,

কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৬ জন শিক্ষার্থী

আজকের কুমিল্লা ডট কম :
September 10, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন এবং ফেল থেকে পাস করেছেন ৩৩৬ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিভিন্ন বিষয়ে ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন। যাচাই-বাছাই শেষে প্রকাশিত ফলাফলে ১ হাজার ৯৪৪ জনের ফল পরিবর্তন হয়, যার মধ্যে ১ হাজার ৬০৮ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ জানায়, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই-বাছাই শেষে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশোধিত ফলাফলে পরিবর্তন আসা শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি পরীক্ষার মূল ফলাফল প্রকাশিত হয়, যেখানে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৫ দশমিক ৪২ শতাংশ। ফলাফল প্রকাশের পর অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়েছিল।