কুমিল্লায় র্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারী যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
আজ বুধবার সকালে র্যাব-১১, সিপিসি-২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ মে রাতে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আমজাদ হোসাইন রিপন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আমজাদ হোসাইন রিপন কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, রিপন দীর্ঘদিন ধরে ২য় মুরাদপুরসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
র্যাব আরও জানায়, র্যাব হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।