মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় মাদকের অভিযান, ৫৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১, ২০২৬
news-image

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ সুমন সাহা (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে কোতয়ালী মডেল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানটি পরিচালিত হয় ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর এলাকায় অবস্থিত ‘বাইতুত তাকওয়া’ নামীয় ভবনে।

অভিযানের সময় ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুমন সাহাকে আটক করা হয়। পরে তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তার বাসার বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়।

তল্লাশীকালে তার শয়নকক্ষ থেকে মোট ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২৫ বোতল রয়্যাল গ্রিন হুইস্কি (৭৫০ মিলিলিটার), ১১ বোতল রয়্যাল স্ট্যাগ হুইস্কি (৭৫০ মিলিলিটার) এবং ১৮ বোতল রয়্যাল স্ট্যাগ হুইস্কি (৩৭৫ মিলিলিটার)।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুমন সাহা স্বীকার করেন, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে এসব বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।