মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শীতের আগমনে মাঠজুড়ে সবুজের সমারোহ- কুমিল্লায় সবজি চাষে উৎসবের আমেজ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২, ২০২৫
news-image

মোঃ রাসেল:

শীতের আগমন ঘনিয়ে আসতেই কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলজুড়ে নেমেছে সবজি চাষের উৎসব।

জেলার বিভিন্ন উপজেলায় চাষ হচ্ছে এ শীতকালীন শাকসবজি। জেলার বরুড়া, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার মাঠঘাট এখন সবুজে ভরপুর। কোথাও ফুলকপি ও বাঁধাকপির সবুজ পাতায় ঢেকে গেছে মাঠ, আবার কোথাও টমেটো, শিম, বেগুন, লালশাক, মুলা ও ধনেপাতার ঘন চাষে সবুজে যেন চোখ জুড়িয়ে যায়।

স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাজারে সবজির ভালো দাম থাকায় তারা আগের বছরের তুলনায় বেশি জমিতে শাকসবজি চাষ করেছেন। সেচ, সার ও কীটনাশকের সহজলভ্যতা এবং সরকারি কৃষি অফিসের নিয়মিত পরামর্শের কারণে সবজির ফলনও ভালো হবে বলে তারা আশা করছেন।

বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের কৃষক শাহআলম বলেন, “গত বছর এক বিঘা জমিতে টমেটো চাষ করে ভালো লাভ পেয়েছিলাম। এবার তিন বিঘা জমিতে টমেটো ও ফুলকপি লাগিয়েছি। আবহাওয়া ভালো থাকলে লাভ হবে আগের চেয়েও বেশি।”

 

আদর্শ সদর উপজেলার শীমপুর গ্রামের কৃষক আলী আক্কাস বলেন, “গতবছর শুধু মুলা চাষ করেছিলাম, লাভও ভালো পেয়েছি। এবার মুলার পাশাপাশি লালশাক ও ধনেপাতার চাষ করেছি। আশা করছি এবার গতবছরের চেয়েও ভালো দাম পাবো”।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমানের বরাত দিয়ে এডিডি শেখ আজিজুর রহমান বলেন, “আমরা আশা করছি এ বছর জেলায় শীতকালীন নান রকম শাকসবজি চাষ হবে প্রায় ১২ হাজার ৩০০ হেক্টর জমিতে। আর এ পর্যন্ত চাষ হয়েছে ২ হাজার ৭শত ৩৭ হেক্টর জমি। এর মধ্যে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, বেগুন ও ধনেপাতা সবচেয়ে বেশি এলাকা জুড়ে চাষ করা হয়েছে।”

তিনি আরো বলেন, “এ বছর জেলায় শাকসবজি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ লাখ ৭ হাজার ৫০০ মেট্রিক টন। যদি প্রাকৃতিক দুর্যোগ না ঘটে, তবে এ লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে বলে আমরা আশা করছি”।

সবজি চাষের কারণে গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে। অনেক বেকার যুবক ও নারীরা এখন শীতকালীন সবজি চাষে সম্পৃক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন। ফসল সংগ্রহের মৌসুমে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হচ্ছে।

সবজির ফলন ও দাম ভালো থাকলে কৃষকের মুখে হাসি ফোটে। ঠিক তেমনই দৃশ্য এখন দেখা যাচ্ছে কুমিল্লার গ্রামগঞ্জে। মাঠজুড়ে সবুজের সমারোহে শীতের আগমন যেন হয়ে উঠেছে উৎসবমুখর।

কুমিল্লার এই সফল সবজি চাষ দেশের অন্যান্য অঞ্চলের কৃষকদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। যথাযথ বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ ব্যবস্থা থাকলে কৃষকরা আরও বেশি লাভবান হবেন এবং দেশের সবজি বিদেশে সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অঞ্চল।