কসবায় ভাতিজাদের পিটুনিতে চাচার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. রতন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন দুই ভাতিজা ও তাদের স্বজনদের বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রতন মিয়া কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
অভিযুক্তরা হলেন- নিহতের ভাই রেজাউল মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং তাদের খালাতো ভাই উপজেলার গোপীনাথপুর গ্রামের সামির মিয়া (১৮)। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে রতন মিয়ার সঙ্গে তার ভাই রেজাউল ও ভাতিজাদের জায়গা-জমি নিয়ে মামলা চলছিল। ওই বিরোধের জের ধরেই বুধবার সকাল থেকেই প্রতিপক্ষের রিফাত, সিফাত ও তার পরিবারের লোকজন রতন মিয়ার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। এক পর্যায়ে বিকেলে রতন মিয়া বাড়ির পাশের বিলের জমিতে কাজ করার সময় রিফাত, সিফাত ও সামির হঠাৎ করে রতন মিয়ার উপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেলে রেফার করেন। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত। এ ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে মামলার আসামি রেজাউল মিয়া ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।











