বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে বন্ধ দোকান থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৬, ২০২৫
news-image

 

দেবিদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিউমার্কেট এলাকার বারেক প্লাজায় একটি জুয়েলার্স দোকানের তালা ভেঙে প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে ‘খাদিজা শিল্পালয়’ নামের ওই দোকানে এ ঘটনা ঘটে।

দোকান মালিক জাকির হোসেন জানান, দুপুরে কিছু সময়ের জন্য দোকান বন্ধ রেখে বাইরে যান তারা। ফিরে এসে দেখতে পান দোকানের শাটারের তালা ভাঙা এবং ভিতরে ঢুকে সুকেস ভাঙা অবস্থায় পড়ে আছে। তাতে রাখা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার খোয়া গেছে।

তিনি আরও বলেন, “চুরির পরপরই দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় গিয়ে জানানো হয়েছে।”

দেবিদ্বার জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন জানান, সম্প্রতি স্বর্ণের দাম বাড়ায় এ ধরনের দোকানগুলো অধিক ঝুঁকির মধ্যে রয়েছে। মার্কেট ফাঁকা থাকার সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। পাশাপাশি মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।