ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু
ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু
৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও একজন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে মোট দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃত ব্যক্তির নাম নাজমুল হোসেন (৭৫)। তিনি বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার দিদার তরফদার (৫৫) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়। দিদার খুলনা জেলা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ছিলেন।
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এই পর্বে তাবলিগ জামাতের একাংশের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভির অনুসারীরা অংশ নিচ্ছেন। শুক্রবার রাতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবেবরাত পালন করেন। আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।











