মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলে যাওয়ার পথে লরির চাপায় শিক্ষার্থীর মৃত্যু, আহত ১

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৪, ২০২৬
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলে যাওয়ার পথে নিয়ন্ত্রণহীন লরির চাপায় হাসিবুল ইসলাম জিহান (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তারই সহপাঠী মেহজাবিন আক্তার তানিসা (১১)।

শনিবার (০৪ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা তাকিয়া আমগাছ নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত জিহান একই এলাকার প্রবাসী আবুল হোসেন ও অঞ্জু আক্তার দম্পতির ছেলে।এছাড়াও নিহত ও আহত দুজনই চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিহান ও তারই চাচাতো বোন তানিসা পায়ে হেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াকওয়ে দিয়ে স্কুলে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে চট্টগ্রাম অভিমুখি একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দু’জনকে চাপা দিয়ে মহাসড়কের পাশেই উল্টে পড়ে যায়। লরির নিচে পিস্ট হয়ে ঘটনাস্থলেই জিহানের মৃত্যু হয়। গুরুতর আহত হয় জিহানের চাচাতো বোন তানিসা। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিহানের মরদেহ উদ্ধার করে এবং আহত তানিসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত জিহানের জেঠাতো ভাই মো. খালেদ জানান, জিহান ও তানিসা অনেক মেধাবী শিক্ষার্থী ছিলো। তারা সবসময় একসাথে স্কুলে আসা-যাওয়া করতো। শনিবার সকালে নাস্তা শেষে দু’জন প্রতিদিনের মত একসাথে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। স্কুলের কাছাকাছি পৌঁছালে পিছন থেকে একটি লরি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জিহানের মৃত্যু হয়। গুরুতর আহত হয় তানিসা। দু’টি পরিবারেই শোকের মাতম বইছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত লরিটি জব্দ করা হয়েছে। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে জিহানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।