,

কুমিল্লায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

আজকের কুমিল্লা ডট কম :
September 3, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. ইউসুফ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ভাইসহ আরো একজন আহত হয়েছেন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তিন নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের একলারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ ভূঁইয়া ওই গ্রামের মৃত আলী আজগর ভূঁইয়ার ছেলে।

নিহতের ছেলে মো. রাকিব হোসেন জানায়, বাড়ির সীমানা নিয়ে তাদের সঙ্গে পাশের বাড়ির মৃত আশাদ মিয়ার ছেলেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আশাদ মিয়ার ছেলেদের নেতৃত্বে তার অন্য ভাই ও আত্মীয়স্বজনেরা তাদের ওপর হামলা চালান। এ সময় তার বাবা ইউসুফ ভূঁইয়া ও চাচা মো. স্বাধীন ভূঁইয়া (৫৫) আহত হন। পরে তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

রাকিব হোসেনের অভিযোগ, প্রতিপক্ষের হামলার পরই তার বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম জানান, ‘ইউসুফ ভূঁইয়াকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত পাওয়া যায়। তবে তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

তিতাস থানার ওসি মো. মমিরুল হক জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’