Tag Archives: সংলাপ

আগুনসন্ত্রাসীদের সঙ্গে সংলাপ করা যায় না: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যারা পেট্রোল বোমা মেরে মানুষ পোড়ায়, হাসপাতালে হামলা চালায়, কুরআন শরিফ পোড়ায়, গাড়ি ও স্কুল ঘর পোড়ায়, তারা কোনো রাজনৈতিক দল নয়, রাজনৈতিক কর্মসূচিও এগুলো নয়। তারা যতদিন এভাবে ফণা তুলবে ততদিন দেশ ও সমাজ হুমকির মুখে থাকবে।

তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়, আগুনসন্ত্রাসীদের সঙ্গে সংলাপ করা যায় না। বরং তাদেরকে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর। যারা তাদের সঙ্গে সংলাপের কথা বলেন তাদের কাছে প্রশ্ন- সন্ত্রাসীদের সঙ্গে কি আলোচনা হয়? সন্ত্রাসীদের নির্মূল করতে হয়।

চট্টগ্রাম নগরীর জামালখান সড়কে শনিবার ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ শীর্ষক ম্যুরাল ও তথ্যচিত্র উদ্বোধন করে একথা বলেন তথ্যমন্ত্রী।

গত ১৪ জুন বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ চলার সময় জামালখান মোড়ে সড়কের পাশে দেয়ালজুড়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের আলোকচিত্র নিয়ে তৈরি গ্লাস ম্যুরাল ভাঙচুর করা হয়। সেখানে নতুন টাইলস ম্যুরাল স্থাপন করা হয়েছে।

ম্যুরাল ভাঙচুরের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, তারা ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, ভাঙচুর করার সময় উল্লাসও করেছে। আসলে বিএনপি-জামায়াত শুধু ধ্বংসই করতে জানে। এই ম্যুরাল ও ইতিহাস ঐতিহ্যের তথ্যচিত্রগুলো কী অপরাধ করেছিল, সেগুলো যে ভাঙচুর করল?

‘যদি জনগণের রায়ে আমরা আবার সরকার গঠন করতে পারি, এই দেশ থেকে শেষ অগ্নিসন্ত্রাসীদের নির্মূল করা হবে’, বলেন হাছান মাহমুদ।

বিএনপি-জামায়াতের টানা অবরোধ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এই অবরোধ কেউ মানছেন না। রাস্তায় গাড়ি চলছে, অফিস আদালত খোলা। স্কুল-কলেজও খোলা। তারা কিছু কিছু জায়গায় পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষের মাঝে ভয়ের সঞ্চার করা ছাড়া আর কিছুই করতে পারেনি। মাঝখানে বিরতি দিয়ে দুদিন পরপর তাদের এই অবরোধ-হরতালের কথা শুনে এখন হনুমানও ভেংচি কাটছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ম্যুরাল উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইসির প্রথম ধাপের সংলাপে অংশ নেয়নি ৯ দল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে ইসির মতবিনিময় সভা। শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে প্রথম ধাপের মতবিনিময়। এতে অংশ নিয়েছে ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দল। অংশ নেয়নি ৯টি দল। এরমধ্যে ৩টি দল সংলাপে অংশ নেবে না বলে চিঠি দিয়ে জানিয়েছে আগেই। বাকিরা অনুপস্থিত রয়েছে।

যে ৯টি দল আসেনি সেগুলো হলো এলডিপি, বিজেপি, কমিউনিস্ট পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, গণতন্ত্রী পার্টি, মুসলিম লীগ, বাংলাদেশ মুসলিম লীগ, কল্যাণ পার্টি ও খেলাফত মজলিস।

অংশ নিয়েছে আলোচিত তৃণমূল বিএনপি, এনডিএম ও গণফোরামের একাংশ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে। আরও যেসব দল এসেছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ইসলামী ঐক্য জোটের একাংশ, জমিয়তে ওলামায়ে ইসলাম।

এর আগে এলডিপি, বিজেপি এবং কল্যাণ পার্টি সংলাপে অংশ নেবে না বলে চিঠি দিয়ে জানিয়েছে।

নির্বাচনের প্রস্তুতি রাজনৈতিক দলগুলোকে জানানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপিসহ ৪৪টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি।

শনিবার (৪ নভেম্বর) সকালে সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভায় সভাপতিত্ব করছেন। নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন সভায়।

বিএনপিসহ আরও ২২টি দলকে সময় দেওয়া হয়েছে বিকেল ৩টায়।

এদিকে ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ভোটগ্রহণ জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

সন্ত্রাসীদের দলের সঙ্গে সংলাপ নয় : তথ্যমন্ত্রী

সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ নয় : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে। কিন্তু কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না।

আজ (শুক্রবার) সকালে জেলহত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন দলটির কেন্দ্রীয় নেতারা। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, বিএনপি যে সন্ত্রাসী দল তা ২৮ অক্টোবর আবারও প্রমাণিত হয়েছে। সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না। বিএনপির কথা চোর-ডাকাতের চেয়েও জঘন্য।

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি এখন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা জনসম্পদের ওপর হামলা করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সন্ত্রাসী দলকে নির্মূল করা হবে।

২৮ অক্টোবর মহাসমাবেশের নামে বিএনপি-জামায়াত তাণ্ডব চালিয়েছে দাবি করে এর নিন্দা জানান তথ্যমন্ত্রী।

এর আগে জেলহত্যা দিবস উপলক্ষ্যে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। দলের পক্ষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে বনানীতেও ১৫ আগস্ট ও ৩ নভেম্বর শহীদদের কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতারা।

