বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ছাত্রলীগ নেতার বাড়িতে মসজিদের সোলার প্যানেল আর সরকারি গাছ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২২, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মসজিদের জন্য সরকারি বরাদ্দকৃত সোলার প্যানেল ল্যাম্পপোস্ট তুলে নিয়ে নিজের বাড়ির পাশে স্থাপন করেছেন ছাত্রলীগ নেতা আবুল খায়ের।

তিনি উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের হাজীপুরা গ্রামের ওমর আলীর ছেলে। আবুল খায়ের মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, হাজীপুরা মজুমদার বাড়ি মুরশিদিয়া জামে মসজিদের ল্যাম্পপোস্টের সোলার প্যানেলটি স্থাপনের তিনদিন পর তিনি খুলে নিয়ে যান। ১৬ সেপ্টেম্বর এই নিয়ে তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই গ্রামের বাসিন্দা মসজিদ কমিটির সভাপতি মো. এনায়েত উল্লাহ মজুমদার।

মো. এনায়েত উল্লাহ মজুমদার বলেন, আবুল খায়ের লোকজন নিয়ে মসজিদের সোলার ল্যাম্পপোস্ট তুলে নিয়ে যায়। মসজিদের কমিটির লোকজন ও মুসল্লিদের সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করি। আমরা মসজিদের সম্পত্তি ফেরত চাই। এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হচ্ছে।

ল্যাম্পপোস্ট নিয়ে যাওয়ার বিষয়ে আবুল খায়ের বলেন, অভিযোগটি মিথ্যা। মসজিদের সামনে কাদা থাকার কারণে জনগণের স্বার্থে সোলার ল্যাম্পপোস্টটি তিন রাস্তার মুখে লাগানো হয়েছে। আমার নিজ বাড়িতে লাগানো হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। সোলার পানেলটি মসজিদের জায়গায় পুনরায় স্থাপন করা হবে।

এদিকে মনোহরগঞ্জ-খিলা রোডে উপজেলার তাহেরপুর ও শিকচাইল এলাকায় অবৈধভাবে অর্ধ শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে রুবেল হোসেন নামের আরেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। তিনি উপজেলার হাটিরপাড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক। গাছ গুলো তার বাড়ির উঠানে রয়েছে।

এ বিষয়ে রুবেল হোসেন বলেন, ‘রাস্তা চওড়া করতে গিয়ে কিছু গাছ কাটা পড়েছে। সেগুলো রাস্তায় পড়ে আছে। তিনি গাছ নেননি।’

খিলা ইউনিয়নের চেয়ারম্যান আল-আমিন ভূঁইয়া বলেন, ‘শুনেছি তহশিল অফিসের সাথে কথা বলে রুবেল গাছ নিয়েছে।’ এই বিষয়ে তিনি বিস্তারিত কথা বলতে রাজী হননি।

এই প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাঠান মো.সায়েদুজ্জামান বলেন, ‘আমরা খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’