,

কুমিল্লায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৪

আজকের কুমিল্লা ডট কম :
January 8, 2020
news-image

 

অনলাইন ডেস্কঃ

 

কুমিল্লায় চলন্ত সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে চারজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

 

 

আহতদের মধ্যে দুই জনের নাম জানা গেছে। তারা হলেন- আবদুর রহিম ও নাহিদ হোসাইন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন বলেন, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। তবে আমরাও তাৎক্ষণিক বিষয়টি জানতে পারিনি। পরে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে রেলওয়ের কন্ট্রোল রুম থেকে।

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৩টায় সুবর্ণ এক্সপ্রেসের ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতি নদীর ব্রিজ এলাকা পার হওয়ার আগ মূহুর্তে হঠাৎ দুর্বৃত্তরা ট্রেনের জানালা লক্ষ্য করে বেশ কয়েকটি পাথর নিক্ষেপ করে। এতে দুটি জানালার কাঁচ ভেঙে চারজন যাত্রী আহত হন। সেসময় ওই বগিতে ছিলেন কয়েকজন চিকিৎসক। পরে তারা দ্রুত চিকিৎসা দিয়ে আহতদের রক্তপাত বন্ধ করেন।

লাকসাম রেলওয়ে জংশন থানার ওসি মো.নাজিম উদ্দিন আরো জানান, এ ঘটনার খবর পেয়ে আমরা পুরো এলাকায় রেলওয়ে পুলিশের টহল বৃদ্ধি করেছি। এছাড়া এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি।