,

কুমিল্লা অঞ্চলের দাপুটে নির্বাহী প্রকৌশলী ফিরোজ ঘুরে ফিরে কুমিল্লায়

আজকের কুমিল্লা ডট কম :
October 18, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগ সরকারের আমলে এইচ এম ফিরোজ ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুমিল্লা অঞ্চলের একজন দাপুটে নির্বাহী প্রকৌশলী। তবে বিএনপি সরকার আসার পর তিনি রাতারাতি বিএনপি বনে যান। দুই আমলেই বারবার বদলি হয়েও অদৃশ্য শক্তির জেরে বদলি রদ করে আবার কুমিল্লায় থাকছেন তিনি। তিন বছর পরপর বদলির নিয়ম যেন তার কাছে অদৃশ্য। কুমিল্লার মজায় মজে আছেন ফিরোজ- এমন প্রবাদ এখন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মুখে মুখে।

আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের লোক হিসেবে নিজেকে জাহির করেছেন। এখন বিএনপির সময়ে নিজেকে সাবেক ছাত্রদলের কর্মী হিসেবে প্রমাণ করছেন তিনি। ফলে দীর্ঘ প্রায় ৮ বছর ঘুরেফিরে কুমিল্লাতেই থাকছেন ফিরোজ।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে এইচএম ফিরোজ ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুমিল্লা অঞ্চলের একজন দাপুটে নির্বাহী প্রকৌশলী। তার দাপটে আজন্ম আওয়ামী লীগ করা নেতারাও পিছু হটেছেন। তবে বিএনপি সরকারে আসার পর তিনি রাতারাতি বনে যান বিএনপি নেতা। নিজেকে ছাত্রদলের সাবেক নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। তাই তাকে এ বিভাগে অনেকে ‘গুপ্ত’ নামেও চেনে। গত ৮ বছরে যতবার বদলি হয়েছেন, ততবার তিনি তা রদ করেছেন। এর মধ্যে ১ অক্টোবর তাকে লক্ষ্মীপুরে বদলি করা হয়; কিন্তু বদলি আদেশের ১৮ দিন পরও তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে বর্তমান কর্মস্থলেই আছেন।

এইচএম ফিরোজ ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ২২ মার্চ পর্যন্ত কুমিল্লা পিডিবির বিক্রয় ও বিতরণ তিন নম্বর ডিভিশনে কাজ করেন। ২০২৩ সাল থেকে কুমিল্লা দুই নম্বর ডিভিশনে বদলি হয়ে আসেন। এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অন্তর্বর্তীকালীন সরকারও দায়িত্ব শেষ করেন। নিয়ম অনুযায়ী বদলির সময় ঘনিয়ে এলে গত ১ অক্টোবর নির্বাহী প্রকৌশলী এইচএম ফিরোজকে লক্ষ্মীপুর জেলা বিক্রয় ও বিতরণ কেন্দ্রে বদলি করা হয়। তবে নতুন কর্মস্থলে তিনি যাননি। পুরনো কর্মস্থলও ত্যাগ করেননি। গতকাল জানা গেল সেই পুরনো পথে তিনি এবারও তার বদলির আদেশ রদ করে ফেলেছেন। এরপর তার সেই পরনো প্রবাদ- ‘কুমিল্লায় কী মজা’ বিষয়টি আলোচনায় আসে।

লিখিত বাধ্যবাধকতা না থাকলেও সরকারি কর্মকর্তারা কোনো কর্মক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর দায়িত্ব পালন করেন। এরপর স্বাভাবিক নিয়মেই তারা অন্যত্র বদলি হয়ে যান। নতুন কর্মস্থলে যোগ না দেওয়ার কারণ জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী এইচএম ফিরোজ বলেন, বিদ্যুৎ বিভাগ আমাকে এখানে রাখতে চায় বলে বদলির আদেশ রদ করেছে। তারা যা চাইবে, আমি তা-ই করতে বাধ্য। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ মেনেই আমি চলি। জানতে চাইলে পিডিবির কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী শেখ ফিরোজ কবির সাংবাদিক কে বলেন, কর্মকর্তাদের বদলির বিষয়টি ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হয়। এটি আমার এখতিয়ারভুক্ত বিষয় নয়; বিষয়টি সম্পূর্ণ বোর্ডের এখতিয়ার। তবে বাস্তবে খোঁজ নিয়ে দেখা গিয়েছে, তাহার এখন পর্যন্ত কোন বদলির আদেশ স্থগিত অথবা পরিবর্তন হয়নি।