,

অভিনেতা আনিসের মরদেহ এফডিসিতে

আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমানের প্রথম জানাজা সোমবার সকাল ৯টায় টিকাটুলী জামে মসজিদে সম্পন্ন হয়েছে। তার লাশ নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি)। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন শিল্পীরা।

এফডিসিতে শ্রদ্ধা জানানো শেষে আনিসের লাশ নিয়ে যাওয়া হবে ফেনীর ছাগলনাইয়া থানার বল্লবপুর গ্রামের বাড়িতে। সেখানে জানাজা শেষে আজ বাদ আসর তাকে সমাহিত করা হবে পারিবারিক কবরস্থানে।

জনপ্রিয় এই কৌতুক অভিনেতা রোববার রাত ১১টার দিকে রাজধানীর টিকাটুলীর নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, রাতে ঘুমের মধ্যে মারা যান আনিস। তার মেয়ের জামাই আলাউদ্দিন শিমুল জানান, রাতে নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলেন বাবা (শ্বশুর)। ওখানেই তার স্ট্রোক হয়।

১৯৬০ সালে ‘বিষকন্যা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আনিসের অভিনয়ে হাতেখড়ি। যদিও ছবিটি মুক্তি পায়নি। ১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি ‘এইতো জীবন’। তারপর থেকে আর পিছু তাকাতে হয়নি তাকে। তার অভিনয় দর্শক মনে স্থান করে নিয়েছে।

তার বাবা মরহুম আমিনুর রহমান চা বাগানের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়ার দক্ষিণ বল্লবপুরে। ১৯৬৫ সালে খালাতো বোন কুলসুম আরা বেগমকে ভালোবেসে বিয়ে করেন আনিস।

আনিস স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।