সূত্র: ঢাকাপোষ্ট

আমরাও সংলাপে বিশ্বাস করি, শর্তহীনভাবে এলে স্বাগত জানাব: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারাহ কুক (ব্রিটেনের হাইকমিশনার) সংলাপের বিষয়টি তুলেছেন। আমরা বলেছি, আমরাও সংলাপে বিশ্বাস করি। সারাহ কুকও বলেছেন, সংলাপের প্রয়োজন আছে।

আপনারা সংলাপের উদ্যোগ নেবেন কি না– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শর্তহীনভাবে যারা আসবেন, তাদের স্বাগত জানাব। আমরা দরজা বন্ধ রাখিনি। তবে সবকিছু হতে হবে সংবিধান অনুসারে।

বুধবার (১ নভেম্বর) বাংলাদেশে ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ব্রাসেলস সফর নিয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সেখানে এক সাংবাদিক জানতে চান, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নির্বাচন নিয়ে শর্তহীন সংলাপে বসার কথা বলেছেন। এ বিষয়ে সরকারের অবস্থান কী?

বিএনপিকে খুনিদের দল আখ্যা দিয়ে দলটির সঙ্গে সংলাপের বিষয়টি একরকম উড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রশ্ন রেখে বলেন, খুনিদের সঙ্গে আবার কীসের সংলাপ?

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কার সঙ্গে সংলাপ? বিরোধী দলের সঙ্গে। কোন বিরোধী দল? বিরোধী দলটা কে? সংসদীয় নিয়মে বিরোধী দলের একটা ব্যাখ্যা আছে। বিরোধী দল হচ্ছে সেই দল যাদের সংসদে নির্বাচিত প্রতিনিধি আছে। এর বাইরেরগুলো পরিগণিত হয় না। আমেরিকায়ও হয় না। ট্রাম্পকে তারা (যুক্তরাষ্ট্র) কী বলবে? যদিও আমরা তাদের মতো সরকার ব্যবস্থায় নেই। এটা মাথায় রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘যারা মানুষের সম্পদ নষ্ট করেছে, যারা আমাদের উন্নয়ন কর্মকাণ্ড নষ্ট করেছে, তারা বসে বসে ডিনার খাক (মার্কিন রাষ্ট্রদূত), ডায়ালগ করুক। এটা আমাদের দেশ, আমরা স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে।’

কোনো শর্ত না দিলে বিএনপির সঙ্গে সংলাপের চিন্তা করা হবে: ওবায়দুল কাদের

কোনো শর্ত না দিলে বিএনপির সঙ্গে সংলাপের চিন্তা করা হবে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

কোনো শর্ত না দিলে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়টি চিন্তা করে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানায়।

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ দলের সুপারিশে রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্থবহ সংলাপসহ পাঁচটি সুপারিশের বিষয়ে ওবায়দুল কাদের জানান, ‘সংলাপের চিন্তা করবো তখন যখন তারা (বিএনপি) চারটি শর্ত প্রত্যাহার করে নেবে। শর্তযুক্ত কোনো সংলাপের ব্যাপারে আমাদের কোনো চিন্তা-ভাবনা নেই। শর্ত তারা প্রত্যাহার করলে দেখা যাবে।’

তিনি জানায়, ‘অন্য বিষয় (মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের) নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ওগুলো নিয়ে আমরা সবাই একমত।’

শর্তমুক্তভাবে বিএনপি সংলাপ করতে চাইলে আওয়ামী লীগ সংলাপে বসবে কি না, এ প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘তখন চিন্তা করে দেখবো।’

বুধবার সন্ধ্যা ৭টায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আ’লীগের সংলাপ !

 

ডেস্ক রিপোর্ট :

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার রাত ৮টার কিছুক্ষণ পর সেতুমন্ত্রী এ বিষয়ে ফোন করেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে। সংলাপের দিনক্ষণ ও স্থান চূড়ান্ত করে আজ আবার ফোন করবেন ওবায়দুল কাদের, এমনটাই জানিয়েছেন মোস্তফা মহসিন মন্টু।

ওবায়দুল কাদের ও মোস্তফা মহসীন মণ্টুর এ ফোনালাপ ছিলো অল্প সময়ের। সংলাপে বসার আমন্ত্রণ জানিয়ে মন্ত্রী জানতে চান, জাতীয় ঐক্যফ্রন্টের কতোজন সদস্য এই সংলাপে অংশ নেবেন। জবাবে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মণ্টু আভাস দেন, ১৫ থেকে ২০ জনের প্রতিনিধি দল নিয়ে যেতে আগ্রহী ঐক্যফ্রন্ট। আলোচনাক্রমে এই সংখ্যা ১৫তে নির্ধারিত হয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, সংলাপের সম্ভাব্য স্থান হিসেবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে প্রথম বিবেচনায় রাখা হয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় সংলাপে বসার জোরালো সম্ভাবনার কথা জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা। সংলাপ উপলক্ষে গণভবনে নৈশভোজের আয়োজন থাকবে। আবার সংলাপের সম্ভাব্য তারিখ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যার কথাও শোনা যাচ্ছে।

আজ সকালে ড. কামালের বেইলি রোডের বাসভবনে আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপের চিঠি নিয়ে যাবেন দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। আর এই বিষয়ে সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ড. কামাল হোসেন সংলাপের অনুরোধ জানিয়ে গত রোববার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন। একই সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও সে চিঠি দেয়া হয়। চিঠি পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই সংলাপের ব্যাপারে নাটকীয় অগ্রগতি রাজনৈতিক অঙ্গনসহ সবার মাঝেই ইতিবাচক প্রভাব ফেলেছে। জাতীয় ঐক্যফ্রন্টও সরকারি দলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।