দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা উদ্ধার, এক্স নোহাসহ গ্রেপ্তার ২
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজা ও একটি এক্স নোহা গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানোর সময় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই মাসুদ আলম পাটোয়ারী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করেন। এ সময় চট্টগ্রাম মেট্রো-চ-৫১-১২২৪ নম্বরের একটি পুরাতন এক্স নোহা গাড়ি চেকপোস্টের কাছে এলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গাড়িতে থাকা নীলফামারীর জলঢাকা থানার তিলাই এলাকার তরিকুল ইসলাম রাজন (৩১) এবং সিলেট মহানগরের কোতোয়ালি থানাধীন গাশিটোলা এলাকার ফরহাদ হোসেন ওরফে রাহাতকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তরিকুল ইসলাম রাজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।