নীতিমালা অনুসারে সিট বরাদ্দ দেওয়া হবে জানিয়েছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের বিপরীতে ছেলেদের ৩টি হলেই গণরুম রয়েছে। সেখানে প্রায় কয়েকশ শিক্ষার্থী গাদাগাদি করে থাকে বলে জানা গেছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অনেকেই গণরুমে উঠতে শুরু করেছে।

বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক তোফায়েল হোসেন মজুমদার বলেন, উপাচার্য স্যারের নির্দেশনা অনুযায়ী আমি শিক্ষার্থীদের সাথে বসেছি, এবং তাদেরকে মৌখিকভাবে নিদিষ্ট মেস বা অন্যকোনো ব্যবস্থা করতে বলছি। রবিবারে তাদেরকে নোটিশ দিয়ে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। আর যাদের স্নাতকোত্তরের ফাইনালি রেজাল্ট হয়ে গেছে তাদের চলতি মাসের মধ্যে হল ছেড়ে দিতে জানিয়ে দেওয়া হয়েছে।

কী অনুযায়ী সিট বরাদ্দ দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের চারটি বিষয় (মেধা, সিনিয়র-জুনিয়র, দূরত্ব, আর্থিক) বিবেচনা করে দেওয়া হবে।

এদিকে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মিহির লাল মিহির লাল ভৌমিকও একই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান বলেন, আমার হলে কোন গণরুম নেই, তবে নিচে কয়েকটি রুমে ছয়জনের জায়গায় সাতজন থাকে। যাদের স্নাতকোত্তর রেজাল্ট দিয়ে দিয়েছে তাদের কয়েকজনকে অলরেডি আমি সিট বাতিল করে দিয়েছি। আর পরীক্ষা নিয়ন্ত্রক থেকে যে রেজাল্ট শিট আসবে সে অনুযায়ী তাদের সিট বাতিল করা হবে। সেই স্থানে নতুন শিক্ষার্থীদের আবাসিকতা দেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে গণরুম বন্ধ সহ আবাসিক হলের বিষয়ে ৮টি সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে ছাত্রলীগ

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ সেপ্টেম্বর স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশে ৫ লক্ষাধিক শিক্ষার্থী জড়ো করার আশা করছে সংগঠনটি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এই ঘোষণা দেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাসের যুগান্তকারী সমাবেশ করতে যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। এটি হবে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং শোককে শক্তিতে রূপান্তর করতেই এই সমাবেশ।’

সাদ্দাম হোসেন বলেন, পাঁচ লাখ ছাত্রলীগ নেতাকর্মীর বাইরেও কয়েক লাখ সাধারণ শিক্ষার্থী সমাবেশে অংশ নেবে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে এটাই প্রমাণ হবে ১ সেপ্টেম্বর।

এর আগে আগামী ৩১ আগস্ট এ ছাত্র সমাবেশ করার কথা থাকলেও এইচএসসি পরীক্ষার বিষয় চিন্তা করে সেটি পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

ছাত্রলীগের সভাপতি জানান, ছাত্রসমাবেশ সফল করাসহ সারাদেশ থেকে শিক্ষার্থীদের ছাত্রসমাবেশে নিয়ে আসতে ছাত্রলীগ ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করেছে। একইসঙ্গে দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে দিনরাত প্রচারণা চালাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন সঞ্চালন করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

নোয়াখালীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা: বিচারের দাবিতে রাস্তায় দাঁড়ালেন শিক্ষার্থীরা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় বাসায় ঢুকে মা-মেয়েকে নৃসংশভাবে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

বুধবার (১৪ জুন) বিকেল ৪টার দিকে নোয়াখালীর মাইজদী শহরের হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে হত্যাকারীদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একই দিন বেলা সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন কচি মিয়ার বাসার দ্বিতীয় তলায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৩৫) ও তার মেয়ে হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নূর নাহারের স্বামী ফজলে আজিম শহরের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। আজ সকাল ৯টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যান। এরপর সকাল সাড়ে ১০টার দিকে জানতে পারেন, তার বাসায় ডাকাত ঢুকেছে। তাৎক্ষণিক তিনি বাসায় এসে স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে জানতে পারেন, হাসপাতালে নেওয়ার পর তার মেয়েও মারা গেছে।

স্থানীয় বাসিন্দা সোহেল জানান, জেলা শহরের গুপ্তাংকের বার্লিংটন মোড় এলাকার ফজলে আজিম কচি মিয়ার বাসার দ্বিতীয় তলায় বাসার মালিকের স্ত্রী নূর নাহার বেগম ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে দুর্বৃত্তরা বাসায় ডুকে কুপিয়ে হত্যা করে। মালিকের স্ত্রী নূর নাহার বেগম টনাস্থলে মারা যান। তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। ওই সময় স্থানীয় এলাকাবাসী এক জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে নিহতের স্বামীসহ অন্য স্বজনেরা তাৎক্ষণিক পুলিশকে এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিকেল ৪টা ৫৬ মিনিটের দিকে জানিয়েছেন, মা-মেয়ের হত্যাকান্ডের মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে সুধারাম থানায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।