,

করোনায় বিএনপি নেতা আবদুল আউয়াল খানের মৃত্যু: রাতে দেবিদ্বারে দাফন

আজকের কুমিল্লা ডট কম :
July 20, 2020
news-image

মোঃ জামাল উদিন দুলালঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক জিএস আবদুল আউয়াল খাঁন (৫৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

সোমবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ছোট ভাই আবদুল নবিন খাঁন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ভাইকে গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা টেস্ট পজিটিভ আসে। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে মুগদাতে আইসিইউ বেড না পেয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নেয়া নয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’ তিনি আরও বলেন, ‘মুগদা জেনারেল হাসপাতালে ভর্তির আগে গত ৪-৫ দিন চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসাতেই আইসোলেশনে ছিলেন আবদুল আউয়াল খাঁন।’

কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাসারীখোলা গ্রামে জন্ম নেওয়া ঢাকা কলেজের সাবেক জিএস আবদুল আউয়াল খান স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও ৬ ভাই, ২ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে ঢাকা থেকে মুঠো ফোনে যুবদল নেতা জসিম উদ্দিন জানান, ‘করোনার কারণে ঢাকায় নামাজে জানাজা হচ্ছে না, তবে স্বাস্থ্য বিধি মেনে কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংস্থা ‘ বিবেক’ এর ১২ সদসের টিমের সহায়তায় বাদ এশা দেবিদ্বার উপজেলার ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি কাসারীখোলায় পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করবে।’

এদিকে আবদুল আউয়াল খাঁনের মৃত্যুতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সি সহ দলীয় নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।