,

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে ৩ জনকে আহত

আজকের কুমিল্লা ডট কম :
January 28, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হামলা চালিয়ে দুই নারীসহ তিনজন আহত করেছে বখাটেরা। উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাজেদা বেগম কু-প্রস্তাবকারী শাহাদাত হোসেন, তার ভাই হামলাকারী মোঃ শরীফের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা করেছেন।

সোমবার (২৮ জানুয়ারি) মামলা সুত্রে জানা যায়, সাজেদা বেগমের স্বামী জসিম উদ্দিন স্থানীয় ধোড়করা বাজারে চা দোকানে চাকরি করে। জসিম উদ্দিনের অনুপস্থিতিতে সাজেদাকে প্রায়ই কু-প্রস্তাব দিতো পাশ্ববর্তী বাড়ির আবদুর রহমানের ছেলে শাহাদাত হোসেন। এতে রাজি না হওয়ায় শাহাদাত হোসেন বিভিন্ন সময় সাজেদাকে হুমকি দিতো- একা পাইলে তাকে অপহরণ করে নিয়ে যাবে। জোরপূর্বক ধর্ষণ করবে।

সাজেদা বিষয়টি তার স্বামীকে অবহিত করেন। এরই মধ্যে গত বুধবার (২৩ জানুয়ারি) ভোরে সাজেদা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা শাহাদাত হোসেন ধর্ষণের উদ্দেশ্যে তাকে ঝাপটে ধরে। এ সময় সাজেদার চিৎকার করলে অভিযুক্ত শাহাদাত তার গলায় মাফলার দিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে। সাজেদার চিৎকার শুনে তার ভাসুর আলী হোসেন ও ননাইশ আলেয়া বেগম ঘর থেকে বের হয়। এ সময় শাহাদাত হোসেন সাজেদার গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ধর্ষণে ব্যর্থ কিছুক্ষণ পর শাহাদাত হোসেন, তার ভাই মোঃ শরীফসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সাজেদার বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায়। হামলায় আলী হোসেন ও আলেয়া বেগম রক্তাক্ত জখম হয়। তাদের চিৎকার শুনে আশ-পাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত সাজেদা, আলী হোসেন ও আলেয়া বেগমকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় পরদিন সাজেদা বাদি হয়ে শাহাদাত হোসেন ও তার ভাই শরীফসহ ৫-৬ জনের বিরুদ্ধে কুমিল্লা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করেন।