রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আজান দেওয়ার সময় ইমামের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১২, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলার একটি পাঞ্জেগানা মসজিদে এশার আজান দেওয়ার সময় হৃদযন্ত্র বন্ধ হয়ে মো. আমিনুল ইসলাম (৪৮) নামে একজন ইমামের মৃত্যু হয়েছে। আজানরত অবস্থায় তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১১ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম গোপিনাথপুর গ্রামের কাজীবাড়ি এলাকার প্রয়াত শামসুল আলমের ছেলে।

তিনি তিন বছরেরও বেশি সময় ধরে মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি প্রায় এক দশক ধরে কণ্ঠনগর দক্ষিণপাড়া দারুল সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানাW, প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি এশার আজান দিচ্ছিলেন। আজানের এক পর্যায়ে অসুস্থ হয়ে মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন।

উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রব্বানী সোহেল পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্র বন্ধ হয়েই তার মৃত্যু হয়েছে।