Tag Archives: ২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি নিজের পরিকল্পনা

২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি নিজের পরিকল্পনা

২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি নিজের পরিকল্পনা জানালেন 

 

ডেস্ক রিপোর্ট:

 

২০২২ সালে কাতারের মাটিতে বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি জানিয়েছিলেন,সেটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে আর্জেন্টাইন মহাতারকা এখন ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বরং বিষয়টি নিয়ে তিনি ভাবছেন এবং ‘দিন ধরে ধরে এগোনোর’ নীতিগ্রহণ করেছেন।

সম্প্রতি আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার কিকে উলফের অনুষ্ঠান ‘সিম্পলি ফুটবল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ প্রসঙ্গ উঠলে মেসি বলেন,‘অবশ্যই আমি বিশ্বকাপ আর সেখানে থাকা নিয়ে ভাবছি। তবে আমি প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি। সেখানে (২০২৬ বিশ্বকাপে) আমি থাকতে পারব কি না,এ নিয়ে নিজের সঙ্গে সৎ থাকতে হবে আমাকে।’ কিছুদিন আগে মেসির ঘনিষ্ঠ বন্ধু ও ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজও জানিয়েছিলেন,মেসি অবসরের কথা ভাবছেন না এবং পরের (২০২৬) বিশ্বকাপ খেলতে চান।

অনুষ্ঠানে কিকে উলফ ও তার ছেলে পেদ্রোকে দেওয়া সাক্ষাৎকারে  মেসি তার ২০২২ বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণা এবং ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হারকে ‘যন্ত্রণা’ হিসেবে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন,‘দুটি বিশ্বকাপ জিততে না পারলেও ২০২২ সালে  জিতেছেন,যা তার কাছে অমূল্য।’ তিনি মনে করেন ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন এবং বিশ্বকাপ জয়ের পর তার আর চাওয়ার কিছু নেই।

পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনার হয়ে সর্বদা প্রথম শট নেওয়ার রহস্যও উন্মোচন করেন মেসি। ২০১১ কোপা আমেরিকা থেকে শুরু করে ২০২৪ প্রতিটি গুরুত্বপূর্ণ টাইব্রেকারে তিনিই প্রথম শটটি নেন। এর কারণ হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন,‘পেনাল্টি শুটআউটে আমি সব সময়ই প্রথমে যাই সব দায়িত্ব নিজের কাঁধে নিতে।’

বার্সেলোনায় ফেরা এবং ইন্টার মায়ামিতে যোগ দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেসি জানান পিএসজি ছাড়ার পর তার প্রথম পছন্দ ছিল বার্সেলোনাতেই ফেরা। কিন্তু সেটি সম্ভব না হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এই সিদ্ধান্তটি মূলত পারিবারিক এবং তিনি ইউরোপের অন্য কোনো ক্লাবে যোগ দিতে চাননি।

ব্যক্তিগত জীবনে তিন ছেলের ফুটবল-প্রেম নিয়েও কথা বলেন এই কিংবদন্তি। তিনি জানান,তার তিন ছেলেই ফুটবল অন্তপ্রাণ। সারাদিন খেলাধুলা ও অনুশীলন নিয়ে ব্যস্ত থাকে। তাদের সঙ্গ উপভোগ করেন মেসি। ‘তবে কে সেরা ফুটবলার’এই প্রশ্নের জবাবে নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করে মেসি বলেন,‘একজনের নাম বললে অন্যরা বলবে ‘কেন তার নাম বললে’,তাই নামটা নিজের কাছেই রাখি। এটুকু বলতে পারি ওরা তিনজনই আলাদা।’