দেবিদ্বারে ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় বোনের
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে যাচ্ছিল ছোট বোন। তাকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দুই বোনই। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের পূর্বপাড়া ভূঁইয়া বাড়ির মরহুম সিরাজুল ইসলাম মাস্টারের বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
দুই শিশু হলো ওই এলাকার ইলেকট্রিশিয়ান বিল্লাল হোসেন ভূঁইয়ার বড় মেয়ে সামিয়া (৯) ও ছোট মেয়ে সানিয়া (৭)।
তাদের স্বজন ব্যাংক কর্মকর্তা শরিফুল ইসলাম ভূঁইয়া জানায়, শুক্রবার দুপুরে সামিয়া ও সানিয়া বাড়ির পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে ছোট বোন সানিয়া ঘাটলার সিঁড়ি থেকে পিছলে গভীর পানিতে পড়ে ডুবে যেতে থাকে। এ সময় ছোট বোনকে বাঁচাতে এগিয়ে যায় বড় বোন সামিয়া। তাকে ধরতে গিয়ে সামিয়াও পানিতে তলিয়ে যায়।
তিনি আরও জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তাদের এক চাচা হুমায়ুন কবির ওই পুকুরে গোসল করতে নামেন। এ সময় পানির নিচে তাঁর পায়ে একটি শিশুর দেহ স্পর্শ করলে সন্দেহ হয়। পরে তিনি পানির নিচ থেকে সামিয়ার নিথর দেহ উদ্ধার করেন। এরপর পুকুরে তল্লাশি চালিয়ে ছোট বোন সানিয়ার দেহও উদ্ধার করা হয়।
পরে স্থানীয়রা দুই শিশুকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই বাড়ির বাসিন্দা শিরিন আক্তার জানান, বিল্লাল হোসেনের তিন মেয়ের মধ্যে সামিয়া ও সানিয়া ছিল বড়। তাদের ছোট বোন মরিয়ম আক্তারের বয়স দুই বছর। নিহত দুই বোন বাড়ির পাশের আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। সামিয়া ছিল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং সানিয়া প্রথম শ্রেণিতে পড়ত।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানায়, তিনি একজন সাংবাদিকের কাছ থেকে ঘটনাটি শুনেছেন। ঘটনার সত্যতা যাচাই ও বিস্তারিত খোঁজখবর নিতে একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, খবর পাওয়ার আগেই শিশু দুটির দাফন সম্পন্ন হয়েছে।