কুমিল্লায় পুলিশের ধাওয়ায় ছিনতাইকারীদের ফেলে যাওয়া কাভার্ড ভ্যান উদ্ধার
কুমিল্লায় কাপড়বোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাইয়ের সময় পুলিশের ধাওয়ায় ফেলে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোররাত ২টা ৩৫ মিনিটে সদর দক্ষিণ থানাধীন রতনপুর এলাকায় নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক থেকে ভ্যানটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, লাকসাম ক্রসিং হাইওয়ে থানার রাত্রীকালীন মোবাইল টিমের ইনচার্জ এটিএসআই হারুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চাঁদপুরের হাজীগঞ্জ থেকে কাপড়বোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাই করে কুমিল্লার দিকে আনা হচ্ছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম লালমাই মোড়ে অবস্থান নেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২৪-৫৪৩৬) দ্রুতগতিতে পদুয়ার বাজারের দিকে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া দিলে তারা কৌশলে ভ্যানটি ফেলে রতনপুর এলাকায় পালিয়ে যায়। পরে স্থানীয় জনতার সহায়তায় কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভ্যানটিতে ৩৫ লাখ টাকার কাপড় ছিল। এটি নরসিংদীর বাবুরহাট থেকে কাপড় নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ যাচ্ছিল।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আদেল আকবর বলেন, “উদ্ধারকৃত কাভার্ড ভ্যানটির আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”