কুমিল্লা সদরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতকের বাড়িঘরে হামলা ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা সদরে কাউছার নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যার প্রতিবাদে ঘাতকদের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় কুমিল্লা নন্দীর বাজার এলাকায় ধমধমে পরিস্থিতি বিরাজ করছে৷
শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত কাউছার কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন।
স্থানীয়দের বরাতে তৌহিদুল জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে ট্রমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছত্রখিল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার একটি সালিশ বৈঠক হয়। এর পরদিন শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির কাছে গেলে কাউছারের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তাকে মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।