,

লন্ডনে মেট্রো স্টেশনের বাংলা নামফলক মুছে ফেলার পক্ষে ইলন মাস্ক

আজকের কুমিল্লা ডট কম :
February 10, 2025
news-image

লন্ডনে মেট্রো স্টেশনের বাংলা নামফলক মুছে ফেলার পক্ষে ইলন মাস্ক

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাজ্যের লন্ডনের হোয়াইট চ্যাপেল মেট্রো স্টেশনের নামফলক বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই লেখা আছে। সম্প্রতি এই দ্বিভাষিক নামফলক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ব্রিটিশ সংসদ সদস্য (এমপি) রুপার্ট লোউ এর বিরোধিতা করে বলেছেন, ‘স্টেশনের নামফলক শুধুমাত্র ইংরেজিতে হওয়া উচিত।’ তার এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্ববিখ্যাত ধনকুবের ইলন মাস্ক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের হোয়াইট চ্যাপেল রেলস্টেশনে ইংরেজি ও বাংলা ভাষায় লেখা নামফলক নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যুক্তরাজ্যের এমপি রুপার্ট লোউ সরাসরি এর বিরোধিতা করে বলেন, ‘স্টেশনের নামফলক শুধুমাত্র ইংরেজিতে হওয়া উচিত।’

গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লোউ সামাজিক যোগাযোগমাধ্যমে হোয়াইট চ্যাপেল স্টেশনের দ্বিভাষিক নামফলকের একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘এটি লন্ডন—স্টেশনের নাম শুধুমাত্র ইংরেজিতে থাকা উচিত, কেবল ইংরেজিতে!’

রুপার্ট লোউয়ের এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তবে বিষয়টি আরও বেশি আলোচনায় আসে যখন প্রযুক্তি উদ্যোক্তা ও এক্স (টুইটার) এর মালিক ইলন মাস্ক এই পোস্টের নিচে মন্তব্য করেন। তিনি শুধুমাত্র একটি শব্দে তার সমর্থন জানান—‘হ্যাঁ’।

রুপার্ট লোউর পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী তার বক্তব্যকে সমর্থন করে বলেছেন, যুক্তরাজ্যে শুধুমাত্র ইংরেজি ভাষাতেই নামফলক থাকা উচিত। অন্যদিকে, অনেকেই এর বিরোধিতা করে বলেছেন, যুক্তরাজ্য একটি বহুজাতিক ও বৈচিত্র্যময় সমাজ, তাই বিভিন্ন ভাষায় নামফলক থাকা উচিত। তাদের মতে, এটি কোনো সমস্যার বিষয় নয়, বরং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন।

এই বিতর্ক যুক্তরাজ্যের মতো বহুসংস্কৃতির দেশে ভাষা ও সংস্কৃতি নিয়ে চলমান আলোচনারই একটি অংশ বলে মনে করা হচ্ছে।